পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

এনকাউন্টার হত্যাকে সমর্থন করলে গণতন্ত্র থাকে কি?

  • 01 January, 1970
  • 0 Comment(s)
  • 202 view(s)
  • লিখেছেন : সুজাত ভদ্র
পাঁচটি ভুয়ো সংঘর্ষে সাক্ষী হয়ে রইলো পশ্চিমবঙ্গ।কিন্তু সবই তো ঘটনা ঘটার পর, পোষ্ট ফ্যাক্টো; এগুলো কোনও নারীর মনে ভরসা "ইন" করলো? তিন তিনটে কিশোরীকে তো আমরা হারালাম। বারুইপুরের পুলিশ কর্তৃক তথাকথিত সংঘর্ষে হত্যা কি সম্ভাব্য "অপরাধী"-র মনে ভয় "ইন" করাতে পেরেছিল? তাহলে গাইঘাটা হলো কি করে? রায়গঞ্জ হলো কি করে? এক একটি ঘটনা, আর এক একটি হত্যাকাণ্ড কি নারীর উপর ধারাবাহিক আক্রমণের, ধর্ষণের ও হত্যার ঘটনার সমাধান?

"যদি আমরা জবুথবু না হই, চারিদিকে কি চলছে  দেখতে শিখি, তাহলে দেখব এক ভীতিপ্রদ আতঙ্কের ছবি" -- ব্রেখট  লিখেছিলেন জার্মানির এক বিশেষ প্রেক্ষাপটে।গত  ৭ অক্টোবর  "সেবা জ্যোতি যাত্রা"  নামক এক সরকারি অনুষ্ঠানে  "হের হিটলার" - এর কায়দায় নাৎসি স্যালুট দিয়ে এ রাজ্যের সাংবিধানিক প্রধান সহ কয়েকজন যখন শপথ নেন তখন রাজ্য জুড়ে আতঙ্কের ছবিটা কী ভয়াবহ হতে চলেছে তা যেন স্পষ্ট হয়ে উঠেছিল।
(ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ৮/১০/২৬)  


       
পাঁচ মাস পেরিয়ে ছয় মাসে পড়েছে নতুন সরকার। এরই মধ্যে পাঁচটি ভুয়ো সংঘর্ষে সাক্ষী হয়ে রইলো পশ্চিমবঙ্গ।কিন্তু সবই তো ঘটনা ঘটার পর, পোষ্ট ফ্যাক্টো; এগুলো কোনও নারীর মনে ভরসা "ইন" করলো? তিন তিনটে কিশোরীকে তো আমরা হারালাম। বারুইপুরের পুলিশ কর্তৃক তথাকথিত সংঘর্ষে হত্যা কি সম্ভাব্য "অপরাধী"-র  মনে ভয় "ইন" করাতে পেরেছিল? তাহলে গাইঘাটা হলো কি করে? রায়গঞ্জ হলো কি করে? এক একটি ঘটনা, আর এক একটি হত্যাকাণ্ড কি নারীর উপর ধারাবাহিক আক্রমণের, ধর্ষণের ও হত্যার ঘটনার সমাধান? এনকাউন্টারে মহিলা মন্ত্রীর কবিতায় উচ্চারিত "ভয়ের অন্ধকার দূরে" চলে যাবে? এনকাউন্টারে ধর্ষণ , খুনের মতো "অপরাধ থেমে যাবে"?
আর, এই সম্বন্ধীয় 
সরকারি ঢক্কা নিনাদের -- শূন্য সহিষ্ণুতার -- প্রকৃত  অর্থই বা কি? একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেই হত্যা করাটাই শূন্য সহিষ্ণুতা? অন্য ভাবে প্রশ্ন তোলা যায়, "সকালে জমা, বিকালে খরচ", অর্থাৎ পুলিশকে আইন বহির্ভূত খুনি বানানোর নিদান, এবং বারংবার আইনরক্ষককে দায়বদ্ধহীন ফ্রী হ্যান্ড দেওয়ার উন্মত্ত ঘোষণার মাধ্যমে উর্দিপরা সংগঠিত বাহিনীকে স্রেফ একটা ঘাতক বাহিনী হতে বলার অপচেষ্টা কি সংবিধান শপথ নেওয়া সরকারের খুনি মানসিকতাকে বেআব্রু করে দিচ্ছে না? সর্বাধিক আতঙ্ক তো সেইখানেই। তবে আশার কথা, নাগরিকের একাংশের ঔদাসীন্য নেই। গেরুয়া রংধারী দেশীয় 'দিমাগী' নাৎসিদের বিরুদ্ধে ধ্বনিত হচ্ছে তীব্র প্রতিবাদ। মানব সভ্যতার রূপালী রেখা এটাই।
    
আমরা সবাই কম বেশি শাসক দল বা বিরোধী দল  হিসেবে বিভিন্ন রাজনেতিক দলের ভূমিকা ও দ্বিচারী রূপ সম্পর্কে সম্যক অবহিত। ভারতের রাজনৈতিক-  রাষ্ট্রনৈতিক ইতিহাসে দ্বিচারিতার, প্রবঞ্চনার কাহিনী মোটেই বিরল নয়। কিন্তু আমার মনে হয়, আর কোনো  শাসক বা বিরোধী  দল বর্তমান ডবল ইঞ্জিনের মতো এতখানি বেশরম, নির্লজ্জ ছিল না। এদের ইকো সিস্টেমও সমান নির্লজ্জতার সঙ্গে সক্রিয়। "মাদার অফ ডেমোক্রেসি"র দাবিদারদের  এবং "গণতন্ত্র বাঁচাও" চিৎকারকগণের এটুকু হয়তো জানা আছে যে, লজ্জা ও সভ্যতা [ আদি গ্রীক গণতন্ত্রের যুগে চালু পরিভাষায় বলা হত aidōs] গণতান্ত্রিক আচরণের আবশ্যিক উপাদান। লজ্জার মৃত্যু ও নির্লজ্জতার সংস্কৃতির  দাপট  গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়।


আমরা পশ্চিমবঙ্গ সহ অন্যত্র এই কালপর্বের মধ্য দিয়ে চলেছি।  গত শতাব্দীর পঞ্চাশের দশকে শ্যামাপ্রসাদের হেফাজতে মৃত্যু নিয়ে যারা এখন আবার সরব, সেটা ঘিরে  নাটকও মঞ্চস্থ হয়েছে, তাঁরাই কিন্তু নিজেদের দলের ধর্ষণ, খুনের অভিযোগে অভিযুক্তদের  নানা অজুহাতে সুরক্ষা দেন;  তখন কোনো কবিতা শোনা যায় না। ধর্ষিতা ও আইনি পথে ন্যায় বিচারের জন্য লড়াকু নারী বিলকিস বানোর সপক্ষে একটা শব্দ শোনা যায় না, কবিতা রচনা তো কোন ছার! ভুলেও কেউ ফিস ফিস করেও বলে না, নারী ধর্ষক, শিশু ঘাতী, খুনিদের এতবছর জেলে রাখার বদলে "জমা খরচ করে দিলেই ভালো হতো"; বরং দেখা গিয়েছিল,প্রথম বারের জেল মুক্তির পরে মালা, মিষ্টি দিয়ে এদের বরণ করেছিল গেরুয়াধারী রাজনৈতিক শক্তি। 


এক কথায়, ক্ষমতায় আসীন হয়ে তারাই নগ্নভাবে ও নিশানা ভিত্তিক আইনবহির্ভূত, সংবিধান বহির্ভূত পুলিশি হত্যার সবচেয়ে বড় প্রবক্তা হয়ে দাঁড়িয়েছে, ও বাস্তবে আইনের শাসনের অন্তর্জলী যাত্রা ঘটিয়ে  নির্লজ্জ খুনি রাষ্ট্রবাদী শাসকের ভূমিকায় অবতীর্ণ। উত্তরপ্রদেশ সরকার নাগরিকদের করের পয়সা ব্যয় কোরে তার মুখ্যমন্ত্রী ও দেশের প্রধান মন্ত্রীর  ছবি পাশাপাশি  রেখে  সংবাদপত্রগুলোর পুরো এক পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়ে নির্লজ্জ ভাবে দাবি করে যে, আইন শৃঙ্খলা নাকি শক্তিশালী হয়েছে এনকাউন্টারে হত্যা করে[ যদিও এই দাবিও অসত্য]। সরকার নিজেই সেই বিজ্ঞাপনে পরিসংখ্যান দিচ্ছে: ২০১৭ সালের মার্চ থেকে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত উত্তর প্রদেশে [ভুয়ো] এনকাউন্টারে ৩১৪ জন "ক্রিমিনাল" নিহত হয়েছে; ১২,২০২ জন আহত হয়েছে (দ্র টাইমস অফ ইন্ডিয়া ৮/১১/২৬ পৃ ৯)। আর, এই ৮ তারিখেই এলাহাবাদ হাইকোর্টের দুজন  বিচারপতি - অচল সচদেব ও অতুল শ্রীধরণ - র ডিভিশন বেঞ্চ উত্তর প্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করে বলেন, উত্তর প্রদেশে নাগরিক অধিকারের হাল লজ্জাজনক। এমনকি পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ চাইলে মেলে না। (দ্র টাইমস অফ ইন্ডিয়া, ডেকান হেরাল্ড, পুবের কলম, ৯/১১/'২৬)। ৪ নভেম্বর অসমের পুলিশ গাইঘাটার অভিযুক্ত বন্দি হত্যার পুলিশি ভাষ্যকে কপি পেষ্ট করলো: ২৬ অক্টোবর গৌহাটির একটি হোটেলে গুলি চালিয়ে পাঁচ জন ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘনকান্ত গগৈকে শিবসাগরের একটি অন্য মামলায় তদন্তের জন্য গৌহাটি জেল হেফাজত থেকে শিবসাগরে নিয়ে যাওয়ার সময়ে হত্যা করা হয়। 


গাইঘাটার সঙ্গে একটাই তফাত : অভিযুক্ত বন্দির আইনজীবী আদালতে জানিয়েছিলেন ভুয়ো সংঘর্ষে হত্যার আশঙ্কার কথা। আদালত অভিযুক্তকে সুরক্ষা দেওয়ার নির্দেশ পুলিশকে দিয়েছিল ( দ্র দি হিন্দু, ৫/১১/'২৬, পৃ ১)! বিজেপি সরকার ২০২১ সালের মে মাসে অসমে ক্ষমতায় আসার পর থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত "সংঘর্ষের ঘটনা" ঘটেছে  ২১০ এবং তাতে নিহতের সংখ্যা ৮০ জনের বেশি, আহতের সংখ্যা ১৮০ জনের বেশী (তদেব)। 


দেখেশুনে মনে হচ্ছে, ডবল ইঞ্জিনের 'সুশাসনের' একটা প্যাটার্ন গড়ে উঠেছে : বিচার ব্যবস্থার নিত্যদিনের কাজকর্মের উপর সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ জারি করা হয়েছে এবং ব্যবস্থাটিকে পুরোপুরি উঠিয়ে দেওয়ার মওকায় আছে। ভারতের কোন স্থান, কোন  প্রদেশকে বধ্যভূমির আদর্শ মডেলে বুলেট ট্রেনের গতিতে পরিণত করা যায় তার জন্য ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যে রাজ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। পশ্চিম বাংলা দ্রুত এগোচ্ছে: ছয় মাসে পাঁচ। 


বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জ, বোলপুর ---  সব কটাই পরিকল্পিত খুন। এবং পাঁচটি ক্ষেত্রেই পুলিশের ভাষ্য বিশ্বাসযোগ্য নয়। বারুইপুরের ঘটনায় বর্তমান নিবন্ধকার অন্যতম মামলাকারী। দুপক্ষের  হলফনামা এক্সচেঞ্জ হওয়া ছাড়া মামলাটির কোনো অগ্রগতিই হয়নি। মানবাধিকার দর্শনের ধারণা অনুসারে, এই জাতীয় ভুয়ো/ সাজানো সংঘর্ষে হত্যা  সভ্যতার লজ্জা। সভ্যতার মৌলিক শর্ত হল, মানবাধিকার সম্মত আইনের শাসন। আর, আইনের শাসন গণতান্ত্রিক কাঠামোর মৌলিক উপাদান। আজ সর্বজনীন ভাবে স্বীকৃত  যে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা ও প্রদান  করা হয় একমাত্র সুষ্ঠু, যুক্তিগ্রাহ্য ন্যায়বিচার ধারণা --- (যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ অভিযুক্ত নির্দোষ, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের যাবতীয় আইনি সুযোগ থাকবে, অপরাধের চরিত্র নির্বিশেষে, একজন নিরপরাধ যেন ভুলভাবে সাজা না পায়, স্বাধীন আদালতই একমাত্র ন্যায়বিচার করার অধিকারী ইত্যাদি)--- সমন্বিত আইনি থাকবন্দি কাঠামোর মাধ্যমে, যেখানে অভিযুক্তের একাধিকবার আবেদনের সুযোগও  থাকবে। ভুয়ো বা সাজানো সংঘর্ষে  হত্যা এই সমস্ত উপাদানকে, আইনি স্থাপত্যকে ধ্বংস করে দেয়। পরিবর্তে দেখা দেয় এক স্বেচ্ছাচারী, নৃশংস দানবীয় খুনি কাঠামো। সমাজের হিংসা রোখার নাম করে রাষ্ট্রীয় আইন রক্ষক বাহিনী নিজেই ঘাতক বাহিনীতে পরিণত হয়। 


ভারতের অবিভক্ত অন্ধ্র প্রদেশ, কেরালা সহ অন্যান্য রাজ্যর মতোই পশ্চিমবঙ্গও ঘর পোড়া গরু। বোধহয় সবচেয়ে বেশি। গত শতাব্দীর সত্তরের দশকে রাষ্ট্রীয় নিপীড়নের দুটো নতুন অশ্রুতপূর্ব আক্রমণের মুখোমুখি হয়েছিল ভারত, লাতিন আমেরিকার চিলি, গুয়াতেমালা, ব্রাজিল, আর্জেন্টিনা সহ একাধিক দেশ: বলপূর্বক নিখোঁজ, এবং ভুয়ো সংঘর্ষে হত্যা। আন্তর্জাতিক মানবাধিকার অভিধানে ভুয়ো সংঘর্ষে হত্যা/ এনকাউন্টার ডেথ - কে নানা নামে চিহ্নিত করা হয়েছিল। যেমন, administrative liquidation, extra - legal killing, extrajudicial summary execution, murder by government ইত্যাদি। সেই কালপর্বে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে  কিভাবে রাজনৈতিক কর্মীদের ভুয়া সংঘর্ষে হত্যা করা হয়েছিল তার  নথিভুক্ত ইতিহাস পাওয়া যায় এপিডিআর কর্তৃক প্রকাশিত "ভারতীয় গণতন্ত্রের(?)স্বরূপ" অমূল্য গ্রন্থে( ১৯৭৭), এবং এ আর দেশাই সম্পাদিত  'Violations of Democratic Rights in India' (১৯৮৬) নামক গ্রন্থে। [প্রচ্ছদ ছবি]

 


১৯৭৭ পরবর্তী কালে ভারতের  মানবাধিকার সংগঠনগুলোর নিরলস ও অবিরাম প্রচেষ্টার ফলে,  তাদের সাড়া জাগানো একের পর এক তদন্ত রিপোর্ট পুলিশের, আধা সামরিক বাহিনীর সংঘর্ষে পরিকল্পিত হত্যার ঘটনাকে ঘিরে গল্প -- আত্মরক্ষার্থে গুলি, বা পালাতে গেছিল, তাই গুলি) -- কে উন্মোচিত করে। ১৯৯৫ সাল নাগাদ এপিসিএলসি - র দায়ের করা তথ্য ভিত্তিক অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন একগুচ্ছ নির্দেশিকা সরকারগুলোকে অনুসরণ করতে নির্দেশ দেয়; তার মধ্যে  অন্যতম ছিল,  অভিযুক্ত বন্দিকে আত্মরক্ষার্থে গুলি চালিয়ে পুলিশ হত্যা করতে বাধ্য হয়েছে  যদি দাবি করে, তাহলে সেই ভাষ্যকে ধ্রুব সত্য বলে ধরে নেওয়া যাবে না; পুলিশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতে হবে, এবং পুলিশকে প্রমাণ করতে হবে পুলিশের দাবি সঠিক ছিল। পরবর্তীকালে সংশোধিত আকারে সুপ্রিম কোর্ট একাধিক রায়ে এই  পদ্ধতিকেই অনুসরণ করতে নির্দেশ দিয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট ২০১১ সালেই কদম সিং মামলায় এই এনকাউন্টার দর্শন কে "ক্রিমিনাল ফিলোসফি" হিসেবে চিহ্নিত করে ছিলেন শুধু নয়, এই জাতীয় বেআইনি হত্যার নির্দেশ কে পুলিশ কর্মীদের অমান্য করতে পর্যন্ত বলেছিলেন। সাজা হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলেছিলেন।
২০২৫  সালে অসমের একটি মামলায় (আরিফ জদ্দার বনাম অসম সরকার) সুপ্রিম কোর্ট পুরোনো কথাই নতুন করে বলেন, সর্তক করেন সরকারগুলোকে যে, কোনোভাবেই পুলিশ এনকাউন্টারকে কার্যকর পুলিসি পদ্ধতি হিসেবে গরিমা মন্ডিত করা যাবে না; এমনকি কোনোভাবেই জন নিরাপত্তার অজুহাতে এই বেআইনি কাজকে সমর্থন করা যাবে না। স্মরণ করিয়ে দিয়েছিলেন এনকাউন্টার সংক্রান্ত ২০১৪ সালের বিখ্যাত সুপ্রিম কোর্টের ১৬ দফা গাইডলাইনস ( দ্র পিইউসিএল বনাম মহারাষ্ট্র সরকার)- র কথা, আইনের শাসনের প্রতি [করদাতাদের করের পয়সায় চলা]  উর্দিপরা আইনরক্ষকদের কঠোর দায়বদ্ধতার কথা; বলেছিলেন,  "Any derogation  from the principles of due process, even in the name of expediency or public safety, erodes the foundation of democratic and civilised society". শুনছেন কি 'গণতন্ত্র বাঁচাও'র কর্মসূচির হোতারা?
আন্তর্জাতিক অঙ্গনের দিকে  দৃষ্টিপাত করুন। দেখবেন ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণা, ১৯৬৬ সালের নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদের একাধিক অনুচ্ছেদে (যেমন ৬(১), ২৬, ৪(২), প্রতিটি দেশের সরকার / রাষ্ট্রকে জীবনের অধিকারের প্রতি দায়বদ্ধ থাকার অঙ্গীকার করতে নির্দেশ দিয়েছে। ভারত এই সনদে স্বাক্ষর করেছে। উক্ত ৬(১) বলা আছে, প্রত্যেকের মানুষের "inherent right to life" রয়েছে। সত্তর দশকের অভিজ্ঞতার ভিত্তিতে রাষ্ট্রসঙ্ঘ একের পর এক ঘোষণা, প্রস্তাব, সনদ ইত্যাদির মাধ্যমে ভুয়ো/ সাজানো সংঘর্ষে হত্যা (ও অন্যান্য দমন পন্থা)- কে পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত [ স্ট্যাম্প আউট] করার লক্ষ্যে একটি আইনি ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে। পৃথিবী খ্যাত মিনেসোটা প্রোটোকল ১৯৯১ সালে রচনা করে রাষ্ট্রসঙ্ঘ (যা ২০১৬ সালে সংশোধিত হয়) ভুয়া সংঘর্ষ প্রতিরোধ করার জন্য। পরিহাস এটাই যে,  বর্তমান ডবল ইঞ্জিনের দল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়ে ক্ষমতাবান হতে চায়, কিন্তু সেই সংঘের আন্তর্জাতিক মানবাধিকার আইনি কাঠামোকে নিজ দেশে সচেতনভাবে উপেক্ষা করছে, নিজ দেশের সংবিধান, আইনের শাসন–- সব কিছুই  শেষ করে দিতে উদ্যত। গণপিটুনির মতোই রাষ্ট্রীয় বর্বরতাকে সমাজের সাধারণ মান হিসেবে নির্ণয় করে দিতে চাইছে সংবিধান রক্ষার শপথগ্রহণ কারীরা। এবং তা করছে নির্লজ্জ ভাবে, যাবতীয় সমালোচনাকে তাচ্ছিল্য করে। প্রসঙ্গত, বারুইপুর থেকে বোলপুর-  এনকাউন্টার হত্যার পর্বে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের দুটো উক্তি সবিশেষ প্রণিধানযোগ্য; এতে বোঝা যাচ্ছে রাজ্য কোনও অতল খাদের দিকে এগোচ্ছে। 


তিনি জানিয়েছেন, কেবল তিনটি ক্ষেত্রে (তার মধ্যে ধর্ষণ ও খুন মুখ্য) ব্যতিক্রম হিসেবে পুলিশকে খোলাছুট/ ফ্রী হ্যান্ড / জমা খরচ এর ক্ষমতা দিয়েছেন। সংসদে দেশের আইন সংশোধন না করে কোনো অঙ্গ রাজ্যের প্রধান এই ব্যতিক্রমী খুনের ক্ষমতা দিতে পারেন আইনরক্ষক বাহিনীকে? পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? তিনি কি এই বঙ্গের স্বাধীন  রাজা? না, সংবিধান মেনে চলার অঙ্গীকার করা এক অঙ্গ রাজ্যের  প্রধান মাত্র, পাবলিক সার্ভেন্ট হিসাবে    যাঁর কাজের গণ্ডি টানা আছে, শাসনের স্পষ্ট লক্ষণ রেখা রয়েছে।


দুই, পুলিশের কাছে বন্দুক আছে কি জন্য? যখন ইচ্ছে, যেমন ইচ্ছে নাগরিককে, অপছন্দের কাউকে হত্যা করার জন্য বুঝি? কোনো একজন মন্ত্রী যেন বলেছেন, মন্ত্রীরা মোটেই 'সবজান্তা গামছাওয়ালা' নয়। সত্যিই নয়। কারণ, বন্দুক দেওয়া থাকলেও তা কখন, কোন পরিস্থিতিতে, কার নির্দেশে, কোন অনুপাতে, সর্বশেষ উপায় হিসেবে, জানে খতম করার লক্ষ্যে নয়, ন্যূনতম বলপ্রয়োগের নীতি ইত্যাদি ভারত সহ বিশ্ব জুড়ে স্বীকৃত ব্যবস্থা রয়েছে। নিয়ম নীতি ভাঙলে শাস্তির ব্যবস্থাও রয়েছে। ভিকটিমকে ক্ষতিপূরণ দেওয়ার আইনি ব্যবস্থাও আছে। সব ছেড়ে দিন। ব্যস্ত মুখ্যমন্ত্রী যদি কোনো অবসরে ব্রিটিশ আমলে রচিত[ যা আজও চালু আছে]  বেঙ্গল পুলিশ রেগুলেশন (১৯৪৩) এর ধারা ১৫৪ থেকে ১৫৭ পড়ে দেখেন, তাহলে দেখতে পাবেন আগ্নেয়াস্ত্র ব্যবহারের উপর কত ধরনের নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আছে। আর, উন্নত গণতান্ত্রিক দেশে তো বন্দুককেই বর্জন করা হয়েছে।

ওনার / নব্য শাসকদের কথা যদি মানতে হয়, তাহলে এদেশে ব্রিটিশ যুগে, স্বাধীন ভারতে, পশ্চিমবঙ্গে যাবতীয় গুলি চালনা সঠিক ছিল, মায় নন্দীগ্রাম পর্যন্ত! নন্দীগ্রামের শহীদদের প্রতি তাঁর প্রতি বছরে শ্রদ্ধাঞ্জলি তো তাহলে ফেক? ভুয়ো? আসলে, তাহলে পূর্ণ অসম্মানের তর্পণ?  

ধরণী দ্বিধা হও।
...........

টীকা 
১। উল্লেখ্য, নাৎসি দল কর্তৃক ব্যবহৃত সমস্ত চিহ্ন, প্রতীক, আদব কায়দা বিশ্বজুড়ে নিন্দিত ও নিষিদ্ধ। কারণ এর সঙ্গে যুক্ত হয়ে আছে ইহুদি (এবং অন্যান্য জন গোষ্ঠী) নিধন যজ্ঞ এবং অ্যান্টি সেমিটিক ভাবাদর্শ। যে কোনও সভ্য দেশে এই ধরনের স্যালুট প্রদর্শিত হলে, পরের দিনই হাজার হাজার লোক রাস্তায় নেমে স্যালুট প্রদানকারীদের পদত্যাগ চাইতো, তা তাঁরা যতই জনপ্রিয় হন না কেন। দুর্ভাগ্য আমাদের, এটা সচেতন বাংলা  নজরেই আনল না। এই তো সেপ্টেম্বরে, একদা পূর্ব জার্মানিতে সিটি কাউন্সিলে বিজয়ী অতি দক্ষিণপন্থী নেতা একটি  অ্যান্টি- সেমিটিক শব্দবন্ধ ব্যবহার করেছিলেন; তৎক্ষণাৎ তাঁর পদত্যাগের দাবি উঠে। তিনি  প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন।
২। এলাহাবাদ হাই কোর্টের মূল মন্তব্যটির অংশবিশেষ এই: "The situation that exists in the State of Uttar Pradesh  relating to civil liberty is shameful.... The loyalty of the government officers should be towards  the constitution, not to the government in power."
এসব জেনেও, দিলীপ ঘোষ-রা বলে যাচ্ছেন সীমাহীন নির্লজ্জতার সঙ্গে যে, উত্তর প্রদেশ মডেল রাজ্য।

0 Comments

Post Comment