পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

ব্যথার পূজার নৈবেদ্য, ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলার ভালোবাসার পাঠ!

  • 01 January, 1970
  • 0 Comment(s)
  • 204 view(s)
  • লিখেছেন : সুব্রতা ঘোষ রায়
শুরু হয়েছিল ইতালির গ্রাম থেকে একাত্ম হওয়ার চেষ্টা দিয়ে, শেষ হল ভারতের মাটিতে একাত্ম করে থাকা দিয়ে — স্বামী নেই, কিন্তু দেশটা আর ছাড়লেন না। সোনিয়া লিখেছেন, তিনি রাজনীতিতে ক্ষমতার জন্য আসেননি, এসেছিলেন বাধ্য হয়ে। কারণ রাজীব যে দেশের কথা বলতেন, তাকে ছেড়ে যেতে পারেননি। এখানেই বিলংগিং বা একাত্মতা পূর্ণ হয়েছে। আসলে ভালোবাসার গল্পকে দেশের সীমানা দিয়ে মাপা যায় না।

Belonging / A journey of love 
 

অন্তর্ভুক্তি, নিজের বলে অনুভব করা, আপন হয়ে ওঠা। বিলংগিং আর বিকামিং তাই এক নয়। পড়তে পড়তে এই গল্প-স্রোত যেন প্রত্যেক মেয়ের বিলংগিং-এর গল্প হিসেবে আপাতভাবে মনে হলেও নিজেকে প্রশ্ন করি - তাই কি? এ যেন লিঙ্গভেদে নারী এবং পুরুষের বিলংগিং-এর গল্প, হয়ে ওঠার গল্প, টানাপোড়েনের গল্প । সোনিয়া লিখেছেন - বিলংগিং - আ জার্নি অফ লাভ। ভালোবাসার যাত্রা…. ভালোবাসা কী? দুটি ভিন্ন সত্ত্বার ছন্দময় মিলন যা জীবনতরীকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু যাঁর জন্য, যাঁকে নিজের করে পাবার জন্য ও যার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ  করার জন্য নিজের দেশ, নিজের পরিজন ছেড়ে চলে আসা হয়, সে-ই যদি হঠাৎ করে চলে যায়? সেই ব্যথা, সেই যন্ত্রণা মানুষকে যেন শেষ করে দেয়। আর এই ভালোবাসা ও ব্যথা তখন একাকার হয়ে যায়। ভালোবাসার ধিকিধিকি আগুনের শেষ নেই, ভালোবাসা নিজেই এক মহাশূন্য। বিরহের শূন্য খাতেও তখন বয়ে চলতে থাকে ভালোবাসার নৈবেদ্যের অনুচ্চারিত  নিবেদন। ভালোবাসা একটি মানবিক গুণ। সোনিয়ার ‘জার্নি অফ লাভ’ তাই যাঁরা ভালোবাসার এই নীরব তপস্যা বোঝেন, শুধু তাঁদেরই। ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক মানুষের  প্রিয়পাঠ্য বই হয়ে উঠেছে। তাঁর সহজ লেখার পরতে পরতে মিশে আছে বেশ কিছু তর্জমা করে দেওয়া ইতালীয় শব্দ, বাক্য, ইতালীয় শেকড়। তিনি নিজের জন্মগত শিক্ষা সংস্কৃতি খাওয়াদাওয়া বিস্মৃত না হয়ে ভালোবেসে আত্মস্থ করেছেন আপাত-ভিন্ন অন্য পরিবেশ, যার নাম ভারতবর্ষ। অর্জন করেছেন ভারতীয়ত্ব। এ যদি ভালোবাসার যাত্রা না হয়, তবে ভালোবাসা কী? 
   
আত্মকথনে ৭৯ বছর বয়সী সোনিয়া চোখ রেখেছেন তাঁর ফেলে আসা পথে। এতদিনে তাঁর কাছে অনেক অনুরোধ এসেছে তাঁর জীবনের ঘটনাগুলোকে এক সূত্রে এক চলনে বেঁধে রাখার। প্রথমে দ্বিধা ছিল। কিন্তু শেষমেশ যখন তিনি তা লিখতে বসলেন, স্মৃতির ছবিরা যেন বাঁধ ভেঙে  চলে এল। অনেক অংশ লিখতে তাঁর খুব কষ্ট হয়েছে। কিছু অংশ লিখতে তাঁকে সংযমের হাত ধরতে হয়েছে। ব্যক্তিগত পরিসরে অন্যদের প্রতি সম্মান জানিয়ে তিনি যে জীবন-আখ্যান লিখেছেন তা তাঁর নিজের, নিজের মতো করে লেখা। রাজনীতি পাকেচক্রে কিছুটা প্রেক্ষাপট হিসেবে থাকলেও এটি আসলে তাঁর ব্যক্তিগত ভালোবাসার এক চলমান চিত্র। রাহুল, প্রিয়াঙ্কা ও  দুই নাতি, নাতনি রাইহান আর মিরায়াকে  উৎসর্গ করা এই বইয়ের গ্রন্থমন্ত্র, বা মূলকথা, বা প্রারম্ভিক উদ্ধৃতি তিনি নিয়েছেন ঋগ্বেদ থেকে। ঋগ্বেদের সংজ্ঞান  সূক্ত থেকে। যার অর্থ - এক সঙ্গে চলো, এক সঙ্গে বলো, তোমাদের মন হোক এক সুরে গাঁথা। তোমাদের লক্ষ্য হোক এক, হৃদয় হোক এক ছন্দে বাঁধা, তোমাদের চিন্তা হোক সমাহিত, যাতে তোমরা বাস করতে পারো একতায়, পরিপূর্ণতায়। 

অর্থাৎ যেখানে কোন বিভেদ বা বিচ্ছিন্নতার সুর নেই …

এপিলগ বা উপসংহার বাদে ৭টি পর্বে একটু একটু করে বলেছেন তাঁর গল্প। সেই গল্পের ক্যামেরা একটু একটু করে ঘুরে গেছে ইতালি থেকে ভারত আর ভারত থেকে ইতালিতে, পথে পড়েছে আরও নানা দেশ। ইতালি থেকে কেম্ব্রিজে এসে যে মেয়েটার খাবার থেকে আরম্ভ করে নানা কিছুতে অসুবিধে  হচ্ছিল, রাজীবের সঙ্গে পরিচয় হয়ে তা যেন হয়ে গেল রূপকথা, আর সেই ভালোবাসার রূপকথা কখন যেন হয়ে গেল বড় বেরঙিন। জমে থাকা ভালবাসা, কান্না, অপমানগুলোকে  তিনি যেন তাঁর কলমের ডগায় এনে আমাদের দিলেন সময়কে আত্মস্থ করে অনুচ্চকিত ভালোবাসার এক গভীর পাঠ। 


Love & Courtship অধ্যায়টি খুব মিষ্টি, যেন রুপালি পর্দা।


এই বই অনুযায়ী সোনিয়ার শুরুর জীবনটা  এরকম: বাবা Stefano Maino, মা Paola Maino। জন্ম নাম Sonia Maino, জন্ম ৯ ডিসেম্বর ১৯৪৬, Lusiana গ্রামে (Vicenza-র কাছে), বড় হওয়া Orbassano-তে, Turin-এর কাছে। সাধারণ মধ্যবিত্ত, রোমান ক্যাথলিক পরিবার। বাবা পরিবারের অবিসংবাদী প্রধান ছিলেন, অনেকটা ভারতীয় পরিবারের মতোই, বাইরে থেকে উদারমনষ্ক কিন্তু শেষ কথা বাবারই। বাবার চরিত্র খুব কড়া, আসলে কিছুটা রক্ষণশীল। Stefano দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির হয়ে Russian campaign-এ গিয়েছিলেন, সেই যুদ্ধের ভয়াবহতা তাঁকে বদলে দেয়। যুদ্ধের সময় দুই ক্ষুধার্ত রুশ বোনকে নিজের সামান্য রেশন ভাগ করে দিয়েছিলেন, পরে তাদের নামেই দুই মেয়ের নাম রাখেন — Sonia আর Anouchka।সোনিয়ার বিয়েতেও বাবা প্রথমে আপত্তি করেছিলেন, বিয়েতে আসেননি, ঠান্ডা একটা চিঠি পাঠিয়েছিলেন যে দরজা সবসময় খোলা । 


মা Paola ছোটবেলা থেকে শেখাতেন - সকলের থেকে সাবধানে থাকবে, বিশেষতঃ ছেলেদের থেকে । এই ধরনের রক্ষণশীল উপদেশ অনেকটা  ভারতীয় মায়েদের কথার মতোই। নানদের পরিচালিত বোর্ডিং স্কুলে সোনিয়ার পড়াশুনো, সেখানে কড়া নিয়ম-কানুন শেখা, যুদ্ধ-পরবর্তী ইতালির অভাবের মধ্যে বড় হওয়া, কিন্তু পরিবারটা ছিমছাম, সাধারণ। এই পরিবেশটাই পরে ভারতের যৌথ পরিবারে মানিয়ে নিতে তাঁকে হয়তো অবচেতনে সাহায্য করেছিল।


Cambridge শহরটা সোনিয়ার জীবনে টার্নিং পয়েন্ট। ইতালিতে স্কুল শেষ করে ইংরেজি শিখতে ১৯৬৫-তে Bell Educational Trust-এ Cambridge-এ যান। তখন বয়স ১৮-১৯। বাবা-মার কড়া শাসন থেকে প্রথম মুক্তি। ইতালিতে তিনি নিজের ভাষা ছাড়া ফ্রেঞ্চ, রাশিয়ান ও ইংরেজি শিখেছিলেন। ইংরেজি ভাষা ভালো করে শিখতে Jerrett School Of English এবং এরপর Lennox Cook School-এ যান,  যেখান থেকে তিনি Cambridge English Certificate পান। Belonging-এ যেমন লিখেছেন: প্রথমবার নিজের মতো করে বাঁচার স্বাদ পান — হোস্টেলে থাকা, নিজে রান্না, বন্ধুদের সঙ্গে আড্ডা, এই কেম্ব্রিজেই। খুব সাধারণ, লাজুক মেয়ে ছিলেন, পকেটে পয়সা কম। ওখানেই একদিন ভার্সিটি  রেস্তোরাঁয় প্রথম দেখেন এক লাজুক, লম্বা ছেলেকে, রাজীব গান্ধী। পরে গ্রীক রেস্তোরাঁয় পরিচয়। নিজেই লিখেছেন সেই মুহূর্তটা নিয়ে — "I knew, that very instant – it was un colpo di fulmine, a bolt of lightning" - প্রথম প্রেম!  তারপর থেকে ছুটি, লাইব্রেরি, একসঙ্গে সময় কাটানো...। আর আস্তে আস্তে এই কেমব্রিজের  স্বাধীনতাটাই তাঁকে নতুন জীবনের জন্য তৈরি করে দেয়। রাজীব তখন ইম্পিরিয়াল কলেজ, লন্ডনে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেন, সপ্তাহ-শেষে  কেম্ব্রিজ  আসতেন সোনিয়ার জন্য। বইতে প্রচুর চিঠি বা প্রেমপত্রের উল্লেখ আছে। রাজীবের  হাতের লেখা ছোট, গোটা গোটা — খুব সোজাসাপটা প্রেমের কথা লিখতেন। দুই পরিবারেই বিয়েতে আপত্তি। বাবা Stefano Maino তো ভাবতেই পারছিলেন না মেয়ে বিদেশে চলে যাবে, তাও ভারতের মতো অচেনা দেশে। ইন্দিরা গান্ধীও প্রথমে চিন্তিত ছিলেন, ভাষা, সংস্কৃতি, রাজনীতি, পরিবার...নানা চিন্তা ছিল। সোনিয়া নিজেও দোটানায় ছিলেন। একদিকে ইতালির সাধারণ জীবন, অন্যদিকে অজানা ভারত। বিয়ে ঠিক হয়ে গেল। শেষ পর্যন্ত রাজীব বলেন, "আমি তোমাকে ছাড়া থাকতে পারব না।" সোনিয়াও ঠিক করেন ‘belong' করতে হলে পুরোপুরি করতে হবে। ১৯৬৮-র ২৫ ফেব্রুয়ারি দিল্লিতে খুব সাধারণ, ছোট অনুষ্ঠানে বিয়ে — শুধু কাছের মানুষ। কোনো জাঁকজমক না, ইন্দিরা নিজে শাড়ি-গয়না বেছে দিয়েছিলেন।

সোনিয়া লিখেছেন, বিয়েটা তাঁর কাছে শুধু প্রেম ছিল না, ছিল একটা নতুন দেশ, নতুন পরিবারে পুরোপুরি মিশে যাওয়ার সিদ্ধান্ত।সোনিয়ার দিল্লি আসার গল্পে বচ্চন বাড়িটাই ওঁর বাপের বাড়ি বা  মাইকা হয়ে উঠেছিল… ১৩ জানুয়ারি ১৯৬৮, ভোর ৫:১৫-তে দিল্লির পালাম এয়ারপোর্টে নামেন। নিতে এসেছিলেন রাজীব, সঞ্জয় আর তাঁদের বন্ধু অমিতাভ বচ্চন। অমিতাভ তখনও স্টার হননি, কলকাতায় কর্পোরেট চাকরি করতেন। ইন্দিরা গান্ধী চাননি বিয়ের আগে হবু বৌমা প্রধানমন্ত্রীর বাড়িতে থাকুক। তাই ঠিক হয় পুরোনো এলাহাবাদের পারিবারিক বন্ধু হরিবংশ রাই বচ্চন আর তেজি বচ্চনের বাড়ি - ১৩, উইলিংডন ক্রিসেন্ট-এ থাকবেন সোনিয়া। প্রায় ৪৫ দিন ছিলেন ওখানে। তেজি বচ্চন - যেন মায়ের মতো। বাড়ির বারান্দায় জ্যাকেট-প্যান্ট আর ফরাসি স্কার্ফ পরা ছোটখাটো তেজি বচ্চন হাসিমুখে জড়িয়ে ধরেন। সোনিয়া লিখছেন - "I felt at once relieved and reassured. She was to become a mother figure, ever ready to help, teach, and counsel me" ভারতীয় রীতি, রান্না, শিষ্টাচার প্রাথমিকভাবে ওখানেই শেখা। সোনিয়া পরে তেজীজিকে "তৃতীয় মা" বলতেন - প্রথম মা ইতালিতে, দ্বিতীয় মা ইন্দিরা। পরদিন সকালে আলাপ হরিবংশ রাই বচ্চনের সঙ্গে। সোনিয়ার চোখে শাল জড়ানো, চশমা-পরা কবি যেন গল্পের বইয়ের চরিত্র। উনি মাঝে মাঝে একটু হিন্দি শেখাতেন আর একটা উপদেশ দিয়েছিলেন যেটা সোনিয়া আজীবন মনে রেখেছেন: "You must know, Sonia beti, that in this country it is not what you are that counts, it is what people think you to be." ভোরে শাঁখ আর পূজার ঘণ্টার আওয়াজে ঘুম ভাঙত সোনিয়ার।


বিয়ের অনুষ্ঠান ও ভারতীয় রীতি অনুযায়ী কনের বাড়ির দায়িত্ব বচ্চনরাই নিয়েছিলেন। ফুলের গয়না আর মেহেন্দী অনুষ্ঠান হয়েছিল বচ্চন-বাড়িতেই। চা-স্ন্যাকস, গান-বাজনা সব অমিতাভই কলকাতা থেকে এসে সামলেছিলেন। পরে যখন সোনিয়া-রাজীবের প্রথম সন্তান অকালে জন্মে মারা যায়, তখন মন ভালো করতে তেজি আন্টি তাঁকে একটা কুকুরছানা উপহার দেন - নাম রেশমা। এই সব টুকরো টুকরো কৃতজ্ঞতার স্মৃতি  সযত্নে লিখেছেন।
 

দ্বিতীয় পর্ব Finding My Way – এটা Belonging-এর সবচেয়ে কঠিন আর সুন্দর চ্যাপ্টার। বিয়ের পর নতুন দেশে নিজের জায়গা খোঁজার গল্প। প্রথম ধাক্কা: ১৯৬৮-তে দিল্লি এসে এক বিশাল, অচেনা বাড়ি — ১ সফদরজং। ভাষা জানেন না, খাবার অচেনা, বাড়ির কাজের সহায়ক-সহায়িকাদের সঙ্গে কথা বলতে পারতেন না। বইতে মজা করে লিখেছেন, মেনুতে একটা পদ ছিল "Silicon Cren", পরে বুঝলেন ওটা আসলে Chilli con Carne! 

শাশুড়ি ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী, ব্যস্ত, গম্ভীর, মাঝে মাঝে মেজাজি। সোনিয়া লিখেছেন, তাঁকে ভয়ও পেতেন, শ্রদ্ধাও করতেন। ইন্দিরা কিন্তু আস্তে আস্তে শেখালেন - কীভাবে শাড়ি পরতে হয়, অতিথিদের সঙ্গে কথা বলতে হয়। সোনিয়া নিজেকে তৈরি করতে শুরু করলেন। হিন্দি শিখতে শুরু করলেন, রান্নাঘরে গিয়ে ভারতীয় রান্না দেখতেন। রাজীব তখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট, প্রায়ই বাইরে থাকতেন। সোনিয়া লিখেছেন - "Now that he was leaving, and I felt apprehensive and fragile… At the same time, I was determined to be brave and get on with my efforts to adjust to my new life." – ভয় লাগত, একা লাগত, কিন্তু জেদ ছিল — আমাকে belong করতেই হবে। রাজীব যে কদিন কাছে ছিলেন সে কদিন রাজীবের কাছ থেকে পেয়েছিলেন এক আবেগী, আন্তরিক  সাহচর্য, যার স্মৃতি ছেলে রাহুলের কথায় প্রকাশ্যে এসেছে। কিন্তু কালের পরিহাস, এই সাহচর্য আর বেশিদিন থাকলো না। এই বৈপরীত্য কতটা  বেদনাদায়ক তা কেবল অনুভবের বিষয়। এই বিভাগের  মূল কথা যেন কোনো বিদেশি বউয়ের গল্প না, অন্তর থেকে  একটা সংস্কৃতিকে আপন করে নেওয়ার গল্প। ইতালির বোর্ডিং স্কুলে যে নিয়ম-শৃঙ্খলা শিখেছিলেন, সেটাই এখানে কাজে লাগল। এরপর  তিনি ভগবদ্গীতাও পড়েন, শুধু ভাষা নয়, মন থেকেও ভারতীয় হওয়ার জন্য…


পরের অধ্যায় - Triumphs and Defeats - ১৯৭১ থেকে ১৯৮৪ পর্যন্ত ইন্দিরা-রাজের উত্থান-পতনের ভিতর থেকে সোনিয়ার চোখে দেখা গল্প। Triumph - ১৯৭১ - বাংলাদেশ যুদ্ধে জয়, ইন্দিরা তখন দেশে মা দুর্গা,  বাড়িতে উৎসবের পরিবেশ। সোনিয়া তখন একদম নতুন বউ, এই জয় দেখে গর্বিত। তখন সংসারও গুছিয়ে উঠেছে।  রাহুলের জন্ম ১৯৭০, প্রিয়াঙ্কা ১৯৭২। ধীরে ধীরে অন্ধকার। সঞ্জয় গান্ধীর রাজনীতিতে ঢোকা, তাঁর কিছুটা রাগী স্বভাব নিয়ে সোনিয়া একটু অস্বস্তিতে ছিলেন। এমারজেন্সীর সময় বাড়ির পরিবেশ থমথমে। সোনিয়া রাজনীতি বুঝতেন না, শুধু দেখতেন ইন্দিরা কতটা একা আর চাপে আছেন।১৯৭৭ - ইন্দিরা ভোটে হারলেন। ১ সফদরজং ছাড়তে হল। নিজেদের বাড়ি নেই, উঠলেন ১২, Wellington Crescent-এ, Mohammed Yunus-এর খালি করা বাড়িতে। সোনিয়া লিখেছেন, সেই সময়টায় প্রথম বুঝলেন ক্ষমতা কতটা অস্থায়ী, কাল যেখানে প্রধানমন্ত্রীর বাড়ি, আজ সেখানে সাধারণ ভাড়াটে। রাজনৈতিক হেনস্থা, মামলা, বাড়িতে পুলিশের হানা …এই সবের মধ্যেও ইন্দিরা ভেঙে পড়েননি, সেটা সোনিয়াকে অবাক করেছিল। জয়ের সময় সবাই থাকে, হারের সময় কে থাকে — সেটাই সোনিয়া প্রথমবার দেখলেন। আর তখনই শিখলেন, গান্ধী পরিবারে থাকা মানে শুধু সুখ না, অপমান আর লড়াইটাও ভাগ করে নেওয়া।


 এর পরের অধ্যায় - Rajiv as Prime Minister  —  সবচেয়ে আবেগের। হঠাৎ সব বদলে যাওয়া। ৩১ অক্টোবর ১৯৮৪, ইন্দিরা গান্ধী খুন হলেন। সোনিয়া লিখেছেন, রক্তমাখা শাড়ি, হাসপাতালে দৌড়, জীবনের সবচেয়ে ভয়াবহ দিন। রাজীবের  একদম ইচ্ছে ছিল না প্রধানমন্ত্রী হওয়ার। সোনিয়াও বারবার না করেছিলেন। বইতে লিখেছেন — "আমি ওকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু দেশের পরিস্থিতি ওকে টেনে নিল। প্রথম দু বছর — ৪০৪ সিটে জয়, দেশে একটা নতুন প্রজন্মের আশা। রাজীব কম্পিউটার, টেলিকম, পঞ্চায়েতি রাজের কথা বাড়িতে এসে উত্তেজিত হয়ে সোনিয়াকে বলতেন। সোনিয়া তখনও ঘরের মানুষ। বাচ্চাদের সামলানো, ১০ জনপথ গুছোনো, কিন্তু ধীরে ধীরে দেখছেন স্বামী আর আগের মতো তাঁর একার নেই – পাঞ্জাব, আসাম, শ্রীলঙ্কা  (IPKF), একের পর এক কঠিন সিদ্ধান্ত। রাত জেগে ফাইল পড়তেন রাজীব। তারপর বোফর্স কেলেঙ্কারি — সোনিয়া লিখেছেন, কীভাবে মিডিয়া, বিরোধীরা প্রতিদিন আক্রমণ করত, আর সেটা ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়েছিল। ইতালি থেকে আসা বলে তাঁকেও টার্গেট করা হত। শেষের দিকটা - ১৯৮৯-এ ভোটে হারা। সোনিয়া লিখেছেন, হেরে যাওয়ায় শান্তি পেয়েছিলেন — "আবার আমরা একটা সাধারণ পরিবার হব" ভেবেছিলেন, কিন্তু রাজনীতি তাঁদের পিছু ছাড়েনি। এই চ্যাপ্টারে সোনিয়া বারবার একটা কথাই বোঝাতে চেয়েছেন — রাজীব প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবে দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন, আর তার দাম দিতে হয়েছিল।

Denouement and Aftermath — বইয়ের সবচেয়ে ভারী অধ্যায়। নামেই বোঝা যায়, সব শেষ হয়ে যাওয়ার পর কী পড়ে থাকে। ২১ মে ১৯৯১, শ্রীপেরাম্বুদুর। রাজীব প্রচারে গেছেন, সোনিয়া বাড়িতে। ১৯ বছরের প্রিয়াঙ্কা এসে মাকে খবরটা দেয় । লিখেছেন, "সেদিন আমার জীবনের আলোটা নিভে গেল।" লিখেছেন, রাজীব বারবার বলতেন, রাজনীতি ছেড়ে সাধারণ জীবনে ফিরবেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন। সেই স্বপ্নটা আর সত্যি হল না।


Aftermath - তারপর? 

সবাই ভাবল সোনিয়া এবার প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তিনি ১০ জনপথের ভেতর নিজেকে বন্ধ করে নিলেন। বছরের পর বছর কোনো জনসভা না, কোনো ইন্টারভিউ না। শুধু চিঠি পড়তেন, রাজীবের  স্মৃতি আঁকড়ে থাকতেন। পরস্পরকে আঁকড়ে থাকার ছবি হয়, কিন্তু স্মৃতি আঁকড়ে থাকার কোন ছবি হয় না। কংগ্রেস ভাঙছে, নেতারা আসছেন — "আপনাকে আসতেই হবে।" তিনি লিখেছেন, কীভাবে বারবার না করেছেন, কারণ রাজনীতি তাঁর কাছে তখনও সেই জায়গা যা তাঁর স্বামীকে কেড়ে নিয়েছে। বাচ্চাদের বড় করা, রাহুলকে বিদেশে পাঠানো নিরাপত্তার জন্য, প্রিয়াঙ্কার সঙ্গে সংসার সামলানো। এই সময়টায় মা Paola ইতালি থেকে এসে তাঁকে সামলেছেন। তাঁরা তাঁকে ইতালিতে ফিরে যেতে বলেছিলেন, কিন্তু তিনি ফেরেননি। 

Belonging এখানেই পূর্ণ হয়। শুরু হয়েছিল ইতালির গ্রাম থেকে একাত্ম হওয়ার চেষ্টা দিয়ে, শেষ হল ভারতের মাটিতে একাত্ম করে থাকা দিয়ে — স্বামী নেই, কিন্তু দেশটা আর ছাড়লেন না। সোনিয়া লিখেছেন, তিনি রাজনীতিতে ক্ষমতার জন্য আসেননি, এসেছিলেন বাধ্য হয়ে। কারণ রাজীব যে দেশের কথা বলতেন, তাকে ছেড়ে যেতে পারেননি।


Leading the Congress Party – এই পর্বে সোনিয়া লিখেছেন তাঁর সোনিয়া গান্ধী থেকে ‘সোনিয়জি’ হয়ে ওঠার গল্প —

কেন এলেন রাজনীতিতে? 
১৯৯১-৯৭, তিনি রাজনীতির বাইরে। লিখেছেন, কংগ্রেস তখন টুকরো টুকরো, সীতারাম কেশরী প্রেসিডেন্ট, কর্মীরা হতাশ। চিঠির পর চিঠি - "আপনি না এলে পার্টি শেষ।" ১৯৯৭-এ কংগ্রেসের ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথম মঞ্চে ওঠা, তারপর ১৯৯৮-এ প্রেসিডেন্ট হওয়া। নিজেই লিখেছেন — "I was reluctant, I was afraid, but I felt I had a duty." হিন্দিতে ভাষণ দিতে পারতেন না, প্রথম প্রথম কাগজ দেখে পড়তেন। বিরোধীরা হাসত — "বিদেশি"। বইয়ে মজা করে লিখেছেন, কিভাবে রাত জেগে হিন্দি উচ্চারণ প্র্যাকটিস করতেন, প্রিয়াঙ্কা পাশে বসে ঠিক করে দিত। ১৯৯৯-এ বেলারি থেকে ভোটে জেতা, সুষমা স্বরাজের বিরুদ্ধে লড়াই, সেটাই তাঁর প্রথম নিজের জয়। ২০০৪ - আসল টার্নিং পয়েন্ট: কেউ ভাবেনি UPA জিতবে। ২০০৪-এ জেতার পর সবাই ভাবল তিনি প্রধানমন্ত্রী হবেন। তারপর সেই বিরাট সিদ্ধান্ত — প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেওয়া। বইতে লিখেছেন, এটা কোনো "ত্যাগের নাটক" ছিল না, এটা তাঁর ভিতরের আওয়াজ ছিল — "My inner voice told me to step aside." মনমোহন সিংকে বেছে নেওয়া।বিরোধীরা এটাকে দুর্বলতা বলেছিল, কিন্তু কর্মীদের কাছে এটাই তাঁকে "ত্যাগের প্রতীক" বানালো। তিনি লিখেছেন — তিনি কংগ্রেসকে নেতৃত্ব দেননি, কংগ্রেস তাঁকে একটা পরিবার দিয়েছে যখন তাঁর নিজের পরিবার ভেঙে গিয়েছিল।

তাই এটা ক্ষমতার গল্প নয়, এটা ঋণ শোধের গল্প।

Twenty Years On — ২০০৪ থেকে ২০২৪, UPA-র দুটো টার্ম আর তার পরের বিরোধীপক্ষের সময় — সোনিয়ার চোখে একটা দেশ বদলের কুড়ি বছর। UPA-র শুরুটা: ২০০৪-১৪ কে তিনি বলেছেন - কাজের সময়। মনমোহন সিং প্রধানমন্ত্রী, তিনি চেয়ারপার্সন। লিখেছেন, প্রতিদিন সকালে ১০ জনপথে মিটিং, বিকেলে সরকারের ফাইল না, মানুষের চিঠি। এই অধ্যায়তে RTI, MGNREGA, Right to Education, Food Security Act — এই আইনগুলো নিয়ে গর্ব করে লিখেছেন। বলেছেন, "We wanted growth with a human face."ৎএরপর দ্বিতীয় UPA আর আবার ঝাঁকুনি …২০০৯-এ আবার জয়, কিন্তু তারপর ২জি, কয়লা নিয়ে আক্রমণ। লিখেছেন, মিডিয়া ট্রায়ালে কতটা কষ্ট পেতেন, কিন্তু মনমোহন সিংকে পুরো সমর্থন করেছিলেন। ২০১৩-তে নিজের অসুস্থতা, আমেরিকায় চিকিৎসা — বইয়ে প্রথমবার খোলাখুলি লিখেছেন সেই সময়টার কথা। ২০১৪-এ হার, ২০১৯-এ আরও বড় হার। লিখেছেন, কর্মীরা কাঁদত, তিনি বলতেন — "হারতে শিখতে হয়, ইন্দিরাজী  আমাকে শিখিয়েছিলেন।"


রাহুল আর প্রিয়াঙ্কার রাজনীতিতে আসা নিয়ে মা হিসেবে দ্বিধার কথা লিখেছেন, "I did not want them to go through what I went through, but belonging means you cannot walk away." তিনি আজও সকালে উঠে গীতা পড়েন, আজও ইতালির মা-র রেসিপিতে পাস্তা বানান, আবার বিকেলে সংসদে যান।

 

ভালোবাসার  গল্পকে দেশের সীমানা দিয়ে মাপা যায় না।


কয়েক পৃষ্ঠার Epilogue পর্বেও  ভালোবাসার কথাই লিখেছেন …

….আমি আমার অফিসে ঢুকি, ঘরটার চারদিকে তাকাই, যে ঘর এত কিছুর সাক্ষী - ঐতিহাসিক সিদ্ধান্তের, পার্টি মিটিং-এর, লম্বা সেগুন কাঠের টেবিলে রাজীব যেখানে বসতেন, সেই পিলার ডেস্ক আর চেয়ার যেখানে তিনি গভীর রাত পর্যন্ত কাজ করতেন, তার গায়ে জড়ানো কংগ্রেসের রঙে বোনা অঙ্গবস্ত্রটা।

আমি ড্রয়ার খুলি: তার কলম, ডায়েরি, ভিজিটিং কার্ড, আজও সুন্দর করে সাজানো, প্রিয়াঙ্কার ছোটবেলার একটা আঁকা, কাগজের টুকরোয় রাহুলের লেখা একটা গুডনাইট নোট, দেরাদুনে বাচ্চাদের সঙ্গে আমার একটা ছবি। দূরের দেওয়ালে টাঙানো তার মা-র একটা প্রতিকৃতি, দু-পাশে জওহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর ছবি। এরাই আমার দশকের পর দশক ধরে সঙ্গী থেকেছে — আমার সবচেয়ে গরিব ভোটার থেকে সারা ভারতের আর সারা পৃথিবীর রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার সময়।

যে দেশে আমার জন্ম, সেখান থেকে চলে আসার পর আমি সারা পৃথিবীর মানুষের সঙ্গে দেখা করেছি; আমি কারও সাহস আর আত্মত্যাগে মুগ্ধ হয়েছি, কারও স্বার্থপরতা আর দূরদর্শিতার অভাবে ব্যথিত হয়েছি। জীবনের এই আট দশকে আমি অনেক পৃথিবী ঘুরেছি, জীবনকে তার সব রূপে অনুভব করেছি। আমি অপ্রতিরোধ্য আনন্দ আর যন্ত্রণাদায়ক দুঃখ অনুভব করেছি, আমি সততা আর প্রতারণা দেখেছি, দয়া আর নিষ্ঠুরতা অনুভব করেছি। কিন্তু পথে যত আঘাত আর কষ্টই আসুক, আমাকে বাঁচিয়ে রেখেছে ভালোবাসা। আমার স্বামীর, আমার পরিবারের ভালোবাসা, আর আমার দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা, যারা এত বিশ্বাসের সঙ্গে আমাকে আপন করে নিয়েছে, নিজের করে নিয়েছে — যে ভালোবাসা আমি সমান মাপে ফিরিয়ে দিয়েছি। ভালোবাসাই আমাকে বারবার পথ দেখিয়েছে, যে ভালোবাসা কখনও আমাকে ছেড়ে যায়নি।

Belonging কোনো রাজনৈতিক ভাষণ না, বরং  রাহুল, প্রিয়াঙ্কাকে আর ভারতের মানুষকে লেখা একটা ব্যক্তিগত চিঠি। লিখেছেন — "I have no more public offices to hold, no more elections to fight. I only have a story to tell before I forget the small details." Orbassano-র সেই ছোট্ট মেয়েটা, যে গির্জায় গিয়ে প্রার্থনা করত, আর দিল্লির যে বৃদ্ধা আজও সকালে তুলসী গাছে জল দেন — তাঁরা একই মানুষ। রাজীবকে  মনে করে লিখেছেন — "If you were here, you would laugh at how I still cannot drape a saree perfectly after 50 years."
রাহুল আর প্রিয়াঙ্কাকে বলেছেন — তোমরা ইতালিরও, ভারতেরও। দুটো দেশকে ঘৃণা না করে ভালোবাসতে শেখো, এটাই তোমাদের বাবা শিখিয়েছিল। এই এপিলগটা পড়লে বোঝা যায়, কেন তিনি বইয়ের নাম রেখেছেন Belonging। এটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটা একটা প্রেমপত্রের শেষ পাতা। এই লেখার দৃষ্টি ও মনন তাঁর নিজের । অন্যর চোখে দেখে এই লেখা তিনি লিখতে বসেন নি। তাঁর লেখায় তাই পক্ষপাত নিশ্চয়ই থাকবে । 

তাঁর জীবনের সাদা পাতাগুলো তাঁর জীবনের লেখাতেই তিনি ভরিয়েছেন। স্মৃতি বড় উজ্জ্বল।  সেই  "That January Sunday, which was to change my life, the sky [was] a beautiful azure dotted with puffy white clouds as in a Tiepolo fresco."

রাজীবকে বর্ণনা করেছেন - সেই "Luminous, dark eyes, in a face of striking openness, met mine for the first time... 'How do you do?' I replied. I knew, that very instant – it was un colpo di fulmine, a bolt of lightning.” স্মৃতিচারণ করেছেন - "Often on the weekends Rajiv and I, with a group of friends, would go to the Whim on Trinity Street for tea" - এমন সুন্দর সেই জায়গা যেখানে তাঁরা খেতেন ইংলিশ চা, সঙ্গে স্কোন, ক্লটেড ক্রিম এঁর স্ট্রবেরি জ্যাম…"a place so relaxed that I was told students would sometimes show up for breakfast in their dressing gowns"। স্মৃতি সততই সুখের । রাজীবকে পেয়ে  কেম্ব্রিজ যেন জাদুর ছোঁয়ায় জেগে উঠল - "Cambridge was suddenly magical—never mind the cold, the fog, and the tasteless food!", যেখানে দুটো হৃদয় অনুভব করে  - "For no explicable reason we just knew we belong to each other, heart and soul: a coup de foudre, as the french saying has it.” 
সেখানে Belonging আটকায় কে?
 
মানুষকে ভালোবাসাই বোধহয় সবচেয়ে বড় শিল্প। যে মেয়েটি স্বামীর মৃত্যুর পর তাঁর বোমায় ছত্রভঙ্গ হয়ে যাওয়া শরীর দেখতে পায়নি, যে মেয়েটিকে সেই সময় আগলে রেখেছিল তারই দুটি আপাত ছোট্ট ছেলেমেয়ে, যে মেয়েটিকে তার ইতালীয় মা Paola ছুটিতে বেড়াতে নিয়ে গিয়ে শেখাতেন - সমুদ্রে পাহাড়ে রোদে বিশুদ্ধ বাতাসে কীভাবে বাঁচতে হয়, শাশুড়ি-মা  ইন্দিরা গোলাপ গাছের পরিচর্যা করতে করতে শিখিয়েছিলেন কোথায় বাঁচতে হয় - মাটিতে শেকড়ে,  রাজীব শিখিয়েছেন - কার জন্য, কাদের জন্য বাঁচতে হয়… যাঁর নিজের জীবন তাঁকে শিখিয়েছে স্থিতধী কীভাবে হতে হয়… সেই মেয়েটির কলমের এই উচ্চারণ, এই সৃষ্টি, এই  ফসল তাই ব্যর্থ হতে পারে না। ব্যথার আড়ালে এই বই এক গভীর ভালোবাসার নিবেদন, যেন এক আবহমান প্রেমগাথা... 

0 Comments

Post Comment