৪৩-এর মন্বন্তরের সেই করুণ আর্তনাদ—“মা, একটু ফ্যান দাও”, আজও আমাদের সামাজিক ইতিহাসের এক গভীর ক্ষত। আট দশক পেরিয়ে ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বের সামনের সারিতে। খাদ্য উৎপাদনেও দেশ স্বনির্ভর—প্রচার সেরকমই; এত কিছুর পরও কি অনাহার, অপুষ্টি থেকে ভারত মুক্তি পেয়েছে? তথ্য বলছে, দেশে অনাহার তো রয়েইছে, অপুষ্টির সংকট তার চেয়েও মারাত্মক। সম্প্রতি প্রকাশিত ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-২০২৬’-এর প্রতিবেদন সেই অপ্রিয় সত্যকেই সামনে নিয়ে এসেছে।
জার্মানির ‘ওয়েল্টহাঙ্গারহিলফে’ (Welthungerhilfe), রুহর বিশ্ববিদ্যালয় বোখুমের ‘ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ল অ্যান্ড পিস অ্যান্ড আর্মড কনফ্লিক্ট’ (IFHV) এবং সুইস উন্নয়ন সংস্থা ‘হেলভেটাস’ (Helvetas)-এর যৌথ উদ্যোগে প্রকাশিত এই প্রতিবেদনটি বিশ্বজুড়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তার এক কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। এই প্রতিবেদনে ১২২টি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে; আন্তর্জাতিক মানদণ্ডে ২০.০ থেকে ৩৪.৯ স্কোরকে ‘গুরুতর’ (Serious) ক্ষুধা হিসেবে ধরা হয়। ভারত ২৪.১ স্কোর পেয়ে ১০০তম স্থানে রয়েছে—যা দেশের তথাকথিত উন্নয়নকে চ্যালেঞ্জে ফেলেছে। রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের গড় স্কোর ১৮.১ (‘মাঝারি’ ক্ষুধা); অন্যদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড় স্কোর দাঁড়িয়েছে ২৩.৫-এ। ফলে এই অঞ্চলটি অপুষ্টির নিরিখে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের মাপকাঠিতে শূন্য (০) থেকে একশ’র (১০০) মধ্যে স্কোর নির্ধারিত হয়; যেখানে ‘শূন্য’ হলো ক্ষুধা না থাকার অবস্থা এবং স্কোর যত বৃদ্ধি পায়, ক্ষুধার তীব্রতা ও সংকট তত গভীর বলে ধরা হয়। দক্ষিণ এশীয় দেশগুলোর এই স্কোরের তুলনামূলক ছবি পর্যালোচনা করলে ভারতের পিছিয়ে পড়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। এই তালিকায় ১০.২ স্কোর নিয়ে ৫৩তম স্থান দখল করে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা; দেশটির সামাজিক নিরাপত্তা, প্রাথমিক জনস্বাস্থ্য ও সাক্ষরতার ধারাবাহিক অগ্রগতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রেখেছে। পাশাপাশি, ১৪.৫ স্কোর নিয়ে নেপাল রয়েছে ৭২তম স্থানে এবং ১৯.২ স্কোর নিয়ে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। এই দুই প্রতিবেশী দেশই তাদের ক্ষুধা পরিস্থিতিকে ‘মাঝারি’ পর্যায়ে ধরে রাখতে সফল হয়েছে। নেপাল গত কয়েক বছরে খাদ্য সংকট মোকাবিলায় প্রশংসনীয় অগ্রগতি দেখিয়েছে, আর বাংলাদেশও শিশু কৃশতা ও অপুষ্টি হ্রাসে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে। এর বিপরীতে, ভারতের অবস্থান হতাশায় ফেলেছে—যা বিশ্বের বড় অর্থনীতির দেশ হিসেবে দেশটির ভেতরের উন্নয়ন ব্যবস্থার ফাঁকগুলোকে আরও স্পষ্ট করে দিয়েছে।
ভারত খাদ্যশস্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং খাদ্য উদ্বৃত্ত দেশ হিসেবেও পরিচিত। কিন্তু খাদ্যশস্যের পর্যাপ্ত উৎপাদন মানেই প্রত্যেক মানুষের পুষ্টিকর খাদ্য পাওয়ার নিশ্চয়তা নয়। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে উৎপাদনের পাশাপাশি খাদ্যের ক্রয়ক্ষমতা, সুষম বণ্টন, বাজারদর এবং খাদ্যাভ্যাসের বৈচিত্র্য সমান গুরুত্বপূর্ণ। দেশে চাল ও গমের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দরিদ্র পরিবারের কাছে ডাল, ডিম, দুধ, মাছ, ফলমূল ও শাকসবজির নিয়মিত জোগান নিশ্চিত না হলে প্রকৃত পুষ্টি নিরাপত্তা অর্জন সম্ভব নয়। সুতরাং খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার পরবর্তী লক্ষ্য হওয়া উচিত পুষ্টিকর খাদ্যে সর্বজনীন অধিকার নিশ্চিত করা।
সূচকের ৪টি মানদণ্ড ও ভারতের বাস্তব চিত্র
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) মূলত তিনটি মাত্রার ভিত্তিতে তৈরি হয়—সামগ্রিক অপুষ্টি, শিশু অপুষ্টি এবং শিশুমৃত্যু। এই তিনটি মাত্রার প্রতিটির গুরুত্ব এক-তৃতীয়াংশ করে। এর তিনটি মাত্রার অধীনে রয়েছে মোট চারটি সূচক। প্রথমটি হলো জনসংখ্যার মধ্যে অপর্যাপ্ত ক্যালোরি গ্রহণের হার, যার গুরুত্ব ৩৩.৩৩ শতাংশ। দ্বিতীয় মাত্রায় শিশু অপুষ্টির মূল্যায়ন করা হয়, এর জন্য দুটি সূচক ব্যবহার করা হয়—একটি, বয়সের তুলনায় কম উচ্চতা (খর্বাকৃতি); অপরটি, উচ্চতার তুলনায় কম ওজন (কৃশতা)। এই দুটি সূচকের গুরুত্ব ১৬.৬৭ শতাংশ করে। তৃতীয় মাত্রাটি হলো অনূর্ধ্ব-পাঁচ বছর বয়সি শিশুদের মৃত্যুহার, যার গুরুত্বও ৩৩.৩৩ শতাংশ।
অর্থাৎ, গাণিতিক বিচারে দেখা যাচ্ছে—সূচকের প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৬.৬৭ শতাংশ অংশ সরাসরি পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিগত অবস্থা, শারীরিক বৃদ্ধি ও বেঁচে থাকার সঙ্গে জড়িত। অন্যদিকে, বাকি এক-তৃতীয়াংশ বা ৩৩.৩৩ শতাংশ নির্ভরশীল দেশের সামগ্রিক জনসংখ্যার অপুষ্টির হারের ওপর।
ইদানিং, ভারতের সামগ্রিক অপুষ্টি এবং পাঁচ বছর বয়সী বাচ্চাদের মৃত্যুর পরিস্থিতিতে কিছুটা উন্নতি লক্ষ করা গেলেও তা সামগ্রিক পুষ্টি সংকট দূর করার পক্ষে যথেষ্ট নয়। তবে ভারতীয় জনস্বাস্থ্যের এই উন্নতির আড়ালে যেটি সমস্যায় ফেলেছে তা হলো পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতি ও কৃশতার উচ্চ হার। বর্তমানে ভারতের ২৯.৩ শতাংশ শিশু খর্বাকৃতির শিকার। আরও উদ্বেগের বিষয় হলো, ‘চাইল্ড ওয়েস্টিং’ বা কৃশতার হার, যা এখন ১৯.০ শতাংশে এসে দাঁড়িয়েছে। এই ‘চাইল্ড ওয়েস্টিংয়ের’ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের হার সবচেয়ে বেশি। এটি শুধুই খাদ্যের অভাবে নয়; বরং তীব্র ও তাৎক্ষণিক অপুষ্টি, পারিবারিক খাদ্য নিরাপত্তাহীনতা এবং পেটের সংক্রমণের এক সম্মিলিত পরিণতি।
জিএইচআই-এর পরিমাপ পদ্ধতিতে ভারতের আপত্তি ও পাল্টা-যুক্তি
প্রতিবছর এই ইনডেক্স প্রকাশের পর ভারত সরকার ও গবেষকদের একাংশ এই পরিমাপ পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে আপত্তি তোলেন। সরকারের প্রধান আপত্তি হলো, এই সূচকের চারটি মানদণ্ডের তিনটিই সরাসরি পাঁচ বছরের কম বয়সী শিশুদের শারীরিক স্বাস্থ্য ও বৃদ্ধির সঙ্গে জড়িত। তাই নীতিনির্ধারকদের মতে, এটিকে দেশের সার্বিক ‘ক্ষুধা বা খাদ্যাভাব’ না বলে কেবল ‘শিশু অপুষ্টি সূচক’ বলা উচিত। তবে এই যুক্তির বিপরীতে জনস্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞানীদের অভিমত হলো, একটি সমাজের সামগ্রিক খাদ্য নিরাপত্তার প্রতিফলন ঘটে সবচেয়ে সংবেদনশীল অংশ—অর্থাৎ শিশুদের শারীরিক বিকাশ ও পুষ্টির সূচকের মধ্য দিয়েই।শিশুদের খর্বাকৃতি ও কৃশতা শুধু খাদ্যের অপ্রতুলতার ফল নয়; এর সঙ্গে মাতৃস্বাস্থ্য, সংক্রমণ, নিরাপদ পানীয় জল, স্যানিটেশন এবং স্বাস্থ্য পরিষেবারও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই শিশুদের পুষ্টিগত অবস্থা বিশ্লেষণের মাধ্যমে একটি সমাজের সামগ্রিক স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়।
দ্বিতীয় আপত্তিটি আসে স্যাম্পল সাইজ এবং তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে। সরকারের দাবি, ক্যালোরি ঘাটতি বা অপুষ্টি মাপার ক্ষেত্রে গ্যালপ ওয়ার্ল্ড পোলের মতো ক্ষুদ্র ও টেলিফোনভিত্তিক সমীক্ষার ওপর নির্ভর করা হয়েছে, যা ১৪০ কোটি মানুষের দেশের জন্য ঠিক নয়। তবে সরকারি এই আপত্তির পেছনে একটি স্পষ্ট তথ্যগত বিভ্রান্তি রয়েছে। বাস্তবে জিএইচআই-তে ব্যবহৃত অপুষ্টির হার (Undernourishment) নির্ধারণ করা হয় FAO-র ‘প্রিভ্যালেন্স অব আন্ডারনিউট্রিশন’ (Prevalence of Undernourishment – PoU) পদ্ধতির ভিত্তিতে, যা শুধুমাত্র গ্যালপের টেলিফোন সমীক্ষার ফল নয়; বরং দেশের খাদ্যের ভারসাম্য, জাতীয় পর্যায়ে খাদ্যের লভ্যতা ও ক্যালোরি বন্টনের মতো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করে। তাছাড়া, নিরপেক্ষ গবেষকদের শক্তিশালী পাল্টা যুক্তিটি লুকিয়ে রয়েছে ভারতের নিজস্ব সরকারি তথ্যের ভেতরেই। ভারতের সরকারি ‘ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS-৫)’-এর পরিসংখ্যানেও স্পষ্টভাবে দেখা গেছে যে, দেশের শিশুদের মধ্যে খর্বাকৃতি ও কৃশতার হার অত্যন্ত আশঙ্কাজনক। অর্থাৎ, আন্তর্জাতিক রিপোর্ট যে কাঠামোগত সংকটের কথা বলছে, তার সঙ্গে দেশের নিজস্ব অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক তথ্যের কোনো বিরোধ নেই, বরং সামঞ্জস্যই পাওয়া যাচ্ছে ।
সরকারের উত্থাপিত তৃতীয় আপত্তিটি হলো জিনগত বা বংশগত কারণ। তাদের মতে, শিশুদের কম উচ্চতা কেবল সুষম খাবারের অভাবেই হয় না; এর পেছনে স্থানীয় আবহাওয়া, বংশগত গঠন এবং পরিবেশগত বৈচিত্র্যেরও প্রভাব রয়েছে। কিন্তু গবেষকদের মতে, এই যুক্তি কোনোভাবেই সার্বজনীনভাবে টেকে না। বংশগত বৈশিষ্ট্য কোনো নির্দিষ্ট ক্ষুদ্র জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু দেশের কোটি কোটি শিশুর শারীরিক উচ্চতা হ্রাসের মূল কারণ তা হতে পারে না। তাছাড়া, ভৌগোলিক, সামাজিক ও নৃতাত্ত্বিক দিক থেকে সদৃশ প্রতিবেশী বাংলাদেশ বা নেপাল যদি একই আন্তর্জাতিক পদ্ধতির মাপকাঠিতে ক্রমাগত অগ্রগতি দেখাতে পারে, তবে কেবল জিনগত কারণ দেখিয়ে ভারতের দায়িত্ব এড়ানো বৈজ্ঞানিকভাবে একেবারেই ভিত্তিহীন।
অর্থনৈতিক বৃদ্ধি বনাম লুকানো ক্ষুধা
ভারত আজ নিজেকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে তুলে ধরছে। অথচ এই বিপুল উন্নতির সমান্তরালে দেশের কোটি কোটি শিশুর তীব্র অপুষ্টি—রাষ্ট্রীয় নীতি ও সামাজিক ন্যায়বিচারের ব্যর্থতাকেই ফুটিয়ে তোলে। এই ব্যর্থতার মূল কারণ হলো—অর্থনৈতিক সমৃদ্ধির সুফল সমাজের নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের কাছে না পৌঁছানো। জাতীয় আয় ও সম্পদের এক বিশাল অংশ দেশের গুটিকয়েক অতি-ধনীর হাতে জমা হয়েছে। ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, দিনমজুর ও প্রান্তিক চাষিদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা এতটাই সীমিত যে, প্রতিদিন পেট চালানোর মতো চাল-গম জোগাড় করতে পারলেও মাছ, মাংস, ডিম, দুধ, ফল বা সয়াবিনের মতো জরুরি প্রোটিন ও পুষ্টিকর খাবার কেনার সাধ্য তাঁদের থাকে না।
এই ব্যবধানের দ্বিতীয় কারণটি লুকিয়ে রয়েছে প্রকাশ্য অনাহার এবং ‘লুকানো ক্ষুধা’ (Hidden Hunger)-র সূক্ষ্ম পার্থক্যের মধ্যে। সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন ব্যবস্থার (PDS) মাধ্যমে বিনামূল্যে চাল-গম বিতরণের ফলে সরাসরি অনাহার বা চরম দুর্ভিক্ষ হয়তো ঠেকানো গেছে। সাধারণ মানুষ পেট ভরে ভাত-রুটি খেয়ে হয়তো দৈনিক ক্যালোরির চাহিদা মেটাচ্ছেন, কিন্তু পুষ্টির অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে।একটি শিশুর স্বাভাবিক মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা, শারীরিক বৃদ্ধি ও অঙ্গগঠনের জন্য ভিটামিন, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং মানসম্মত প্রোটিনের যে সুষম জোগান প্রয়োজন, তা শুধু ভাত-রুটিতে মেলে না। ফলে, পেটে খাবার থাকা সত্ত্বেও শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের ঘাটতি থেকে যাচ্ছে। আর এই অদৃশ্য ঘাটতিকেই বলা হয় ‘লুকানো ক্ষুধা’।
মা থেকে সন্তানে বয়ে চলা পুষ্টিহীনতার এক মর্মান্তিক চক্র এই সংকটকে আরও গভীর করে তুলছে। সরকারি স্বাস্থ্য সমীক্ষা (NFHS-5) অনুযায়ী, ১৫ থেকে ৪৯ বছর বয়সী মহিলাদের প্রায় ৫৭ শতাংশই রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন। পুষ্টিহীনতা ও অ্যানিমিয়ার শিকার কোনো মা যখন সন্তানসম্ভবা হন, তখন গর্ভস্থ শিশুটিও প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। এই ক্ষেত্রে, শিশুটি জন্মায় কম ওজন ও দুর্বলতা নিয়ে—যা শৈশবেই তাকে খর্বাকৃতি ও কৃশতার দিকে ঠেলে দেয় এবং পরবর্তীতে পুরো একটি প্রজন্মের শারীরিক ও মানসিক সম্ভাবনাকে পঙ্গু করে ফেলে।
খাবার থাকলেই কি পুষ্টি নিশ্চিত?
শিশুর পুষ্টিহীনতা শুধু পর্যাপ্ত খাবারের অভাবে নয়; এর সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্য পরিকাঠামোও ওতপ্রোতভাবে জড়িত। ভারতের অনেক গ্রামীণ ও শহরতলি এলাকায় আজও নিরাপদ পানীয় জলের অভাব রয়েছে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের বেহাল দশা বজায় রয়েছে। এর ফলে শিশুরা ছোটবেলা থেকেই বারবার পেটের সংক্রমণে (আন্ত্রিক ও ডায়রিয়া) আক্রান্ত হয়। অবিরাম পেটের রোগে ভুগতে ভুগতে শিশুদের পরিপাকতন্ত্রের পুষ্টি শোষণ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘এনভায়রনমেন্টাল এন্টারিক ডিসফাংশন’(Environmental Enteric Dysfunction)। তখন শিশুটি যদি কোনোভাবে পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগও পায়, তবুও তার ক্ষতিগ্রস্ত অন্ত্র সেই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন বা প্রোটিন রক্তে শুষে নিতে ব্যর্থ হয়। ফলে খাবার পাওয়া সত্ত্বেও দূষিত পরিবেশ ও বারবার পেটের সংক্রমণের কারণে শিশুটি দিন দিন আরও রোগা ও কৃশ (Wasting) হয়ে পড়তে থাকে। সুতরাং, কেবল রেশনের চাল-গম বা খাদ্যের পরিমাণ বাড়িয়ে শিশু অপুষ্টির অভিশাপ দূর করা সম্ভব নয়, যদি না একই সঙ্গে সার্বিক জনস্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা যায়।
খাদ্য নিরাপত্তা থেকে পুষ্টি নিরাপত্তা: ভারতের করণীয়
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স এবং জাতীয় স্বাস্থ্য সমীক্ষার তথ্য আমাদের এক নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে—অর্থনৈতিক বৃদ্ধির চকচকে পরিসংখ্যান দিয়ে কোটি কোটি শিশুর বঞ্চনা ও অপুষ্টিকে লুকানো যায় না। আন্তর্জাতিক সূচক বা র্যাঙ্কিং দেখেও না দেখার ভান করা কিংবা কেবল রাজনৈতিক বিবৃতি দিয়ে এই সংকটের মোকাবিলা করা সম্ভব নয়। ভারতকে যদি ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG 2 – Zero Hunger) অর্জন করতে হয়, তবে নীতিগত জায়গায় আমূল পরিবর্তন আনতেই হবে। আর এই পরিবর্তন আনার জন্য জরুরি ভিত্তিতে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য:
প্রথমত, আমাদের প্রথাগত খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে অবিলম্বে সার্বিক ‘পুষ্টি নিরাপত্তা’র দিকে নিয়ে যেতে হবে। রেশন ব্যবস্থার মাধ্যমে শুধু চাল বা গম দেওয়ার পুরোনো ছক ভেঙে দরিদ্র পরিবারগুলোর হাতে ডাল, ভোজ্য তেল, ডিম এবং পুষ্টিতে ভরপুর মিলেট বা অন্যান্য দানাশস্য তুলে দেওয়া নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, পাঁচ বছরের কম বয়সী শিশুদের কৃশতা (Wasting) দূর করতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে ‘কমিউনিটি-বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন’ (CMAM) মডেল কঠোরভাবে চালু করা দরকার। একই সঙ্গে ‘পোষণ অভিযান ২.০’ ও ‘অ্যানিমিয়া মুক্ত ভারত’ প্রকল্পকে কেবল কাগজে কলমে আটকে না রেখে প্রান্তিক মহিলাদের রক্তস্বল্পতা দূর করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
পরিশেষে, শুধু খাবার বা রেশন বিতরণ করলেই চলবে না; এর পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও স্যানিটেশন নিশ্চিত করা এবং স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর পরিকাঠামো শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
প্রতিবেশী দেশগুলোর সাফল্য আর জিএইচআই-এর অবস্থান পরিষ্কার করে দেয় যে, শুধু অর্থনীতির আকার বা খাদ্য উৎপাদনের পরিমাণ দিয়ে কোনও দেশের পুষ্টিগত সাফল্য বিচার করা যায় না। প্রয়োজন কার্যকর সামাজিক নীতি, মা ও শিশুর পুষ্টিতে বিনিয়োগ, উন্নত জনস্বাস্থ্য পরিষেবা এবং রাজনৈতিক সদিচ্ছা। ভারত অর্থনৈতিকভাবে শক্তিধর হতে গিয়ে কেবল জিডিপি বৃদ্ধিতেই ব্যস্ত থেকেছে। অথচ তা করতে গিয়ে গরিব শিশুর থালায় পুষ্টিকর খাবার আর মায়ের সুস্বাস্থ্যের মতো বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেয়নি—আর এখানেই আমাদের দেশের সবচেয়ে বড় ব্যর্থতা। যে রাষ্ট্র বিশ্ব অর্থনীতির শিখরে পৌঁছানোর স্বপ্ন দেখে এবং মহাকাশে রকেট পাঠায়, সেই রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্ম যদি পুষ্টিহীনতার শিকার হয়ে ধুঁকে ধুঁকে বড় হয়, তবে তা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়; অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিচারে নৈতিক পরাজয়ও বটে। আর এই ঘটনা বিশ্বদরবারে দেশের মর্যাদাকে দারুণভাবে ক্ষুণ্ণ করছে।