পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

দেশভাগ, পশ্চিমবঙ্গের সাহিত্য ও শোকের সাংস্কৃতিক রাজনীতি

  • 01 January, 1970
  • 0 Comment(s)
  • 204 view(s)
  • লিখেছেন : অভিষেক ঝা
শোকের অধিকার নির্ধারণ করার জন্য নয়। কতজন মানুষ দেশ হারিয়েছেন, সেটি ইতিহাসের একটি প্রশ্ন। এ কথা ঠিক যে, পূর্ববাংলা থেকে যত সংখ্যক হিন্দু পশ্চিমবাংলায় চলে এসেছিলেন, পশ্চিমবাংলা থেকে তত সংখ্যক মুসলমান পূর্ব পাকিস্তানে চলে যাননি। কিন্তু মুসলমানের দেশত্যাগের সংখ্যাটি এর চেয়েও অনেক কম হলে কি তার দেশ হারানোর অভিজ্ঞতার গুরুত্ব কমে যেত?

                            

দেশভাগের ফলে পূর্ববাংলা থেকে হিন্দু বাঙালিরা চলে এসেছিল, পশ্চিমবাংলা থেকেও মুসলমান বাঙালিরা চলে গিয়েছিল। এই দুটি ঘটনার প্রথমটি নিয়ে পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দুর সাহিত্যে শোক ও বিলাপের বিপুল বিস্তার রয়েছে। দ্বিতীয় ঘটনাটি নিয়ে তার শোকের পরিমাণ কতটুকু? আরও জরুরি প্রশ্ন, দ্বিতীয় ঘটনাটিকে সে আদৌ নিজের শোকের বিষয় বলে মনে করেছে কি? প্রশ্নটি কেবল পশ্চিমবাংলার দেশভাগের সাহিত্য নিয়ে নয়, পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দুর বঙ্গীয় সংস্কৃতিবোধ নিয়েও।

সৈয়দ ওয়ালীউল্লাহর ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটির কথা ভাবুন। দেশত্যাগী হিন্দু গৃহস্থের ফেলে যাওয়া তুলসীগাছটি নিয়ে একজন মুসলমান লেখক আখ্যান লিখছেন। যে মানুষগুলি চলে গিয়েছে, তাদের অনুপস্থিতি জানান দিচ্ছে সামান্য একটি গাছ। তুলসীগাছটি কেবল দেশত্যাগী হিন্দুর ধর্মীয় জীবনের স্মারক নয়, তার ঘরসংসারেরও স্মারক। যে ঘর সংসার একদিন বাংলারই একটি জনপদের সমাজ ও সংস্কৃতির অংশ ছিল, তার অনুপস্থিতিকে ওয়ালীউল্লাহ তাঁর আখ্যানের বিষয় করে তুলছেন। পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দু লেখকদের মধ্যে ক-জন এমন আখ্যান লিখেছেন? পশ্চিমবাংলায় কি মুসলমানদের ফেলে যাওয়া গোরস্থান ছিল না? মসজিদ ছিল না? ফলের গাছ ছিল না? যে মুসলমানটির বাপ-ঠাকুরদার গোর এদেশে রয়ে গেল, অথচ তাকে চলে যেতে হল পূর্ব পাকিস্তানে, তার দেশ হারানোর জন্য ক-পাতা বরাদ্দ হল পশ্চিমবাংলার হিন্দু ভদ্রলোকের সাহিত্যে? তার অনুপস্থিতিতে এদেশের কী হারাল, সেই খোঁজই বা কতজন লেখক করলেন?

হাসান আজিজুল হকের ‘খাঁচা’, ‘পরবাসী’, হাসান হাফিজুর রহমানের ‘আরও দুটি মৃত্যু’, আখতারুজ্জামান ইলিয়াসের ‘অন্য ঘরে অন্য স্বর’, শওকত আলীর ‘স্ববাসে প্রবাসে’, সেলিনা হোসেনের ‘সোনালি ডুমুর’, তসলিমা নাসরিনের ‘ফেরা’, ‘লজ্জা’ থেকে স্বকৃত নোমানের ‘কালকেউটের সুখ’ পড়ুন। খেয়াল করবেন, ওয়ালীউল্লাহ থেকে স্বকৃত নোমান পর্যন্ত একাধিক প্রজন্মের লেখকের উদ্বেগের বিষয় হয়েছে পূর্ববাংলার হিন্দুর বিপন্নতা ও চলে যাওয়া। দেশভাগ প্রত্যক্ষ করেছেন যাঁরা, কেবল তাঁরাই নন, দেশভাগের কয়েক দশক পর জন্মেছেন যাঁরা, তাঁরাও লিখছেন। শত্রু সম্পত্তি আইনের মাধ্যমে হিন্দুকে তার নিজের দেশে পর করে দেওয়ার ইতিহাস নিয়ে সেলিনা হোসেন উপন্যাস লিখছেন। স্বাধীন বাংলাদেশের সাম্প্রদায়িক সংকট ও হিন্দুর নীরব দেশত্যাগকে আখ্যানের বিষয় করে তুলছেন স্বকৃত নোমান। অর্থাৎ দেশভাগের অব্যবহিত পরের সময়টুকু নিয়েই কেবল তাঁরা লিখছেন না। দেশভাগের মধ্য দিয়ে যে রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়ার শুরু হয়েছিল, পরবর্তীকালে রাষ্ট্র ও সমাজের মধ্যে তা কীভাবে জারি রইল, তারও খোঁজ করছেন তাঁরা। পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দুর সাহিত্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধরনের লেখালেখির দৃষ্টান্ত কতটা রয়েছে?

অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’, প্রফুল্ল রায়ের ‘কেয়াপাতার নৌকো’, জ্যোতির্ময়ী দেবীর ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’, নারায়ণ সান্যালের ‘বকুলতলা পি এল ক্যাম্প’, শক্তিপদ রাজগুরুর ‘মেঘে ঢাকা তারা’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অর্জুন’ থেকে মিহির সেনগুপ্তের ‘বিষাদবৃক্ষ’, সুনন্দা শিকদারের ‘দয়াময়ীর কথা’—হিন্দুর দেশ হারানো নিয়ে পশ্চিমবাংলায় সাহিত্যের বিপুল বিস্তার। এই সাহিত্য বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। দেশভাগের ফলে বাঙালি হিন্দুর জীবনে যে বিপর্যয় নেমে এসেছিল, তার সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক ইতিহাসের অনেকটাই এই সাহিত্য আমাদের কাছে ধরে রেখেছে। এই সাহিত্যে ফেলে আসা পূর্ববাংলার মুসলমান সমাজের জন্যও গভীর মমতা রয়েছে। ‘দয়াময়ীর কথা’ কিংবা ‘বিষাদবৃক্ষ’ তার বড় দৃষ্টান্ত। কিন্তু পূর্ববাংলার মুসলমানকে ফেলে আসার শোক আর পশ্চিমবাংলা থেকে মুসলমান চলে যাওয়ার শোক এক নয়। প্রথমটির মধ্যে দিয়ে হিন্দু উদ্বাস্তু তার হারানো দেশের স্মৃতিকে ফিরে পেতে চায়। দ্বিতীয়টির মধ্যে দিয়ে পশ্চিমবাংলার হিন্দুকে চিনতে হত তার নিজের দেশের মধ্যে ঘটে যাওয়া একটা সাংস্কৃতিক ক্ষতিকে। দ্বিতীয়টি নিয়ে আমাদের সাহিত্যের আয়োজন কতখানি?

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’-এর মতো ব্যতিক্রম নিশ্চয়ই রয়েছে। কলকাতার সঙ্গে গভীর আত্মীয়তা থাকা সত্ত্বেও শাহজাহানকে ভারতে সন্দেহ ও অবিশ্বাসের মুখোমুখি হতে হয়। পূর্ব পাকিস্তানে চলে গিয়েও তার পরিচয়ের সংকট মেটে না। দিব্যেন্দু পালিতের ‘আলমের নিজের বাড়ি’ গল্পটির কথাও এই প্রসঙ্গে মনে পড়ে। দেশভাগের পর ঢাকার একটি হিন্দু পরিবারের সঙ্গে কলকাতার বাড়ি বিনিময় করে আলমের পরিবার ঢাকায় চলে যায়। সম্পত্তির বিনিময় সম্ভব হলেও দেশবোধের বিনিময় যে সম্ভব নয়, সেই সংকটও এই আখ্যানের বিষয়। এই দুটি আখ্যানের বিশেষ গুরুত্ব এইখানে যে, মুসলমানের পাকিস্তানে চলে যাওয়াকে তার নিজের দেশে ফিরে যাওয়া বলে ভাবার যে প্রবণতা রয়েছে, সেই প্রবণতাকেই প্রশ্নের মুখে দাঁড় করায় আখ্যান দুটি। মুসলমানের জন্য পাকিস্তান তৈরি হয়েছিল বলেই পশ্চিমবাংলার মুসলমানের দেশ পাকিস্তান হয়ে যায়নি। যে রাজনৈতিক যুক্তির ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই যুক্তি দিয়ে সেই রাষ্ট্রের দিকে যাত্রা করা প্রতিটি মানুষের দেশবোধকে ব্যাখ্যা করা যায় না। রাষ্ট্রের ভূগোল আর মানুষের দেশবোধের ভূগোল এক নয়।

দেশভাগ-পরবর্তী মুসলমানের বিপন্নতা নিয়ে লেখালেখির প্রসঙ্গে কিন্নর রায়ের ‘ধর্মসংকট’ ও ‘ভারতবর্ষ—১৯৯০’ গল্প দুটির কথাও বলা দরকার। ‘ধর্মসংকট’-এ ষাটের দশকের সাম্প্রদায়িক হিংসার স্মৃতি থেকে নব্বইয়ের দশকের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান পর্যন্ত বাঙালি মুসলমানের নিরাপত্তাহীনতা ও দেশবোধের সংকট ধরা পড়েছে। ‘ভারতবর্ষ—১৯৯০’-এর পটভূমি পশ্চিমবাংলা নয়, বিহার। কিন্তু প্রত্যক্ষ দাঙ্গা ছাড়াও কীভাবে সাম্প্রদায়িক আতঙ্ক তৈরি করে মুসলমানকে বারবার ভিটেমাটি ছাড়তে বাধ্য করা যায় এবং তার সম্পত্তি দখল করা যায়, সেই প্রক্রিয়াটিকে আখ্যানের বিষয় করে তুলেছেন কিন্নর রায়। দেশভাগ, সীমান্ত ও মানুষের বিপন্নতা নিয়ে লেখালেখির প্রসঙ্গে তৃষ্ণা বসাকের নামও মনে রাখা দরকার। তবে এই ধরনের লেখালেখির অস্তিত্ব দিয়ে মূল সমস্যাটিকে অস্বীকার করা যায় না। কোনও একটি সাহিত্যিক প্রবণতা নিয়ে প্রশ্ন তোলার অর্থ সেই প্রবণতার বিপরীতে কোনও সাহিত্যকর্মের অস্তিত্ব নেই বলে দাবি করা নয়। বরং সেই সাহিত্যকর্মগুলি আমাদের সাহিত্যের মূলধারায় কতটা জায়গা পেয়েছে, দেশভাগ সম্পর্কে আমাদের ধারণা গড়ে ওঠার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করেছে, সেটাও বিচারের বিষয়। একটা গল্প লেখা হওয়া আর সেই গল্পের অভিজ্ঞতাটি একটা সমাজের সাংস্কৃতিক স্মৃতির অংশ হয়ে ওঠা এক ব্যাপার নয়। লেখকের পাশাপাশি পাঠক, সমালোচক, প্রকাশক এবং সাহিত্য নিয়ে চর্চা করে এমন প্রতিষ্ঠানগুলিরও ভূমিকা রয়েছে সেই স্মৃতি গড়ে ওঠার ক্ষেত্রে। ফলে প্রশ্নটি কেবল লেখকের দায় নিয়ে নয়, সাহিত্যকে কেন্দ্র করে গড়ে ওঠা গোটা সাংস্কৃতিক পরিসর নিয়েও।  তাই যে সাংস্কৃতিক পরিসরে দেশভাগের সাহিত্য বলতে আমরা যখন প্রধানত হিন্দুর দেশ হারানোর সাহিত্যকেই বুঝতে অভ্যস্ত হয়ে পড়ি,  সেই পরিসরে দেশভাগের সাহিত্য নিয়ে গড়ে ওঠা আমাদের সমালোচনার ধারাটিকেও একটু খতিয়ে দেখার প্রয়োজন হয়।

এই প্রসঙ্গে অশ্রুকুমার সিকদারের ‘ভাঙা বাংলা ও বাংলা সাহিত্য’ গ্রন্থটির কথা মনে আসে। দেশভাগের মতো একটা বিরাট ঘটনার তুলনায় বাংলা সাহিত্যের আয়োজন কতটা অপ্রতুল, তাঁর অনুসন্ধানের অন্যতম বিষয় সেটি। দেশভাগের সাহিত্যে নারী ও প্রান্তিক মানুষের অভিজ্ঞতার অপ্রতুলতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পশ্চিমবাংলা থেকে শিক্ষিত ও সম্পন্ন মুসলমান মহিলাদের চলে যাওয়ার সামাজিক পরিণতি কিংবা বিহারি মুসলমানের পরিচয়সংকটও তাঁর আলোচনার বিষয় হয়েছে। অথচ পূর্ববাংলায় দেশভাগকে কেন্দ্র করে তুলনায় কম সাহিত্য লেখার কারণ খুঁজতে গিয়ে দুই অভিমুখে দেশত্যাগের সংখ্যাগত অসমতাকে তিনি যে গুরুত্ব দিয়েছেন, সেই ব্যাখ্যার মধ্যেও একটা পদ্ধতিগত সমস্যা রয়েছে। দেশভাগের সাহিত্য কতটা লেখা হবে, তার সঙ্গে দেশত্যাগী মানুষের সংখ্যার একটা সরাসরি সম্পর্ক ধরে নেওয়া হচ্ছে। কিন্তু পূর্ববাংলার মুসলমান লেখককে হিন্দুর দেশত্যাগ নিয়ে লিখতে হলে নিজের উদ্বাস্তু হওয়ার প্রয়োজন হয়নি। দেশভাগের ফলে নিজের চারপাশের সমাজটা কীভাবে বদলে যাচ্ছে, সেটাও তো দেশভাগের অভিজ্ঞতা। দেশভাগের অভিজ্ঞতা বলতে যদি আমরা প্রধানত সীমান্ত পেরিয়ে যাওয়া মানুষের অভিজ্ঞতাকেই বুঝি, তাহলে সীমান্তের দুই দিকে থেকে যাওয়া মানুষের সমাজ ও সংস্কৃতিতে দেশভাগ কী ঘটাল, তার একটা বড় অংশ আমাদের আলোচনার বাইরে থেকে যাবে। বাংলা সাহিত্যের নৈঃশব্দ্য নিয়ে প্রশ্ন তুলতে গিয়েও আমরা নিজেরাই কি মুসলমানের দেশ হারানোর ইতিহাস নিয়ে নীরব থাকছি না?

মুসলমানের দেশত্যাগের সংখ্যাটিও অবশ্য এখানে একটু খতিয়ে দেখা প্রয়োজন। জয়া চ্যাটার্জির ‘দ্য স্পয়েলস অব পার্টিশন: বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, ১৯৪৭–১৯৬৭’ গ্রন্থ থেকে জানা যাচ্ছে, দেশভাগের সময়ে নবগঠিত পশ্চিমবাংলায় প্রায় পঞ্চাশ লক্ষ মুসলমান ছিলেন। দেশভাগের অব্যবহিত পরের বছরগুলিতে তাঁদের মধ্যে প্রায় সাড়ে সাত লক্ষ মুসলমান পশ্চিমবাংলা ছেড়ে চলে গিয়েছিলেন বলে একটি আনুমানিক হিসাব দিয়েছেন তিনি। তবে এই বিষয়ে নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ পরিসংখ্যানের অভাবের কথাও জানিয়েছেন। তাঁর গবেষণায় উঠে আসা আরও কয়েকটি তথ্য লক্ষ করার মতো। ১৯৩১ সালে পশ্চিমবাংলার শহরাঞ্চলের জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ ছিল মুসলমান। ১৯৫১ সালের মধ্যে সেই অনুপাত অর্ধেক হয়ে যায়। ১৯৭১ সালে পশ্চিমবাংলার শহরাঞ্চলে প্রতি দশজন মানুষের মধ্যে মাত্র একজন ছিলেন মুসলমান। ১৯৩১ ও ১৯৫১ সালের জনগণনার হিসাব তুলনা করে  তিনি দেখিয়েছেন, কলকাতায় মুসলমান জনসংখ্যার অনুপাত অর্ধেকেরও বেশি কমে গিয়েছিল, নদীয়ার শহরাঞ্চলে  কমেছিল প্রায় তিন-চতুর্থাংশ এবং জলপাইগুড়ির শহরাঞ্চলে কমেছিল নব্বই শতাংশেরও বেশি। নদীয়ার কোনও  কোনও অঞ্চলে দেশভাগের ফলে কার্যত জনবিনিময়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিবর্তনের পুরোটাই মুসলমানের দেশত্যাগের ফল নয়, পূর্ববাংলা থেকে হিন্দুর বিপুল আগমনও এর অন্যতম কারণ। কিন্তু লক্ষণীয়, যাঁদের হাতে কিছু অর্থ ছিল, যাঁদের শিক্ষা ও পেশাগত দক্ষতা ছিল, তাঁদের পক্ষে দেশত্যাগ করা তুলনায় সহজ হয়েছিল। থেকে যাওয়া মুসলমানদের একটা বড় অংশই ছিলেন দরিদ্র, সম্পদ ও সামাজিক যোগাযোগের অভাবে যাঁদের অন্যত্র চলে যাওয়ার সুযোগও ছিল সীমিত। অর্থাৎ দেশভাগের ফলে পশ্চিমবাংলায় মুসলমানের সংখ্যা কমার পাশাপাশি মুসলমান সমাজের অভ্যন্তরীণ শ্রেণিবিন্যাসেও বড় ধরনের বদল ঘটেছিল। পশ্চিমবাংলার সমাজ ও সংস্কৃতি গড়ে ওঠার পরবর্তী ইতিহাস থেকে এই পরিবর্তনকে আলাদা করে দেখার উপায় নেই। নদীয়া কিংবা  জলপাইগুড়ির শহরাঞ্চলের সমাজ ও সংস্কৃতিতে এই পরিবর্তনের অভিঘাত কী ছিল, তার খোঁজ পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দু লেখকদের মধ্যে ক-জন করেছেন? সেই পরিবর্তনের ইতিহাস পশ্চিমবাংলার সাহিত্যে কতটা ধরা পড়েছে?

এ কথা ঠিক যে, পূর্ববাংলা থেকে যত সংখ্যক হিন্দু পশ্চিমবাংলায় চলে এসেছিলেন, পশ্চিমবাংলা থেকে তত সংখ্যক মুসলমান পূর্ব পাকিস্তানে চলে যাননি। কিন্তু মুসলমানের দেশত্যাগের সংখ্যাটি এর চেয়েও অনেক কম হলে কি তার দেশ হারানোর অভিজ্ঞতার গুরুত্ব কমে যেত? একটা বিপর্যয় কত বড়, তা বোঝার জন্য পরিসংখ্যানের প্রয়োজন রয়েছে।  শোকের অধিকার নির্ধারণ করার জন্য নয়। কতজন মানুষ দেশ হারিয়েছেন,  সেটি ইতিহাসের একটি প্রশ্ন। একজন মানুষ দেশ হারালে কী হারান, সেটিই সাহিত্যের প্রশ্ন। প্রথম প্রশ্নটির উত্তর দিয়ে দ্বিতীয় প্রশ্নটির গুরুত্ব নির্ধারণ করতে যাওয়ার মধ্যে একটা গভীর অমানবিকতা রয়েছে। জনসংখ্যার পরিসংখ্যানে কোনও জনগোষ্ঠীর বিপর্যয় তুলনায় ছোট হয়ে আসতে পারে। সাহিত্যে সেই জনগোষ্ঠীর একজন মানুষের বিপর্যয়ও একটা গোটা আখ্যানের বিষয় হয়ে উঠতে পারে। সাহিত্যের কাছে আমাদের প্রত্যাশার একটা বড় কারণ তো সেটাই। সংখ্যার ভিত্তিতে মানুষের শোকের মূল্য নির্ধারণের যে রাজনীতি, সাহিত্য যদি সেই রাজনীতিকেই অনুসরণ করে, তাহলে পরিসংখ্যানের বাইরে মানুষের অভিজ্ঞতাকে জানার জন্য সাহিত্যের কাছে যাওয়ার প্রয়োজনই বা কী?

এখানে অবশ্য পূর্ববাংলা থেকে উদ্বাস্তু হয়ে আসা হিন্দু লেখক এবং পশ্চিমবাংলায় বংশপরম্পরায় বসবাসকারী সাবর্ণ হিন্দু লেখকদের মধ্যে একটা পার্থক্য করা জরুরি। যিনি নিজে দেশ হারিয়েছেন, তাঁর লেখালেখির একটা বড় অংশ জুড়ে তাঁর নিজের দেশ হারানোর অভিজ্ঞতা থাকবে, সেটাই স্বাভাবিক। নিজের জীবনে কী ঘটে গেল, তা বুঝতে, সেই স্মৃতি ধরে রাখতে এবং নতুন করে নিজের জীবন গড়ে তোলার প্রয়োজনেই তিনি লিখবেন। নিজের শোক নিয়ে তিনি কতটা লিখেছেন আর অন্যের শোক নিয়ে কতটা লিখেছেন, তার হিসাব নিয়ে তাঁর নৈতিক অবস্থান বিচার করা সমীচীন নয়। বরং প্রশ্নটি অনেক বেশি করে করা দরকার পশ্চিমবাংলার সেই সাবর্ণ হিন্দু লেখকদের, যাঁদের নিজেদের ভিটেমাটি ছেড়ে কোথাও যেতে হয়নি, অথচ যাঁদের প্রতিবেশীদের একাংশকে ভিটেমাটি ছেড়ে চলে যেতে হয়েছিল। তাঁদের কাছে দেশভাগের অভিজ্ঞতা কেবল পূর্ববাংলা থেকে হিন্দুর আসার অভিজ্ঞতা হওয়ার কথা নয়, পশ্চিমবাংলা থেকে মুসলমানের চলে যাওয়ার অভিজ্ঞতাও হওয়ার কথা। যে জনপদে তাঁরা বরাবর বসবাস করেছেন, সেখানকার মানুষজন, পাড়া-প্রতিবেশীর সম্পর্ক, হাটবাজার, লোকাচার কীভাবে বদলে গেল, সেই বদলটা তো তাঁরাই দেখেছিলেন। নিজের দেশ হারানোর অভিজ্ঞতা নয়, নিজের দেশটার বদলে যাওয়ার অভিজ্ঞতা ছিল তাঁদের সাহিত্যের সম্ভাব্য বিষয়। নিজের বাড়িতে বসবাস করেও একজন মানুষ তার চেনা সমাজের একটা বড় অংশ হারাতে পারেন। অবশ্য সেই সমাজের মানুষগুলিকে তিনি কতটা নিজের বলে ভাবতেন, তার উপরেও নির্ভর করবে সেই হারানোকে তিনি আদৌ কোনও ক্ষতি বলে মনে করবেন কি না।

   পূর্ববাংলা থেকে চলে আসা হিন্দুর ক্ষেত্রে রাষ্ট্র ও দেশের পার্থক্যটি পশ্চিমবাংলার সাহিত্য ও সংস্কৃতিতে বহুল স্বীকৃত। ভারতের নাগরিক হওয়ার পরেও পূর্ববাংলার একটা গ্রাম একজন হিন্দু উদ্বাস্তুর দেশ হয়ে থাকতে পারে। পশ্চিমবাংলার হিন্দু ভদ্রলোক আজও বরিশাল, ঢাকা কিংবা ফরিদপুরের জন্য কাতর হন। সেই কাতরতা তাঁর সাংস্কৃতিক স্মৃতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যে মুসলমানটির পরিবারের সকলকে কিংবা কয়েকজনকে মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার কিংবা বীরভূম ছেড়ে চলে যেতে হয়েছিল, তার ওই একই কাতরতা পশ্চিমবাংলার সাহিত্যে কতটা জায়গা পেয়েছে? মুসলমানের চলে যাওয়ার পিছনে রাজনৈতিক আকাঙ্ক্ষা, নিরাপত্তাহীনতা, সাম্প্রদায়িক নিপীড়ন, অর্থনৈতিক বাধ্যবাধকতা কিংবা পারিবারিক পরিস্থিতি—নানা ধরনের কারণ ছিল। কী কারণে একজন মানুষ দেশ ছেড়েছিলেন, তা দিয়ে তাঁর ফেলে আসা দেশের সঙ্গে তাঁর সম্পর্কটুকু নির্ধারণ করা যায় না। এমনকি পাকিস্তান চেয়েছিলেন যে মুসলমান, পাকিস্তানে গিয়ে তাঁরও কি ফেলে আসা গ্রামের জন্য মন কেমন করতে পারে না? তাঁর রাজনৈতিক আকাঙ্ক্ষার সঙ্গে তাঁর দেশবোধের বিরোধ তৈরি হওয়ার সম্ভাবনাটুকুও যদি আমরা স্বীকার না করি, তাহলে একজন মানুষের জীবনকে তার রাজনৈতিক পরিচয়ের মধ্যেই আটকে ফেলছি না কি? মানুষের রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করা আর তার দেশ হারানোর অভিজ্ঞতাকে অস্বীকার করা এক কথা নয়। হিন্দুর দেশত্যাগকে কেবল তার রাজনৈতিক অবস্থান দিয়ে ব্যাখ্যা না করে যে মানবিক জটিলতার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করেছে আমাদের সাহিত্য, মুসলমানের দেশত্যাগের ক্ষেত্রেও সেই একই মানবিক জটিলতার স্বীকৃতি প্রত্যাশিত ছিল।

দেশ হারানোর সঙ্গে জড়িয়ে রয়েছে সম্পত্তি হারানোর প্রশ্নটিও। জয়া চ্যাটার্জির দেশভাগ সংক্রান্ত গবেষণার বিশেষ গুরুত্ব এইখানে যে, দেশভাগকে তিনি কেবল একটা মানবিক বিপর্যয় হিসেবে দেখেননি। দেশভাগের ফলে সমাজে কার ক্ষমতা বাড়ল, কার ক্ষমতা কমল, সম্পত্তির মালিকানায় কী ধরনের বদল ঘটল, তারও খোঁজ করেছেন। মানুষ চলে গিয়েছে, জমি চলে যায়নি। মানুষ চলে গিয়েছে, বসতবাড়ি, দোকানঘর, ব্যবসার পরিকাঠামো চলে যায়নি। দেশভাগের পর চলে যাওয়া মুসলমানদের মধ্যে যাঁরা আবার পশ্চিমবাংলায় ফিরে আসতে চেয়েছিলেন, তাঁদের সম্পত্তি ফেরত পাওয়ার সরকারি হিসাবটিও এই প্রসঙ্গে লক্ষ করার মতো। ১৯৬৬ সালের ডিসেম্বরে পশ্চিমবাংলা সরকার কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রককে যে হিসাব দিয়েছিল, তাতে দেখা যাচ্ছে, ১৯৬৫ সালের জুন মাস পর্যন্ত পশ্চিমবাংলায় ফিরে আসা মুসলমানদের সম্পত্তি পুনরুদ্ধারের ৩৫,৩৬৪টি বৈধ আবেদন নথিভুক্ত হয়েছিল। তার মধ্যে ১২,৬০৬টি ক্ষেত্রে আবেদনকারীরা তাঁদের সম্পত্তির দখল ফিরে  পেয়েছিলেন। শুধু নদীয়া জেলাতেই এই ধরনের আবেদন ছিল ২৩,৭৫৫টি, যার মধ্যে সম্পত্তির দখল ফিরে  পাওয়ার ঘটনা ৭,১১৫টি, বাকি ১৬,৬৪০টি আবেদন খারিজ হয়েছিল। জলপাইগুড়িতে ১,১৯৭টি আবেদনের মধ্যে মাত্র ২৭১টি ক্ষেত্রে সম্পত্তির দখল ফিরে পেয়েছিলেন আবেদনকারীরা। খারিজ হয়েছিল ৯২৬টি আবেদন। এই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে ‘লেটস রিটার্ন টু আওয়ার ওন হোম: মুসলিম রিটার্ন মাইগ্রেশনস ইন পোস্ট-পার্টিশন ওয়েস্ট বেঙ্গল ১৯৪৭–৬৪’ শীর্ষক গবেষণাপত্রে উদ্ধৃত সরকারি নথিতে। এই হিসাব অবশ্য মুসলমানের হারানো সমস্ত সম্পত্তির হিসাব নয়। যাঁরা আর ফিরে আসেননি, যাঁরা সম্পত্তি ফেরত চেয়ে আবেদনই করেননি, তাঁদের হারানো সম্পত্তি এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। তবু শুধু এই হিসাবটুকু থেকেই দেশভাগের ফলে সম্পত্তির মালিকানা ও দখলস্বত্বে কী ব্যাপক পরিবর্তন ঘটেছিল, তার একটা ধারণা পাওয়া যায়। যাঁরা ফিরে এসেও নিজেদের সম্পত্তির দখল ফিরে পেলেন না, তাঁদের জীবনের পরবর্তী ইতিহাস কী? সেই সম্পত্তিগুলিরই বা পরবর্তী ইতিহাস কী? পশ্চিমবাংলার সাহিত্যে এই দুটি ইতিহাস কতটা জায়গা পেয়েছে?

 বিশেষত কলকাতা ও পশ্চিমবাংলার অন্যান্য বাণিজ্যকেন্দ্রে মুসলমানের দেশত্যাগ, তার সম্পত্তির হাতবদল এবং হিন্দুস্থানি ও মাড়োয়ারি হিন্দু ব্যবসায়ী সমাজের একাংশের অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, তা নিয়ে পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দু লেখকেরা কতটা লিখেছেন? নিরাপত্তাহীনতার কারণে কোনও মুসলমান ব্যবসায়ীকে যদি তার সম্পত্তি বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করে চলে যেতে হয়ে থাকে, তাহলে সেই সম্পত্তির ক্রেতার অর্থনৈতিক ইতিহাসের সঙ্গেও তো দেশভাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। হিন্দুস্থানি ও মাড়োয়ারি হিন্দু ব্যবসায়ী সমাজের একাংশের অর্থনৈতিক প্রতিপত্তি গড়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের সম্পত্তির হাতবদলের ভূমিকা কতটা ছিল, তার তথ্যনির্ভর অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। উদ্বাস্তু কীভাবে সর্বস্বান্ত হল, তার ইতিহাস যেমন দেশভাগের ইতিহাস, উদ্বাস্তুর সর্বস্ব কার সম্পত্তি হয়ে উঠল, তার ইতিহাসও তেমনই দেশভাগের ইতিহাস।

এইখানেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে লেখালেখির সঙ্গে দেশভাগের রাজনৈতিক অর্থনীতি নিয়ে লেখালেখির একটা মৌলিক পার্থক্য রয়েছে। পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দু লেখক সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিস্তর লিখেছেন। কিন্তু সাম্প্রদায়িক হিংসার বিরোধিতা করা আর সেই হিংসার ফলে কার কী অর্থনৈতিক লাভ বা ক্ষতি হল, তার খোঁজ করা এক ব্যাপার নয়। সাম্প্রদায়িকতা কেবল মানুষের ধর্মীয় বিদ্বেষের মধ্যে দিয়ে কাজ করে না, সম্পত্তি ও ক্ষমতার বণ্টনের মধ্যেও তার ভূমিকা থাকতে পারে। সেই ভূমিকার খোঁজ না করলে সাম্প্রদায়িকতার আলোচনা অনেক সময় ব্যক্তিমানুষের নৈতিকতার আলোচনাতেই আটকে থাকে। মুসলমান প্রতিবেশীটিকে দাঙ্গার হাত থেকে বাঁচানোর গল্পটি যেখানে শেষ হচ্ছে, সেই প্রতিবেশীটি পরবর্তীকালে দেশ ছেড়ে চলে গেলে তার সম্পত্তির কী হল, সেইখান থেকে আরেকটা গল্পের শুরু হতে পারত। সেই গল্পে হিন্দুস্থানি ও মাড়োয়ারি হিন্দু ব্যবসায়ী সমাজের একাংশের অর্থনৈতিক উত্থানের ইতিহাসও খতিয়ে দেখার সুযোগ থাকত। যে মানুষটি চলে গেল, তার সঙ্গে যে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কগুলিও ভেঙে গেল, তার জায়গায় কী ধরনের নতুন সম্পর্ক গড়ে উঠল, সেটাও তখন সাহিত্যের বিষয় হতে পারত। দেশভাগের ফলে একটা সমাজ ভেঙে পড়েছিল, কিন্তু দেশভাগের মধ্য দিয়েই আরেকটা সমাজ গড়ে উঠেছিল। প্রথম সমাজটির ভেঙে পড়ার ইতিহাস লিখে দ্বিতীয় সমাজটির গড়ে ওঠার ইতিহাসকে বাদ দিলে দেশভাগের রাজনৈতিক অর্থনীতি অধরাই থেকে যায়।

সাহিত্যে এই ধরনের লেখালেখির অভাবের সঙ্গে আমাদের দেশভাগের স্মৃতি গড়ে ওঠারও একটা সম্পর্ক রয়েছে। পূর্ববাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুর সন্তান-সন্ততির কাছে যেমন তার পিতৃপুরুষের দেশত্যাগের স্মৃতি পৌঁছেছে, পশ্চিমবাংলায় থেকে যাওয়া হিন্দু পরিবারের সন্তান-সন্ততির কাছেও তার পিতৃপুরুষের মুসলমান প্রতিবেশীর দেশত্যাগের স্মৃতি পৌঁছনোর কথা ছিল। প্রথম স্মৃতিটি যে বিপুল পরিমাণে আমাদের সাহিত্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, দ্বিতীয় স্মৃতিটির ক্ষেত্রে তেমনটা ঘটেনি কেন? দেশভাগের স্মৃতি বলতে কেবল নিজের চলে আসার স্মৃতিকেই বোঝাবে কেন? অন্যের চলে যাওয়ার স্মৃতিও তো দেশভাগের স্মৃতি। বাড়ির বড়দের কাছে শোনা গল্প, নিজের জনপদের ইতিহাস এবং সাহিত্যের মধ্য দিয়ে একটা ঘটনা সম্পর্কে পরবর্তী প্রজন্মের ধারণা তৈরি হয়। সেই গল্পে, সেই ইতিহাসে, সেই সাহিত্যে কোনও মানুষ অনুপস্থিত থাকলে পরবর্তী প্রজন্মের ইতিহাসবোধেও তার অনুপস্থিত থাকার সম্ভাবনা থেকে যায়। একসময় এমনও হতে পারে যে, যে জনপদে কোনও একটি জনগোষ্ঠী বহুদিন ধরে বসবাস করেছিল, পরবর্তী প্রজন্ম সেই জনগোষ্ঠীর অনুপস্থিতিকেই ওই জনপদের স্বাভাবিক অবস্থা বলে ভাবতে শুরু করল। দেশভাগের ফলে গড়ে ওঠা একটা জনবিন্যাসকে তখন দেশভাগের আগের বাংলার জনবিন্যাস বলে মনে হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। সাহিত্য কোনও ইতিহাসকে মনে রাখার উপায় যেমন  হতে পারে, তেমনই তার বেছে বেছে মনে রাখার মধ্যে দিয়ে কোনও ইতিহাসকে ভুলে যাওয়ার উপায়ও হয়ে উঠতে পারে।

বাংলাদেশের মুসলমান লেখকেরা হিন্দুর দেশত্যাগ নিয়ে লিখেছেন বলে সেদেশে হিন্দুর উপর ঘটা হিংসার ইতিহাস লঘু হয়ে যায় না। বরং সেই ইতিহাস আছে বলেই তাঁদের লেখার রাজনৈতিক ও নৈতিক গুরুত্ব এতখানি। যে সমাজে তাঁদের নিজেদের ধর্মীয় সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই সমাজের মধ্যেই অন্য ধর্মীয় সম্প্রদায়ের বিপন্নতার ইতিহাস তাঁরা লিখছেন। হিন্দুর বিপর্যয়ের ইতিহাস লিখতে গিয়ে নিজেদের সমাজের ইতিহাসেরও সমালোচনা করছেন তাঁরা। এই লেখালেখির গুরুত্ব বোঝার জন্য বাংলাদেশের সমাজকে  পশ্চিমবাংলার সমাজের তুলনায় বেশি অসাম্প্রদায়িক বলে ধরে নেওয়ার কোনও প্রয়োজন নেই। কয়েকটি সাহিত্যকর্মের দৃষ্টান্ত দিয়ে দুই বাংলার গোটা সাহিত্যিক ইতিহাসের বিচারও সম্ভব নয়। দুই বাংলার সাহিত্যের বিস্তার, প্রকাশনার ইতিহাস, পাঠকসমাজ এবং সাহিত্যিক প্রতিষ্ঠানের মধ্যেও বিস্তর পার্থক্য রয়েছে। কিন্তু সেই পার্থক্যগুলি মাথায় রেখেও একটা সাহিত্যিক প্রবণতা আমাদের সংস্কৃতি সম্পর্কে কী বলে, সেই প্রশ্ন তো তোলাই যায়। এক সমাজের সাম্প্রদায়িকতার ইতিহাস দিয়ে অন্য সমাজের সাংস্কৃতিক পক্ষপাতকে আড়াল করার কোনও যুক্তি থাকতে পারে না। বিশেষত নিজের সমাজের নৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণের কাজে অন্য সমাজের সংখ্যালঘুর বিপর্যয়ের ইতিহাসকে ব্যবহার করা হলে সেই সংখ্যালঘুর প্রতি আমাদের মমতার চরিত্র নিয়েও প্রশ্ন ওঠে।

  শোকেরও একটা সামাজিক ও সাংস্কৃতিক বিন্যাস রয়েছে। অন্য একজন মানুষের বিপর্যয়কে স্বীকার করা আর সেই বিপর্যয়কে নিজেরও বিপর্যয় বলে মনে করা এক কথা নয়। কার শোক তার একার শোক হয়ে থাকবে, কার শোক সকলের শোক হয়ে উঠবে, কার অনুপস্থিতিকে একটা সংস্কৃতির ক্ষতি বলে মনে করা হবে, তার মধ্য দিয়েই একটা জনগোষ্ঠী তার সাংস্কৃতিক আত্মপরিচয়ের সীমানা ঠিক করে। শোকের সাংস্কৃতিক রাজনীতির প্রশ্নটি এইখানেই। পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দুর সাহিত্য দেশভাগকে একটা বিরাট সাংস্কৃতিক ক্ষতি হিসেবে দেখেছে বরাবর। কিন্তু কোন কোন চলে যাওয়াকে সে সাংস্কৃতিক ক্ষতি বলে মনে করেছে, সেই হিসাবটা নেওয়া দরকার। তার বঙ্গীয় সংস্কৃতিবোধের পরিধিটাও তাতে বোঝা যাবে। বঙ্গীয় সংস্কৃতি বলতে সে এমন একটা সংস্কৃতিকে বোঝে যেখানে মুসলমানেরও জায়গা রয়েছে, নাকি এমন একটা সংস্কৃতিকে বোঝে যা গড়ে ওঠার ইতিহাস থেকে মুসলমানকে আলাদা করা যায় না? প্রথমটি অন্তর্ভুক্তির প্রশ্ন, দ্বিতীয়টি সংস্কৃতি গড়ে ওঠার প্রশ্ন। প্রথম ধারণাটিতে মুসলমানের প্রতি উদার হওয়ার অবকাশ রয়েছে, দ্বিতীয় ধারণাটিতে মুসলমানের অনুপস্থিতিতে নিজেরই সাংস্কৃতিকভাবে দরিদ্র হয়ে পড়ার বোধ রয়েছে। মুসলমানকে বঙ্গীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত করার মধ্যেও এমন একটা ধারণা কাজ করতে পারে যে, সংস্কৃতিটার মালিক অন্য কেউ, সে তার উদারতার গুণে মুসলমানকে কিছুটা জায়গা দিচ্ছে। কিন্তু মুসলমানও বঙ্গীয় সংস্কৃতির অন্যতম নির্মাতা, এই বোধের মধ্যে দিয়ে সংস্কৃতির উপর কোনও একটি ধর্মীয় সম্প্রদায়ের একক মালিকানার ধারণাটিই প্রশ্নের মুখে পড়ে। সাম্প্রদায়িক সম্প্রীতির ধারণারও তাই একটা সীমা রয়েছে। প্রতিবেশী হিসেবে মুসলমানকে ভালোবাসা আর মুসলমানকে বাদ দিয়ে নিজের সাংস্কৃতিক পরিচয়কে কল্পনা করতে না পারা এক কথা নয়। প্রথমটির জন্য মানবিকতার প্রয়োজন, দ্বিতীয়টির জন্য প্রয়োজন সাংস্কৃতিক অবিচ্ছেদ্যতার বোধ, অপরের অনুপস্থিতিতে কেবল অপরেরই ক্ষতি হয় না, নিজের সাংস্কৃতিক সত্তারও ক্ষয় ঘটে। দেশভাগের ইতিহাসে কাদের হারানোকে আমরা নিজেদের ক্ষতি বলে মনে করেছি, সেই হিসাবের মধ্যেই কাদের নিয়ে আমরা নিজেদের বাঙালি বলে ভেবেছি, সেই ইতিহাসটিও রয়েছে। দেশভাগের আট দশক পরেও তাই একটি প্রশ্ন বারবার করার প্রয়োজন রয়েছে।   

 মুসলমানও যে বাংলা থেকে চলে গিয়েছিল, শুধু সেই কথা নয়। মুসলমান চলে যাওয়ায় বাংলারও যে কিছু চলে গিয়েছিল, সেই বোধটুকু পশ্চিমবাংলার সাবর্ণ হিন্দুর সাহিত্যে কতটা আছে?

 

পরিসংখ্যানের তথ্যসূত্র:

১. Chatterji, Joya (2007). The Spoils of Partition: Bengal and India, 1947–1967. Cambridge: Cambridge University Press. https://doi.org/10.1017/CBO9780511497384

২. Khan, Nisharuddin (2023). “Let’s Return to Our Own Home”: Muslim Return Migrations in Post-Partition West Bengal 1947–64. Refugee Watch: A South Asian Journal on Forced Migration, Nos. 61 & 62, pp. 88–109. Mahanirban Calcutta Research Group. https://hdl.handle.net/10315/42550

                        --------------------------------------------

 

                           

 

0 Comments

Post Comment