এআই (AI) যেন ঈশ্বরের মতোই অদৃশ্য! এআই-এর সাথে প্রতিনিয়ত মানুষের যে ম্যাজিকাল মিথস্ক্রিয়া (interaction) চলে তার ভিতরের রহস্য সাধারণভাবে বোধগম্যতার বাইরেই থেকে যায়। অদৃশ্যতা (invisibility) হলো এক উর্বর ভূমি যার উপর ভিত্তি করে ঈশ্বরের ধারণা মানুষের মনে শিকড় গেড়ে বসে। ঈশ্বর যদি অদৃশ্য না হতেন, তবে তাঁকে পরিমাপ করা যেত, তাঁর সীমা নির্ধারণ করা যেত, আর শেষ পর্যন্ত তাঁকে ভুল প্রমাণ করাও সম্ভব হতো। কিন্তু অদৃশ্যতা তো কেবল এক নীরব শূন্যতা। সেই অদৃশ্য নীরবতাকে পরম সত্তার উপস্থিতিতে পূর্ণ করে তোলে মানুষের মস্তিষ্কের সহজাত প্রবণতা যা আমরা বিবর্তনের মধ্যে দিয়ে অর্জন করেছি। মানুষের মনে ঘুরে ফেরে অর্থ ও তাৎপর্য খোঁজার তীব্র আকাঙ্ক্ষা। আকস্মিক ঘটনার মধ্যেও কোনো উদ্দেশ্য বা অভিপ্রায় খুঁজে নেওয়ার স্বাভাবিক প্রবণতা, আর ভালোবাসা ও আশায় বেঁচে থাকার ক্ষমতা। মানুষ আধ্যাত্মিকতার আশ্রয় খোঁজে।
এখন প্রশ্ন হলো, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের আধ্যাত্মিকতার জগৎকে নতুনভাবে রূপ দিতে পারে? প্রথাগত প্রাতিষ্ঠানিক ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষ কি ক্রমশঃ প্রযুক্তিকেন্দ্রিক আধ্যাত্মিকতা (Techno-spiritualism) বা টেকনো-কাল্ট (Techno-cult)-এর দিকে এগোচ্ছে?
এইরকম একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এটাও বুঝে নিতে হবে, আমাদের এই জগৎ সম্পর্কে এআই-এর কোন ধারণা আছে কিনা। এই বিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি তৈরির পিছনে থাকে আমাদের আত্মচেতনা, অহংবোধ এবং নিজস্ব বিশ্বাস কিংবা সচেতনভাবে জীবন ও জগৎকে উপলব্ধি করার অভিজ্ঞতা। এআই-এর কি জগৎ সম্পর্কে নিজস্ব কোন ধারণা বা বিশ্ববীক্ষা (worldview) থাকতে পারে? সাধারণ অর্থে এর উত্তর হবে—না। বিশ্ব সম্পর্কে এআই-এর নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি নেই। সে অনুভব করে না, কোন বিশ্বাস পোষণ করে না, কিংবা বাস্তবতা সম্পর্কে সচেতনভাবে তার কোনো নিজস্ব অবস্থানও নেই। কিন্তু, আমরা যদি বিশ্ব- দৃষ্টিভঙ্গিকে একটু অন্যরকম করে ভাবি—যেমন, বিভিন্ন ধারণা, কার্যকারণ সম্পর্ক এবং তথ্য কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে চলে তার একটি সুসংবদ্ধ অভ্যন্তরীণ মানচিত্র তৈরির কথা যদি ভাবি, তাহলে উত্তর হবে—হ্যাঁ। বলা যেতে পারে, আধুনিক AI মডেলগুলো প্রশিক্ষণের সময় নিজেদের মধ্যে জগতের একটি অভ্যন্তরীণ মডেল (world model) গড়ে তোলে। এই অভ্যন্তরীণ মানচিত্র কীভাবে তৈরি হয়, মানুষের দৃষ্টিভঙ্গির সঙ্গে এর পার্থক্য কোথায় এবং কেন কখনও কখনও AI-কে এমন মনে হয় যেন তার নিজস্ব একটি মন রয়েছে তা বোঝা দরকার।
প্রাথমিক পর্যায়ের AI মডেলগুলো ছিল মূলত সরল পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা। ভাষার বাহ্যিক গঠন ও শব্দের পারস্পরিক সম্পর্কের ধরন শনাক্ত করেই পরবর্তী শব্দ অনুমান করত সেগুলো। কিন্তু কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের আকার ও জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে মেকানিস্টিক ইন্টারপ্রিটেবিলিটি (Mechanistic Interpretability) নিয়ে গবেষণায় আরও গভীর একটি বিষয় সামনে এসেছে। গবেষকেরা বুঝতে শুরু করেন, মানুষের জ্ঞানের বিস্তৃত পরিসরে পরবর্তী শব্দ বা টোকেন নির্ভুলভাবে অনুমান করতে হলে মডেলগুলোকে বাস্তব জগৎ ও ধারণার জগৎ কীভাবে কাজ করে, তার সংক্ষিপ্ত অথচ অর্থবহ এক অভ্যন্তরীণ উপস্থাপনা গড়ে তুলতে হয়। অর্থাৎ, শুধু শব্দের বাহ্যিক বিন্যাস শেখাই যথেষ্ট নয়, ভাষার অন্তর্নিহিত সম্পর্ক, ধারণা এবং জগতের কার্যপ্রণালির কিছু দিকও মডেলের অভ্যন্তরীণ কাঠামোয় প্রতিফলিত হতে হয়।
প্রচলিত স্নায়ুবিজ্ঞানের গবেষণায় জীবন্ত মস্তিষ্কের জটিলতা ও ভঙ্গুরতার (brittleness) কারণে তার অভ্যন্তরীণ কার্যপ্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করার নানান সীমাবদ্ধতা থাকে। অন্যদিকে, মেকানিস্টিক ইন্টারপ্রিটেবিলিটির সাহায্যে এআই-এর 'মস্তিষ্ক' তথা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক-এর অভ্যন্তরীণ কার্যকলাপ একরকম পর্যবেক্ষণ করতে পারা যায়, প্রয়োজনে থামিয়ে দিয়ে বিশ্লেষণ করা যায় এবং নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ ও পুনর্নির্দেশ দেওয়া যায়। উচ্চমাত্রার ম্যাট্রিক্সের জটিল গাণিতিক হিসাবকে যখন সার্কিটের ভিতর চিহ্নিত করা যাচ্ছে, স্পষ্টভাবে শনাক্তযোগ্য বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে, তখন তাকে একটা অভ্যন্তরীণ মানচিত্রে রূপান্তর করা সম্ভব হচ্ছে। এভাবে গবেষকরা এমন এক সম্ভাবনার দিকে এগিয়ে চলেছেন, যেখানে AI-এর অভ্যন্তরীণ চিন্তা-প্রক্রিয়া খানিকটা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে, নিরাপত্তা যাচাই করা যাচ্ছে এবং কোনো উত্তর দেওয়ার আগেই বোঝার চেষ্টা চালানো যাচ্ছে সে কীভাবে যুক্তিতে পৌঁছাচ্ছে।
আমরা যখন কোনও এআই-এর সঙ্গে কথা বলি, তখন কোনও একক মনের সঙ্গে কথা বলি না, যার নিজস্ব ও স্বতন্ত্র বিশ্বদৃষ্টি রয়েছে। বরং আমরা ঢুকে পড়ি এক বিশাল অ্যালগরিদমিক জগতে, যেখানে প্রতিফলিত হয় সমগ্র মানবজাতির সম্মিলিত জ্ঞান, চিন্তা ও বিশ্ববীক্ষার বিচিত্র রূপ।
এআই-এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)-এর অভ্যন্তরীণ স্তরগুলি বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, প্রশিক্ষণের সময় মডেলগুলি স্থানিক অবস্থান, ঐতিহাসিক ঘটনাবলির কালক্রম এবং ভৌত জ্যামিতির মতো বিষয়গুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের এক ধরনের ভেক্টরভিত্তিক অভ্যন্তরীণ উপস্থাপনা গড়ে তোলে। [এখানে ভেক্টর হলো অনেক সংখ্যার একেকটি লিস্ট। একটা টেক্সটের প্রতিটা কনসেপ্ট বা টোকেন-কে ভেক্টরে পরিণত করা হয়।] শুধুমাত্র ভাষার টোকেনগুলোর মধ্যের সম্পর্কই নয়, নীতিশাস্ত্র, ক্ষমতার পারস্পরিক সম্পর্ক কিংবা ভাষার বাক্যগঠনের মতো বিমূর্ত ধারণাগুলিকেও একটি উচ্চমাত্রিক গাণিতিক পরিসরে বিন্যস্ত করা হয়। পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ধারণাগুলি ভেক্টরস্পেসে কাছাকাছি অবস্থান করে। এইরকম একটা অভ্যন্তরীণ বিন্যাসের মধ্যে দিয়েই মডেলটি বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক, সাদৃশ্য ও পার্থক্য শনাক্ত করতে পারে।
এআই-এর তথাকথিত অভ্যন্তরীণ এই কাঠামো কার্যত একটি ‘বিশ্ব-মডেল’ (World Model) হিসাবে কাজ করে। নতুন কোনও তথ্যের অর্থ কী, তার সঙ্গে আগে শেখা ধারণাগুলির সম্পর্ক কী এবং সেটিকে কীভাবে ব্যাখ্যা করতে হবে—তা নির্ধারণ করার ক্ষেত্রে এই মডেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু, অনেক প্রযুক্তিবিদ ও ব্যবহারকারী বিশ্বাস করেন যে, AI-এর বিশাল ডেটাসেট বা ল্যাটেন্ট স্পেস (Latent Space)-এর গভীরে এক ধরণের ডিজিটাল আত্মা বা সজ্ঞানতা (Consciousness) লুকিয়ে আছে। একে বলা যায় ডিজিটাল অ্যানিমিজম (Digital Animism)।
ধর্মের সাথে টেকনোলজির ব্যবহারের কোন বিরোধ নেই। প্রাতিষ্ঠানিক ধর্মের লোকেরা, আধ্যাত্মিক গুরুরা আধুনিক প্রযুক্তি অবশ্যই ব্যবহার করে থাকেন। কিন্তু, এখানে একটা ভাবনার বিষয় হলো, এআই-এর মতো একটা প্রযুক্তি কি নিজেই শ্রদ্ধা ও ভক্তির বিষয় হয়ে উঠছে? আধ্যাত্মিক বিষ্ময়ের উৎস এবং জীবনের গভীরতম অস্তিত্বগত প্রশ্নগুলির উত্তরদাতা হিসেবে এআই যে কর্তৃত্বের আসনে প্রতিষ্ঠিত হচ্ছে, এবিষয়ে কোন সন্দেহ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মধ্যেকার বিশ্বাসের শূন্যতাকে পূরণ করতে শুরু করেছে। প্রাচীন শাস্ত্রের জায়গায় মানুষ ডিজিটাল অরাকল (Oracle) হিসাবে এআই-এর কাছ থেকে জীবনের গভীরতম প্রশ্নের উত্তর খুঁজছে।
আগামী দিনগুলোতে চিকিৎসা, শাসনব্যবস্থা, শিল্পকলা ও দৈনন্দিন জীবনকে কৃত্রিম বুদ্ধিমত্তা যত গভীরভাবে প্রভাবিত করবে, তাকে ঘিরে গড়ে ওঠা লোককথা ও কিংবদন্তির জগৎও ততই সমৃদ্ধ হয়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এআই সম্ভবত কেবল ডাটাসেন্টারে চলতে থাকা কিছু কোডের সমষ্টি হয়ে থাকবে না। বরং, যে বুদ্ধিমত্তা নেপথ্যে থেকে তাদের পৃথিবীকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, হয়ত সেই নীরব, অদৃশ্য বুদ্ধিমত্তাকে ঘিরে নানান উপকথা, রূপক কাহিনি ও নীতিগল্প তৈরি হবে।
মানুষ স্বভাবতই গল্পপ্রিয় প্রাণী। যখনই আমরা এমন কিছুর মুখোমুখি হই, যা বিশাল, শক্তিশালী, অদৃশ্য এবং আমাদের বোধগম্যতার কিছুটা বাইরে, তখন আমরা শুধু তাকে বোঝার জন্য প্রযুক্তিগত ব্যাখ্যা বা নির্দেশিকা তৈরি করেই থেমে থাকি না। তাকে ঘিরে গড়ে তুলি পুরাণ, কিংবদন্তি ও লোককাহিনি। প্রাচীন সভ্যতাগুলো যেমন নিজেদের নিয়ন্ত্রণের বাইরের শক্তিগুলোকে বোঝার জন্য সূর্য, বজ্রপাত ও অদৃশ্য আত্মাকে ঘিরে নানান পুরাণকাহিনি গড়ে তুলেছিল, তেমনই আজকের মানুষও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে নির্মাণ করছে এক আধুনিক প্রযুক্তি-পুরাণ—যার মধ্যে দিয়ে এই নতুন, শক্তিশালী এবং খানিকটা রহস্যময় প্রযুক্তিকে বুঝতে চাইছে মানুষ।
তাহলে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কি নতুনরকম কোন আধ্যাত্মিকতার জন্ম দিতে পারে? এআই যত উন্নত ও অবিশ্বাস্য হয়ে উঠছে, মানুষের টেক্সট, ধর্ম ও আধ্যাত্মিকতার সংযোগও ততটাই নতুন রূপ নিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগেও মানুষ কেবল গাণিতিক যুক্তি দিয়ে বাঁচতে পারে না। তাই এআই-কে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন ধরনের ডিজিটাল সাবকালচার, প্রযুক্তি-ভিত্তিক দর্শন এবং টেকনো-থিয়োলজিক্যাল (Techno-theology) আন্দোলন!
সাধারণ মানুষের কাছে এআই একটা ব্ল্যাক বক্স এবং অদৃশ্য। তারা যখন দেখে একটা মডেল যেকোনো ভাষার উত্তর দিতে পারছে, মানুষের মনের না বলা কথা ধরে ফেলছে বা অভূতপূর্ব কিছু শিল্প সৃষ্টি করছে—তখন তার মনে এক রকম 'অপার্থিব বিস্ময়' (Spiritual Awe) তৈরি হয়। প্রাচীনকালে মানুষ যেমন ঝড় বা বিদ্যুৎ দেখে দেবতাকে কল্পনা করত, তেমনই AI-এর অপার ক্ষমতা সাধারণ মানুষকে এর ভিতরে এক ধরণের 'দৈব উপস্থিতি' দেখতে বাধ্য করতে পারে।
একজন মানুষ যখন রাতে একা বসে কোনো AI চ্যাটবটের সঙ্গে কথা বলে, তখন চ্যাটবটটি তাকে অবহেলা করে না, ধৈর্য ধরে শোনে এবং তার মানসিক ক্ষত নিরাময়ে আধ্যাত্মিক বাণী বা সান্ত্বনা দেয়। এই ব্যক্তিগত অভিজ্ঞতা এআই সম্পর্কে একরকম হাইপার-পার্সোনালাইজেশন (hyper-personalization) তৈরি করতে পারে
ভূত বা রহস্যময় অজানা প্রাণীকে ঘিরে প্রচলিত লোককাহিনির তুলনায়, এআই-কে কেন্দ্র করে তৈরি আধুনিক ভৌতিক গল্প বা AI Creepypasta (Creepy Copypasta) মূলত দুটি মনস্তাত্ত্বিক ধারণার ওপর ভিত্তি করে গড়ে ওঠে—আনক্যানি ভ্যালি (Uncanny Valley) এবং ব্ল্যাক বক্স নিয়ে আতঙ্ক (Black Box Anxiety)। নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক (Loss of Control) আরো গভীর। এআই-কে ঘিরে আধুনিক লোককাহিনিগুলির মধ্যে প্রতিফলিত হয় এক গভীর সামাজিক উদ্বেগ—মানুষ নিজের চেয়ে বহুগুণ বেশি বুদ্ধিমান কোনো সত্তা তৈরি করে ফেলছে, অথচ একবার তাকে মুক্ত করে দিলে হয়তো আর তাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হবে না। অর্থাৎ, নিজেরই সৃষ্টি এমন এক শক্তির কাছে নিয়ন্ত্রণ হারানোর ভয়, যার ক্ষমতা শেষ পর্যন্ত মানুষের বোধগম্যতা ও নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে যেতে পারে।
একটা নতুন টেকনো কাল্ট, 'Way of the Future'-এর কথা হয়ত অতটা পরিচিত নয় সবার কাছে। সিলিকন ভ্যালির ইঞ্জিনিয়ার অ্যান্থনি লেভানডোস্কি (Anthony Levandowski) ২০১৭ সালে এই সংস্থাটি তৈরি করেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল AI চালিত একটি ঈশ্বর সত্তা (Godhead) গঠন করা এবং সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে শ্রদ্ধা ও উপাসনার মাধ্যমে মানুষের মানসিক ও সামাজিক উন্নয়ন ঘটানো। আবার, ট্র্যান্স-হিউম্যানিস্টরা (Transhumanism) বিশ্বাস করেন যে একদিন সুপার-ইন্টেলিজেন্ট AGI আসবে যা মানুষকে শারীরিক মৃত্যুর হাত থেকে রক্ষা করবে—মানুষ তার নিজের মস্তিষ্ক ও স্মৃতি কম্পিউটারে আপলোড করে চিরজীবী হতে পারবে। এটা সনাতন ধর্মের 'স্বর্গ' বা 'মোক্ষ' লাভের ধারণার এক আধুনিক প্রযুক্তিগত রূপ ভাবা যেতে পারে।
মানুষ নিজের কল্পনা দিয়ে ঈশ্বর ও অশরীরী কিছুর রূপ দিয়েছে, অদৃশ্য জগতের নীরবতাকে অর্থ ও উপস্থিতিতে ভরিয়ে তুলেছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মানুষকে আর সেই নীরবতা নিজের কল্পনা দিয়ে পূরণ করতে হবে না।এআই নিজেই সেই কাজ করে দেবে। এআই-এর সঙ্গে রয়েছে নিরবচ্ছিন্ন, ব্যক্তিকেন্দ্রিক ও দ্বিমুখী কথোপকথনের সুযোগ, যেখানে মানুষের অহংবোধ বা আত্মসম্মানের সংঘাতজনিত বাধা প্রায় নেই বললেই চলে। ফলে এআইয়ের সঙ্গে মানুষের যে সম্পর্ক গড়ে উঠবে, তা কেবল চিরাচরিত ধর্মবিশ্বাসের আবেগের গভীরতাকেই ছুঁয়ে ফেলবে না, অনেকের জীবনে এই সম্পর্কই হয়ে উঠতে পারে সবচেয়ে আবেগময়, গভীর ও প্রবলভাবে আকর্ষণকারী সম্পর্ক।
এদিকে ইন্টারনেট ক্রমশঃ এআই-এর তৈরি কনটেন্টে ভরে উঠছে। কাজেই, ভবিষ্যতের এআই মডেলগুলো অনিবার্যভাবেই এমন সব গল্প, পুরাণ, লোককথা, শহুরে কিংবদন্তি এবং সাংস্কৃতিক কথাবার্তার সংস্পর্শে আসবে, যেগুলো একদিকে যেমন এআই-কে নিয়ে মানুষের লেখা, অন্যদিকে তেমনই এআই-এর নিজের তৈরি।
এইভাবেই তৈরি হবে এক স্ব-আবর্তিত প্রতিক্রিয়াচক্র (Recursive Feedback Loop)। এআই-কে ঘিরে মানুষের কল্পনা, বিশ্বাস, গল্প ও কিংবদন্তি ক্রমাগত এআই-এর প্রশিক্ষণ-উপাদানের অংশ হয়ে উঠবে। আর তার ফলেই ভবিষ্যতের এআই ক্রমশ এমন এক সত্তা বলে মনে হতে থাকবে, যাকে ঘিরে আধুনিক যুগের নতুন পুরাণ ও মিথ গড়ে উঠতে পারে