শহরের সব নিস্তব্ধতা তখন নদীর ঘাটে এসে জমা হয়। আর জমা হলেই জলের শরীর থেকে একটা অদ্ভুত শব্দ নিবিড় হয়ে উঠে আসে ঘাটের সিঁড়ি বেয়ে। এইসময় নদীর কাছে বসে থাকলে মনেই হয়না একটা জমজমাট শহরের মধ্যে দিয়েই বয়ে যাচ্ছে জলের শরীর।
আমেরিকার হাডসন নদীর ধারে এরকম সন্ধে নামে না। সেখানে শহর আর নদী পাশাপাশি থাকলেও অন্ধকার নামলে নদী নিজেকে এরকম আড়াল করে নিতে পারেনা। প্রায় কুড়ি বছর বাদে প্রতীক অনুভব করল ব্যাপারটা। সন্ধে নেমে আসা নদীর ধারে দাঁড়িয়ে সে জলের গা বেয়ে আসা শব্দ শুনতে পেল। তার পাশেই দাঁড়িয়ে থাকা বন্ধু অমিয়র দিকে সে তাকিয়ে দেখল। তাকে ছায়াময় দেখাচ্ছে। তার মাথা নিচু। আবছায়া অন্ধকার উপস্থিতির দিকে তাকিয়ে সে যেন অমিয়র ছায়াকেই প্রশ্ন করল, আমরা এখানে কেন? অমিয় কোন উত্তর দিল না। প্রতীক অবশ্য তার মৌন থাকাটাই টের পেল, অন্ধকারে এর থেকে বেশি কিছু তার বোঝার উপায় ছিল না।
এখানে কেন এলাম আমরা?, প্রতীক দ্বিতীয়বার অমিয়র ছায়ার কাছাকাছি ঘেঁষে একই জিঙ্গাসা আউড়ে দিল অন্য স্বরে।
অমিয় বলল, আধ খাওয়া চাঁদের কবিতা মনে আছে, নেরুদার লেখা?
প্রতীক কবিতার সাথে নির্জন ঘাটে বসে থাকার কোন সম্পর্ক খুঁজে পায়না। বছর পাঁচেক আগে ফেসবুকে হঠাতই অপেক্ষমান বন্ধুর তালিকায় একদিন অমিয়কে দেখে খুব অবাক হয়েছিল সে। যদিও দেশে ফেরার তেমন কোন ইচ্ছা বা সুযোগ কোনটাই তার ছিল না, তবু অন্তত শেষবারের মতো একবার দেশে ফেরার ইচ্ছে জন্ম নিয়েছিল মনে অমিয়কে দেখার পর থেকেই। আবার একটা দোনামোনা ভাবও জন্ম নিয়েছিল আবেগ ফিকে হয়ে যাবার পরে। এতগুলো টাকা খরচ করে স্ত্রী ক্যাথরিন অথবা একমাত্র সন্তান রিমো কেউই আসতে চায়নি। একবারই এসেছিল বিয়ের তিনবছরের মাথায়। ফিরে গিয়ে একটাই রিভিউ পেয়েছিল নিজের দেশ সম্পর্কে, ইন্ডিয়া, মোষ্টলি অ্যা ডার্টি এন্ড করাপ্টেড ল্যান্ড। দিল্লীতে একটা বিজনেস সামিটে যোগদেবার জন্য প্রতীকের কাছে হঠাতই দেশে ফেরার অপ্রত্যাশিত অফার আসে। প্রতীক বুঝতে পেরেছিল এটাই তার শেষ সুযোগ। সাত পাঁচ না ভেবে সে লুফে নিয়েছিল অফারটা। তারপর দিল্লি থেকে সোজা অমিয়র কাছে।
অন্ধকার জমাট হচ্ছে ক্রমশ। প্রতীক কথাগুলো ভাবতে ভাবতে লক্ষ্য করে দুপাশে নদীর পার বরাবর আগাছার রঙ কালো হয়ে গেছে। তার পাশে অমিয় ছাড়া কেউ নেই। দিল্লিতে আসার সুযোগ না থাকলে সে কি আসত এখানে? অকারণে এতগুলো টাকা খরচ করতে গেলে ক্যাথরিন কী কোন প্রশ্ন করতো না? কিন্তু প্রতীকের একটা অমোঘ টান ছিল এখানে আসার। ফেলে যাওয়া শহরটাকে শেষবারের মতো দেখার টান। এই শহরে আমিয় ছাড়া এখন আর কেউ নেই । আমিয়র সুত্র ধরে ফেসবুকে ধরা দিয়েছিল শ্যামল, অনন্ত পাকড়াশি, বিনয় হাজরা। একমাত্র আমিয় ছাড়া প্রতীকের ব্যাচের সবাই শহর ছেড়ে চলে গেছে। শ্যামল ডেঙ্কানলে চাকরি জীবন শেষ করে ওখানেই সেটল্ । অনন্ত জলপাইগুড়ি আর বিনয় আসানসোলে। আমিয়ই একমাত্র মাটি কামড়ে রয়ে গেছে । বাবা-মায়ের একমাত্র সন্তান বলেই দূরে চাকরি পেয়েও শেষ পর্যন্ত গেলনা। এখন মাসিমা মেশোমশাই দুজনেই নেই। অমিয় একা।
প্রতীক সবটাই ফেসবুক থেকে জেনেছিল। অমিয়ই তাকে ফেলে আসা দিনগুলোর কথা লিখত,ছবি পাঠাত। একটু একটু করে সেইসব ছবি আর লেখাগুলো প্রতীককে নেশার মতো পেয়ে বসছিল। তার পাঠানো শেষ ছবিটাই হুবহু আজকের অনালোকিত গঙ্গারধারের ছবি। ছবির নীচে লেখাছিল, “আমাদের কুড়ি কুড়ি বছরের পর....”অমিয় না বলে দিলে তার পক্ষে জীবনানন্দের নাম মনে করা সম্ভব ছিল না।
প্রতীক ফেসবুকে পাঠান অমিয়র ছবিটার সাথে আজকের সন্ধেটা মিলিয়ে দেখবে বলে পকেট থেকে মোবাইলটা বার করতে গেলে অমিয় অন্ধকারের ভেতর থেকে বলে ওঠে, মোবাইলের ছবি একটা ডকুমেনটেশন মাত্র, কুড়ি বছর আগে এইরকম একটা সন্ধে নেমেছিল এখানে, আমি কিন্তু সেই ছবিটার কথা বলতে চেয়েছি। মোবাইলের ছবিটায় নেরুদার কাটা নোখের মতো চাঁদের ছবি নেই। সেদিন ছিল। আজকেও আছে।
প্রতীক একবার চাঁদের দিকে তাকায়, একবার অন্ধকার অমিয়র দিকে।
মনে পড়ছে? পরেরদিন বিকেলে তুই হঠাতই আমেরিকায় চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিলিস। তোর মামার কাছে। ঠিক পনেরদিনের মাথায় তোকে নিয়ে এয়ারপোর্টে গেছিলাম আমি আর অনন্ত। মনে পড়ছে? যদিও সেইদিন আজ আর নেই অথবা নদীতে সেই জল, দুটোর কোনটাই আজ আর নেই। তবে সেদিন তুই চলে না গেলে অন্য একটা ইতিহাস জমা হত শহরে। আজকের এই সন্ধেটা হয়ত আর আসতনা।
প্রতীকের মনে হল অন্ধকার নদীর জলে যে সীমাহীন নৈঃশব্দ চাপা পরে আছে অমিয় তাকে মন্থন করতে চায়। অমিয়র কথার উত্তর দেবার বদলে সিগারেটের প্যাকেট থেকে একটা উইনস্টন সিগারেট তুলে নিয়ে অমিয়র দিকে এগিয়ে দিয়ে বলে, এটা টান। অমিয়র নতুন ব্রান্ডের সিগারেটের প্রতি একটা আকর্ষণ ছিল যৌবনে। প্রতীকের হাতের দিকে তাকালে অমিয় সাদা সিগারেটটাই দেখতে পায় শুধু এবং সেদিকে হাত বাড়িয়ে বলে, লাইটার?
লাইটারের আলোয় অমিয় আর প্রতীক নিজেদেরকে পরস্পর দেখে। আচমকা অন্যরকম আলোর দ্যুতিতে দুজনকেই অচেনা মনে হয়। আলো নিভে গেলে দুটি লাল আলোর কৃত্রিম জোনাকির ওড়াওড়ি অন্ধকারকে আরও রহস্যময় করে তোলে। অমিয়র গলায় হাসির শব্দের সাথে স্বর ফুটে ওঠে, লাইটারের আলোয় তোর প্রিয় গল্পকারের কথা মনে পড়ে গেল , তোর প্রবাসের গল্পকার। নামটা মনে পড়ছে প্রতীক?
প্রতীক সাথে সাথেই জবাব দেয়, ও’হেনরি ! ঠিক বলেছি?
কারেক্ট! গল্পের নামটা মনে পড়ছে?
নাহ্ !
আমি বলি? আফটার টোয়েন্টি ইয়ার্স।
হঠাৎ এই গল্পের কথাটাই তোর মনে হল কেন?
এমনিই। কোন কারণ নেই প্রতীক।
গল্পটা কিন্তু আমার মনে আছে অমিয়। ওটা বন্ধুত্বের গল্প ছিল না। একজন বিট্রেয়ারের গল্প যে নিজেকে সৎ প্রমাণ করতে চেয়েছিল । অ্যাম আই রাইট?
অমিয়র হাসির শব্দ শোনা যায় মৃদু। জলের শব্দের সাথে মিশে যাচ্ছে তার হাসি। ডোন্ট বি সিরিয়াস প্রতীক, আমি শুধু বলতে চাইছিলাম ওপারের হেনরি এপারের জীবনানন্দ এবং আমরা সবাই কুড়ি বছরের দূরত্বে স্থির হয়ে আছি। ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছেনা?
তুই এখনও কবিতা লিখিস?
নাহ্ । বাবা-মা দুজনেই একসাথে সুইসাইড করল। সেদিন থেকেই সব ছেড়ে দিয়েছি।
তুই ফেসবুকে কাকু আর কাকীমার ছবি দিয়ে অনেককিছু লিখেছিলিস। সুইসাইডের কারণটা জানাসনি। অবশ্য সেটা তোর ব্যক্তিগত ব্যাপার।
সেটাও কুড়ি বছর আগের কথা।
আর চাকরি?
চাকরি হয়ত একটা জোগাড় করা যেত। চেষ্টাও করিনি।
কেন?
কোন কারণ নেই প্রতীক। এমনিই। বাবা-মার রেখে যাওয়া টাকায় টুংটাং করে চলে যাচ্ছে। ভালই তো আছি। স্বাধীন।
আর অন্তরা?
তার কথা তোর মনে আছে? অমিয় যেন খানিকটা অবাক হয়েছে প্রতীকের কথায়।
আছে। অন্তরার সাথে আলাপের সময় থেকেই তোর কবিতা লেখার শুরু। সেটাও জানি।
সেও হিসেব করে দেখলে বছর কুড়ি আমার সাথে কোন যোগাযোগ নেই। কোথায় যেন সংসার করছে শুনেছিলাম। আজ আর মনে নেই সেসব কথা।
ক্যারামের ঘুঁটি মারার কায়দায় সিগারেটের বাট অন্ধকারে ছুঁড়ে দিয়ে প্রতীক অমিয়র পিঠে ধাক্কা দেয়, আমি বদলে যাওয়া শহরটা নতুন করে দেখব বলে এলাম। এসে দেখলাম শহরটা একই রকম আছে তুই বদলে গেছিস। বদলে যাওয়া শহরের সব অতীত তোর ভেতর বাসা বেঁধেছে। শালা দার্শনিক হয়ে গেছিস পুরো!
অমিয় হো হো করে হাসে প্রতীকের কথায়। যাই বল ভাই আমেরিকায় দার্শনিকের খুব আকাল। ওরা ইন্ডিয়ান দেখলেই দার্শনিক ভাবে!
বাজে কথা ছেড়ে আসল কথায় আয়। প্রতীক ধমকের সুরে অমিয়কে আর একটা ধাক্কা দেয় পিঠে, পরশু চলে যাব, এখানে বসে বসেই দিনগুলো শেষ হয়ে গেল। শহরটাকে দেখাই হলনা!
তুইতো নিজেকেই দেখতে পাচ্ছিস না প্রতীক! অন্ধকার তোকে আমাকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে। আমরা কেউ কাউকে দেখতেই পাচ্ছিনা। শহরতো ইট-কাঠের জঙ্গল। আসলে মানুষ বদলায় ভেতরে ভেতরে, শহর নয়। এই যেমন তুই আমি বদলে গেছি।
অমিয়র কথায় প্রতীকের অভিমান হল কিনা ঠিক বোঝা গেল না। কতদূর থেকে বন্ধুর জন্য ছুটে আসার পর এইসব সেন্টিমেন্টাল কথা শুনতে হবে এটা নিশ্চয় সে আশা করেনি। খানিক গুম হয়ে থেকে সে অমিয়কে কিছু একটা বলতে যাবার উপক্রম করতে না করতেই অমিয় সরব হয়, তোর রুক্মিণী কে মনে আছে?
প্রতীকের মনে হল একদলা ঠান্ডা হাওয়া নদীর দেহ থেকে ধেয়ে এল তার দিকে। শিরশির করে উঠল তার শরীর। অমিয় অন্ধকারে তার কেঁপে ওঠা দেখতে পেলনা।
মনে আছে? না হলে আমিই মনে করিয়ে দি, কদম কাকুর মেয়ে, রিক্সাওলা কদম কাকু। রুক্মিণী ওর নাম ছিলনা। আসল নাম ছিল পিয়া। প্রাইমারিতে পড়তে একবার নাটকে ও রুক্মিণীর পাট করেছিল। সেই থেকে আমরা ওকে ওই নামেই ডাকতাম। মনে পড়েছে?
পড়েছে। কিন্তু এতদিন বাদে এইসব কথা বলে আমাকে....., প্রতীকের কথা শেষ হবার আগেই অমিয় বলে, সেই কুড়ি বছর আগে তুই এই গঙ্গার ঘাটেই এইরকমই অন্ধকারে রুক্মিণীকে একা পেয়ে.....,
তুই থামবি! এসব পুরনো কথা তুলে এনে তুই কী প্রমাণ করতে চাইছিস! নিজে জীবনে কিছু করতে পারলিনা আর এখন...
এত রিয়েক্ট করার কিছু হয়নি। কিচ্ছু প্রমাণ করতে চাইছিনা। আমি তোকে রুকু পাগলীকে দেখাতে নিয়ে যাব। তোকে দেখলে হয়ত ও ভাল হয়ে যেতে পারে, একটা ট্রাই নেওয়া, কেউ কিচ্ছু জানবেনা প্রতীক, সবাই ভুলে গেছে সেসব কথা। বলছিলামনা, শহর বদলায় না, মানুষ বদলায়। তুই আজ আমেরিকার বিখ্যাত বিজনেস টাইকুন আর রুকু এখন পাগলী।
ঘটনার দিন কুড়ি বাদে পুলিশ এসেছিল আমাদের বাড়িতে তোর খোঁজে। বাবা-মা দুজনেই ব্যাপারটায় খুব হতাশ হয়েছিল। মুখে কিছু না বললেও আমাকে তারা ঘৃণার চোখে দেখতে শুরু করে। তাদের ধারণা হয়েছিল আমি নিশ্চয় এই অপরাধের সাথে যুক্ত। সেই মানসিক অবসাদ থেকে তারা দুজনেই কাউকে কিছু না জানিয়ে সুইসাইড করে, আর মানসিক রোগগ্রস্থ রুকু আমাদের যৌবনের সেই লাভলেনের বুড়ো অশ্বথ গাছটার নীচে আশ্রয় নেয়।
একটানা কথা বলে থামে অমিয়। লাভলেনের শান্ত নিরিবিলি ছবিটা ফুটে ওঠে। রাস্তাটাকে মেঘলা করে রাখা একটা অশ্বথ গাছ। সেখানেই মিল কলোনীর ধারে রুক্মিণীদের চালাঘর। হাভাতের ঘরের মুছে যাওয়া অপ্রত্যাশিত সুন্দরী রুক্মিণী যেন নদীর জল ভেঙে দুটি ছায়ার মাঝে স্পষ্ট হয়ে ওঠে।
যাবি?
কোথায়?
তোর শহর যেখানে থমকে আছে! জানি যাওয়াটা খুব কঠিন, কিন্তু যদি যেতে পারিস তাহলে ও’হেনরির গল্পটা আমরা আবার নতুন করে লিখব।
যাবি?
অন্ধকারে প্রতীক কী বলল বোঝা গেলনা। অমিয় তার ছায়ার দিকে চেয়ে রইল অপলক।
লাভলেনের রাস্তা এখন স্ট্রিটল্যাম্পের ঝাপসা আলোয় শুয়ে আছে। বুড়ো অশ্বথগাছের পাতায় পাতায় বাজছে কুড়ি কুড়ি বছরের হাহুতাস।