পশ্চিমবাংলার বিজেপি সরকার সরকারীভাবে ১৮০ দিন পেরোলো। প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষি, শিল্প ও পরিষেবামূলক জায়গাগুলোয় কেমন পরির্বতন হলো, আখেরে জনগণের লাভ কী কী হলো — এসব উত্তর নতুন সরকারের থেকে অজানা রইলো। বিজেপি সরকার এখন খুবই ব্যস্ত পশ্চিমবাংলার সাংস্কৃতিক পরিবর্তন ঘটাতে। এই যেমন শারদীয়ায় কী খাওয়া উচিৎ কী নয়, দুর্গাপূজোয় কোন বই থাকা উচিৎ, কোন বই থাকা উচিৎ নয় ইত্যাদি। এসবে জনগণের কী লাভ হলো, সরকারের থেকে এর উত্তর মিললো কই? বরং, এগুলোকে সামনে রেখে আড়াল করা হলো মূল বিষয়গুলোকে। সেইসবই হলো এই প্রবন্ধের মূল বিষয়বস্তু, যা এই ছয় মাসের সরকারকে জনগণ বিরোধী সন্ত্রাসী, ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব ফ্যাসিবাদী প্রমাণ করতে যথেষ্ট।
গ্রামীণ কৃষির দুরাবস্থা
পশ্চিমবাংলার অর্থনৈতিক উন্নতিতে জমির সাথে কৃষকের সম্পর্ক প্রধান, এই সম্পর্ককে আরও সুনিবিড় করে ভালোর দিকে নিয়ে গেলেই যে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রকৃত উন্নয়ন হতে পারে, এমনটা বিজেপি সরকার একদমই মনে করে না। তাই পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান ও উত্তরবঙ্গের কিছু জায়গায় আরএসএস ও বিজেপির নেতারা সরকারী মন্ত্রীদের আশীর্বাদে চাষের জমি দখল করেছে, গেরুয়া হনুমানের ঝান্ডা পুঁতে। অনেক ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ — ১৩, ৭, ২০ বিঘা করে প্রায় একশ কৃষকের জমি দখল করা হয়েছে নতুন সরকারের এই কয়েক মাসে। কিছু ছোটো জমির কৃষকেরা জানান, তাঁদেরকে হুমকি দিয়ে বলা হয়েছে যে, অর্ধেক জমি না দিলে সেই জমি সম্পূর্ণ কেড়ে নেওয়া হবে, তাঁদেরকে ভূমিহীন কৃষক হয়ে আজীবন কাটাতে হবে। এখানকার বিজেপির নেতৃত্ব, মন্ত্রীরা এর দায় ঝেড়ে ফেলেন এবং তদন্ত করে দেখবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই তদন্ত প্রক্রিয়া এখনও শুরু হয়নি, কৃষকের জমি ফেরত পাওয়া আশা নেই। বীরভূমে তৃণমূলের অনুব্রত মণ্ডলের ক্ষমতাকালে বাউল শিল্পী পূর্ণ দাস বাউলের জমি দখল হয় ২০২০ সালে। বিজেপি ক্ষমতায় এলে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাও এখনও সম্পূর্ণ ফেরত পাননি বেচারা বাউল শিল্পীর পরিবার।
তাহলে এই জমিগুলোতে কী হচ্ছে? আসলে এই জমিগুলো দখল করে কিছু জায়গায় আরএসএস ও বিজেপির নেতারা নিজেদের পার্টি অফিস খুলেছে, অনেককে লাঠি খেলা শেখাচ্ছে। আবার, কিছু জায়গায় ভূমিহীন কৃষকদের দিয়ে চাষ করাচ্ছে এবং পরিবেশ বিরোধী, শ্রমিক বিরোধী অবৈধ ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করছে। যা পশ্চিমবাংলার গ্রামে একই সাথে ভোগ ও বিকৃত পণ্যায়নের সম্পর্ক গড়ে তুলছে। অর্থাৎ, ছয় মাসের নতুন সরকার কৃষি ব্যবস্থায় ও গ্রামীণ অঞ্চলে কিছু নতুন কায়দার সামন্ততান্ত্রিক শোষণ ও কিছু বিকৃত পুঁজিবাদী সম্পর্কের নতুন চরিত্র গড়ে তোলার দিকে নিয়ে যাচ্ছে। তাই ফসলের ন্যূনতম দাম নির্ধারণের বদলে বিজেপি সরকার গত আর্থিক বছর অনুযায়ী ৫৮ লক্ষ মেট্রিক টন ধান কেনবার পরিবর্তে এবছর ২৪ লক্ষ মেট্রিক টন ধান কেনবার ঘোষণা করেছে এবং ল্যান্ড পুলিংয়ের মতন নানা নতুন আইনি পদ্ধতি এনেছে। ফলে, পশ্চিমবাংলার রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা, জনগণের ক্রয় ক্ষমতা — ভয়ানক বিপদের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আরও অনেকখানি বেড়ে গেছে।
শহুরে শিল্প, শ্রমিকের শোচনীয়তা
এখানে শিল্পের মাধ্যমে রাজ্যের অর্থনীতি ও জনগণের ক্রয়ক্ষমতার উন্নতি করতে গেলে প্রথমেই শ্রমনিবিড় সংগঠিত শিল্পক্ষেত্রগুলোতে নজর দেওয়া দরকার। এ কথা ক্ষমতায় আসবার আগে প্রতিটি রাজনৈতিক দলই বলে, বিজেপিও তাই বলেছিল। কিন্তু, এ সরকারের আমলেও বাস্তবতা ঠিক এর বিপরীতে। তবে তা আগের সরকারগুলো তুলনায় অনেকটাই আলাদা। এ সরকার খোলাখুলিভাবে মালিক-কর্পোরেট সংস্থাগুলোর পক্ষে এবং শ্রমিকের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তাই চটকলে সবচেয়ে বিতর্কিত শ্রমিক বিরোধী ‘চিনা তাঁত’(S4A loom)-কে পুরোপুরি জায়গা করে দিচ্ছে। সমস্ত বিভাগের শ্রমিকদের উপরে তিন থেকে চারগুণ কাজের বোঝা বাড়িয়েছে স্বল্প মূল্যের মজুরিতে, এবং, শ্রমিকদের ন্যূনতম অধিকারগুলো লুঠ করতে মালিক-কর্পোরেটের হয়ে সরাসরি ময়দানি লড়াইয়ে নেমেছে। সেই কারণে কারখানার ভেতরের আন্দোলন ও বাইরে ‘গেট মিটিং’ করলে পনের মিনিটে জেলে পাঠানোর হুশিয়ারি দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে, এমনটাই সমস্ত ঘরানার ট্রেড ইউনিয়নগুলো(আর.এস.এস বাদে) জানিয়েছে। এই সরকার নিজেই শ্রমিকদের থাকবার জায়গা ও সঞ্চয়(পিএফ) দখল করবার খেলায় অংশ নিয়ে নতুন স্কীম এনেছে, যার নাম —‘আরবান যোজনা-২’। এইগুলো প্রতিটাই ‘মালিক-কর্পোরেট ও ঠিকাদারদের বাড়তি ছাড় এবং শ্রমিকদের নিষ্ঠুরতম শাসন’ করবার ঘোষিত নীতির অংশ বিজেপি সরকারের। সিংহভাগ শ্রমিকের শারদোৎসবে বোনাস মেলেনি, অনেকে সবেতন ছুটিও পাননি। এখনও বন্ধ কারখানা, শিফট কমিয়ে আধা-খোলা কারখানার সংখ্যাও অনেক রয়েছে। আসলে এই ছয় মাসের মধ্যে চটকলে নানা কায়দায় ঠিকাপ্রথাকে ব্যাপকভাবে লাগু করবার জন্যে নানা প্রকল্প ও আইন এসেছে। কখনও তা একইসাথে সকলক্ষেত্রে, আবার, কখনও তা আলাদা আলাদা বিভাগ ধরে বাস্তবায়িত হয়েছে। নতুন সরকার একই সাথে বিতর্কিত শ্রমিক-বিরোধী শ্রমকোড লাগু করতেও জোর দিচ্ছে।
পাহাড়ের চা বাগানের অবস্থাও আলাদা নয়। এখানকার শ্রমিকের মজুরি অনেকটাই কম। ফলে, চা বাগান শ্রমিকদের ২০ শতাংশ বোনাস অন্যতম প্রধান দাবি ছিলো। এবছর ১০০টির বেশি চা বাগানের শ্রমিকেরা বোনাস পাননি। অনেক চা বাগানের মালিকপক্ষ ১০ শতাংশ বোনাস দিয়েছে। জমির পাট্টা পাওয়ার প্রতিশ্রুতিও পূরণ হয়নি। তাই পুজোর মুখেই মালিকের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু হয়, নতুন সরকার মালিককে বাঁচাতে পাঁচটি বাগানের কর্তৃপক্ষকে গ্রেফতার করে। কিছুদিন পর অনেকে ছাড়া পান। শ্রমিকেরা প্রশ্ন তোলেন — কর্তৃপক্ষকে ধরে কী হবে, টাকা মালিকের কাছে, মালিক কবে গ্রেফতার হবে? এখন বন্ধ বাগানের সংখ্যা প্রায় তিরিশটা।
এরাজ্যে পি.এফ, ই.এস.আই সহ সামাজিক সুযোগ-সুবিধানহীন অসংগঠিতক্ষেত্রের শ্রমিকের পরিমাণ প্রায় ২ কোটি। এঁদের কাজের সময় কমপক্ষে ১০-১২ ঘণ্টা, ন্যূনতম মজুরি কাগজে বাড়লেও বাস্তবে বাড়ে না, এমন অভিযোগ বহুদিনের। বাইরের রাজ্য কেরালা, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি জায়গায় অনেকটাই বেশি মজুরি মেলার জন্য অনেকেই বাইরে গেলে এরাজ্যে ফেরত আসতে চাননা। নতুন সরকারের ছয় মাসেও এই শোচনীয় অবস্থার পরিবর্তন ঘটেনি। বরং, মিড ডে মিল কর্মীরা এখনও দশ মাসের মজুরি পাচ্ছেন, দুই মাস পাচ্ছেন না। তাঁদের কাজ বন্ধ করে দিতে সরকার ইস্কনকে এর দায়িত্ব তুলে দিতে চাইছে। অঙ্গনওয়ারির কর্মীদের জন্য ছয় মাসের সরকার এখনও কিছু ঘোষণাই করেনি। প্রতিশ্রুতি মতন গিগ শ্রমিকদের জন্য আলাদা ‘ওয়েলফেয়ার বোর্ড’ এখনও গঠিত হয়নি। তাঁরা বলছেন — আমরা নতুন সরকারের আমলেও ‘অ্যাপের দাস’। তাই সরকার বদলিয়েছে, কিন্তু, আমাদের মালিক বদলায়নি, মজুরিও বাড়েনি। অর্থাৎ, কর্পোরেট-ঠিকাদার-সরকারের জোট এই ছয় মাসেই প্রকাশ্যে। যা শহরাঞ্চলে বাজার বহির্ভূত, অসাধু উপায়ের সামন্ততান্ত্রিক শোষণ ও বিদেশি-দেশি কর্পোরেটের শোষণ ব্যাপক হারে বৃদ্ধি ঘটবার ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা আরও ব্যাপকভাবে তলানিতে ঠেকছে।
ছোট ব্যবসার ভয়াবহতা
গতবছরের তুলনায় এবছর পুজোতে লাভের পরিমাণ ১০ শতাংশ কমেছে ছোট ব্যবসাদারদের। কালী পুজো গেলে আবারও হকার উচ্ছেদ শুরু হবে। এই আশঙ্কা অনেক আগের। ঠিক তাই হয়েছে। অনেক রেল স্টেশন ও রাস্তার দুপাশের হকারদের নতুন করে নোটিশ ধরানো হয়েছে উঠে যাওয়ার জন্যে। কিছু জায়গায় টেবিল, চেয়ার না পাতার, গ্যাস না জ্বালানোর কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে দিন ১৫ মধ্যেই উচ্ছেদ প্রকল্প চালু করেছিল, যা এখনও অব্যাহত। রাজ্য জুড়ে প্রায় কয়েক হাজার হকার উচ্ছেদ হয়েছে। এসব জায়গা কোথাও বিদেশি-দেশি কর্পোরেট সংস্থাগুলোকে দেওয়া হয়েছে। আবার, কোথাও নেতা, মন্ত্রীরা সামন্ততান্ত্রিক-জমিদারি কায়দায় দখল করেছে। এই ব্যবসায়িক জায়গাগুলো দখল করে আর.এস.এস ও বিজেপির জমিদারিত্বের নতুন শাখা শিবিরকেন্দ্র, পার্টি অফিস গড়ে উঠেছে। এই যেমন ঘাটালে, ৩৫০-র বেশি ছোট দোকান ভেঙে আর.এস.এসের পার্টি অফিস তৈরি হয়েছে। এসবটাই হয়েছে দেশিয় হকারীর গণতান্ত্রিক আইন, ভেন্ডিং আইন(২০১৪)-কে ধ্বংস করে। তাই ন্যূনতম সার্ভে ছাড়াই নতুন বিজেপি সরকার এভাবে উচ্ছেদ চালাচ্ছে। শহরের বেশিরভাগ হকারেরা বলছেন — আগে আমরা কমপক্ষে ২০০ টাকা রোজগার করতাম। এখন দোকান নেই। তাই গ্রামে ফিরে যাচ্ছি। এরপর হয়তো রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হবে, অভিবাসী শ্রমিক হয়ে।
২০২০ সালের তথ্যানুযায়ী পশ্চিমবাংলায় হকারের সংখ্যা প্রায় ১৬ লক্ষ। পরিবার সাপেক্ষে এরই সাথে আরও অনেকে জড়িত। গ্রাম ও শহরে নানা জায়গায়(কৃষি বা শিল্পে) রোজগার কমে গেলে বা বন্ধ হয়ে গেলে অনেকেই স্টেশনের ধারে, রাস্তার দু-পাশে হকারী করতেন। অনেকে টোটো চালিয়ে সংসার চালাতেন। অনেকে আবার রাস্তার দুপাশের মূর্তির কারিগর ছিলেন। প্রত্যেকের অবস্থাই খারাপ হয়েছে। গ্রামের গুরু বিক্রি বন্ধ করাতে অনেকের ক্ষতি হয়েছে, গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ব্যবসায়ী, মিষ্টি বিক্রেতাদের লাভের পরিমাণ কয়েক শতাংশ কমেছে। আসলে এগুলো পুরোপুরি ধ্বংস হলে স্বাভাবিকভাবেই এর সাথে জড়িত দেশিয়, ছোট-ছোট উৎপাদনক্ষেত্রগুলোও নিশ্চিহ্ন হবে। রাজ্যের অর্থনৈতিক বিকাশ, দেশিয় পুঁজির বিকাশ সম্পূর্ণ নষ্ট হবে। জনগণের ক্রয়ক্ষমতা কমবে। ফলে, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণই বিদেশি-দেশি কর্পোরেট সংস্থা ও ঠিকাদার এবং সরকার ও তার রাজনৈতিক দলের ক্রীতদাসে পরিণত হতে বাধ্য হবে। এ অভিযোগ অনেক বুদ্ধিজীবী, বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক সংগঠনের।
বৃহৎ দেশি-বিদেশি পুঁজির সেবায় বিশেষ ছাড়
“বেঙ্গল’স বিগ ফাইভ” — এটি কোনও সিনেমা নাম নয়, বিজেপি ক্ষমতায় আসবার পরে এই নামটি উঠে এসেছে। এর মধ্যে পাঁচটি বড় বড় দেশি কর্পোরেট সংস্থার নাম রয়েছে, যাদেরকে বিজেপি রাজ্যের জমি তুলে দিতে চাইছে। এরা হলো — আদানি গ্রুপ, বেদান্ত গ্রুপ, জিন্দালের জে.এস.ডাব্লু গ্রুপ, শ্রীরাম বেরিওয়ালের শ্যাম স্টিল ও জয় বালাজি গ্রুপ। এই ছয় মাসে এদের মোট বিনিয়োগ ২.৫১ লক্ষ কোটি, জমির পরিমাণ ৫৮০ একর। বিজেপি সরকার এদের জায়গা দিয়েছে বেশিরভাগটাই আদিবাসী অঞ্চলে এবং গ্রাম ও আধা শহরে, যেইখানে কৃষি জমি, বসবাসকারী জনগণের নিজস্ব ব্যক্তিগত জমি রয়েছে। এই সংস্থাগুলো মূলত মাটির তলা থেকে খনিজ সম্পদ উত্তোলন ও পরিষেবাভিত্তিকক্ষেত্রগুলোতে বিনিয়োগ করেছে। দেশি-বিদেশি কর্পোরেটের স্বার্থে জনগণের জমি দখল আইনে বিজেপি সরকার তিনটি নতুন পদ্ধতি গ্রহণ করেছে; (ক) Direct land purchase policy; (খ) land pooling; (গ) Unused land Reclaim; এর মধ্য দিয়ে বিজেপি সরকার জনগণের জমি দখল করে দেশি-বিদেশি কর্পোরেট সংস্থাগুলোর থালায় বেড়ে দেবে। এই একই পন্থা গৃহিত হয়েছে — আমূল ও রিলায়েন্সের জন্য নতুন সরকারের পক্ষ থেকে। এরই সাথে বেড়েছে বিদেশি পুঁজির অনুপ্রবেশ, যা বেশিরভাগটাই এদেরকে ঋণ, উন্নত প্রযুক্তি, যন্ত্রপাতি দেওয়া ও জয়েন্ট ভেঞ্চার(Joint Venture) হিসেবে কাজ করবার মধ্য দিয়ে ঘটেছে। বিদেশি পুঁজির প্রত্যক্ষ অনুপ্রবেশ প্রায় একই রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের মত রাজ্যের বিজেপি সরকারও বিদেশি গোষ্ঠী, বিদেশি সরকারের সাথে চুক্তি করতে চলেছে, বিদেশে(পড়ুন, জাপান, ইজরায়েল ইত্যাদি।) কয়েক হাজার শ্রমিক পাঠানোর কথাও উঠে এসেছে। এই চুক্তি আগামীতে হবে বলে অনেকেই আশঙ্কা করছেন। অর্থাৎ, কেন্দ্রের পথ ধরে রাজ্যের বিজেপি সরকারও বেপরোয়াভাবে বৃহৎ দেশি পুঁজি হাতে সমস্ত ক্ষমতা সঁপে দিয়ে আসলে ঘুরপথে বৃহৎ বিদেশি পুঁজিকে সেবা করবার নীতি গ্রহণ করেছে। কেন্দ্র ও রাজ্য — উভয় সরকারই একই সাথে বৃহৎ দেশি-বিদেশি পুঁজিকে সমানভাবে সেবা করছে। তাই ব্যাপক হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামেরও বৃদ্ধি ঘটছে।
সংখ্যালঘুদের উপর অত্যাচার ও আরএসএসের শাখার বৃদ্ধি
পশ্চিমবাংলায় ১ শতাংশ খ্রিস্টান, ২৭ শতাংশ মুসলমান। তাঁদের উপর অত্যাচার অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। খ্রিষ্টানদের উপর ৪৮টি আক্রমণের ঘটনা ঘটলেও পুলিশ এফ.আই.আর নিয়েছে ১৫টি। ১৩ই মে থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩টি জেলায় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে ৬০টি। এর মধ্যে ৫২টি ধর্মীয় স্থানে, যেইখানে মেয়েদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া, মারধর করার মতন ভয়াবহ নৃশংস অভিযোগ সামনে এসেছে। সংখ্যালঘুদের ঘরে ঢুকে জোর করে তুলসির গাছ লাগানোর মত নানা অভিযোগও রয়েছে। এইধরনের সমস্ত অভিযোগই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব ফ্যাসিবাদী আর.এস.এসের বিভিন্ন শাখা সংগঠন ও বিশ্বহিন্দু পরিষদের দিকে। তবে মুসলমানদের উপরে অত্যাচারের ধরণ খানিক ভিন্ন, বেশিরভাগটাই বিজেপির সরকারী ও প্রশাসনিক ক্ষমতার জোরে। যেমন – এস.আই.আর-এ নাম বাদ দেওয়া, সরকারী সুযোগ, সুবিধা থেকে বঞ্চিত করা, বুলডোজার দিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়া, পুশ ব্যাক করা ইত্যাদি। বিজেপির এই ধরণের নিকৃষ্টমানের পন্থার হিংসাত্মক রাজনৈতিক কর্মসূচির ফলে এই ছয় মাসে আর.এস.এসের নানা শাখা সংগঠনগুলো ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে — আর.এস.এসের সাধারণ সম্পাদক হোসেবালে সংবাদমাধ্যমে তাই জানিয়েছেন। আর.এস.এসের লিখিত শাখা সংগঠনের সংখ্যা এখন ১২,৫০০টি। নিউটাউনে পাঁচ তলার নতুন অফিস, ‘কেশব স্মৃতি’ তৈরি হয়েছে, কলকাতা মানিকতলার পুরোনো ‘কেশব ভবন’ এখন উত্তরাঞ্চলের সদর দপ্তর। বিজেপির ছয় মাসে পশ্চিমবাংলায় আর.এস.এসের বৃদ্ধি, আর.এস.এসের উত্তর ভারতীয় নেতাদের প্রত্যাশার চেয়ে অনেকখানি বেশি। এর ফলেই পশ্চিমবাংলার সমাজে বর্ণবাদী-সামন্ততান্ত্রিক শাসন ও শোষণ চরিত্র বদলিয়ে আরও হিংসাত্মক রূপ নিচ্ছে।
ব্রাহ্মণ্যবাদী অগ্রাসন ও পুলিশের বাড়তি ছাড়
পশ্চিমবাংলার মুক্ত চিন্তার আংশিক পরিসর যেইটুকু অবশিষ্ট ছিলো তাও শেষের মুখে দাঁড়িয়ে। এটি ভালোভাবে বোঝা গেল — বাগেশ্বর বাবার ‘পাখণ্ডী’ বক্তব্যে এবং বিশ্ব হিন্দু পরিষদের নিরামিষ খেতে বলার ফতোয়ার প্রসঙ্গের সময়কে ধরে। পশ্চিমবাংলার রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ পদাধিকারী শুভেন্দু অধিকারী সরাসরি নেমে পড়লেন বাঙালির শারদোৎসবের আক্ষরিক অর্থের পরির্বতনে। তিনি জানালেন — দুর্গাপূজো বলতে হবে ও সনাতন ধর্মের বাইরে কেউ মূর্তিতে হাত দেবে না। সম্পূর্ণ ক্ষমতা দিলেন পুলিশ-প্রশাসনকে এবং সনাতন ধর্মকে সরাসরি রাজনীতির ময়দানে নামিয়ে আনলেন। এগুলো আর.এস.এসের মতাদর্শগত রাজনৈতিক কর্মসূচি, হিন্দু রাষ্ট্র তৈরির লক্ষ্যপূরণের ঘোষিত ডাক। এই ধরণের নিকৃষ্টমানের হিংসাত্মক রাজনৈতিক জোরের সক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্গাপূজোর প্রথম তিনদিন প্রগতিশীল, গণতান্ত্রিক, বামপন্থীদের বইপত্রের স্টল ভাঙতে নামে আর.এস.এস। একই সঙ্গে, প্রধানত, এই সাংস্কৃতিক পরির্বতনের লক্ষ্যেই যাদবপুর, প্রেসিডেন্সি, এস.আর.এফ.টি.আই সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাঙ্গণে সরকারী মদতে হামলা চালানো হচ্ছে। যা এখনও অব্যাহত রয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বইপত্রের মৌলিক পরির্বতন, এনকাউন্টার, মেয়েদের পোশাকের বিধি, আইনের শাসনের বিপরীতে গিয়ে পুলিশ কাস্টডিতে অভিযুক্তকে যথেচ্ছ অত্যাচার করা, রাস্তায় হাফ প্যান্ট ও খালি পায়ে ঘোরানো, বিরোধী নেতাদের ঘরবাড়ির উপরে বুলডোজার চালানো, সরকারী মদতে সমস্ত থানায় কালীপূজো, কেন্দ্রীয় এজেন্সিগুলোর হাতে অতিরিক্ত শক্তিপ্রদান করা — ইত্যাদি এগুলো সবই সাংস্কৃতিক পরির্বতন ও ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্বের অগ্রাসন, ফ্যাসিবাদী রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ধরণের হিংস্র ব্রাহ্মণ্যবাদী অগ্রাসনের ফলেই বিজেপি সরকারের প্রথম পাঁচ মাসে ২৪৫৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আগের সরকারের শেষ বছরের তুলনায় পাঁচ গুণ বেশি।
উপসংহার
এই ছয় মাসে পশ্চিমবাংলার আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিবেশ, পরিস্থিতিতে বেশ কিছু পরিমাণগত পরির্বতন ঘটেছে। সাংস্কৃতিক দিকেও গুণগত পরির্বতন ঘটে চলেছে, যা সরাসরি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তন ঘটাতে, বিজেপির সন্ত্রাসী শাসন তথা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব ফ্যাসিবাদের উত্থানে সহায়ক ভূমিকা পালন করছে। এরই ফলে জনগণের আন্দোলনের বৃদ্ধিও ব্যাপক হারে ঘটেছে। গ্রাম থেকে শহর জুড়ে জনগণই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব ফ্যাসিবাদকে চারিদিক থেকে ঘিরে নিচ্ছে। তবে এই মুহূর্তে প্রতিটি আন্দোলনের মধ্যে কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, প্রকৃতি এবং ভাগাভাগিও রয়েছে। কোথাও জমি, কোথাও মজুরি, বোনাস ইত্যাদির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সংগঠিত হচ্ছে। আবার, কোথাও ন্যূনতম ধর্মীয় পরিচয়, লিঙ্গ-মর্যাদার অধিকারের দাবিতে সংগঠিত আন্দোলন স্বতঃস্ফূর্ততার রূপ নিচ্ছে। এসব আন্দোলনের মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব থাকলেও তা আর.এস.এস পরিচালিত বিজেপি সরকারের আমলে বৈরিতার দিকে না যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আসলে আজ সকল জনগণ, প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তি ও বিপ্লবীদের রাজনৈতিক স্বার্থ ধীরে ধীরে একই বিন্দুতে মিশে যাচ্ছে। এখন জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের দাবিগুলো হয়ে উঠেছে বৈপ্লবিক কর্মসূচি। এই সময়ের পরিষ্কার ও প্রধান বৈপ্লবিক ভাবনা হলো — ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠা করবার লক্ষ্য।