এসআইআর নিয়ে সারা দেশ জুড়ে এবার তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। আশঙ্কা এবং বিরোধ শুরু হয়েছিল প্রথম দিন থেকেই। বিহারের পর বাংলার নির্বাচনের নির্মম অভিজ্ঞতা সেই আশঙ্কাকে আরও গভীরে নিয়ে গেছে। কিন্তু এসআইআর এক্সপ্রেস দিল্লীতে প্রবেশ করার পর এক চূড়ান্ত প্রহসনের ছবি সবার সামনে উঠে আসে। দেখা গেল চুয়ান্ন শতাংশ ভোটার এসআইআর কবলিত। ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণের চিঠি পৌঁছে গেল প্রবীণ বিজেপি নেতা আদবানি থেকে শুরু করে দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এমনকি নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধুর কাছেও। এই প্রথম কিছুটা লজ্জিত কিছুটা চিন্তিত নির্বাচন কমিশন এবার দ্রুত ভিআইপি ভোটারদের যোগ্যতার ছাড়পত্র দেবার ব্যবস্থা শুরু করে।
এমনই সময় প্রকাশিত হল ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সেই বিস্ফোরক তদন্ত রিপোর্ট। জানা গেল নির্বাচন কমিশনের ভেতরে জ্ঞানেশ কুমারের বুলডোজার চলছে। জানা গেল সেই বুলডোজারের সঙ্গে জোট হয়েছে সফ্টওয়্যারের। আর এই বুলডোজার-সফ্টওয়্যার জোট ভোটার তালিকা তৈরির কেন্দ্রীয় দায়িত্ব বা এক্তিয়ার যে ইআরও বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের উপর বর্তায় তাদের ঠুঁটো জগন্নাথে পরিণত করে দিয়েছে। গোয়াতে রাজ্যের পুরো নির্বাচন দপ্তরের মরিয়া প্রচেষ্টা সত্ত্বেও সাতানব্বই জন ভোটারের নাম তালিকাভুক্ত করা যায় নি। আর পশ্চিমবঙ্গে এখন জানা যাচ্ছে কীভাবে মাইক্রো অবসার্ভারদের কাজে লাগিয়ে ইআরওদের ডিঙিয়ে লক্ষ লক্ষ ভোটারদের ছাঁটাই করা হয়েছে। এমনকি তালিকাভুক্ত ভোটারদের বের করার জন্য ট্রাইবুনালের উপর ভুতুড়ে কায়দায় ষোল লক্ষ আবেদনের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
এই পটভূমিতেই জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবিতে গোটা দেশ আজ আন্দোলনে উত্তাল। একের পর এক বিভ্রান্তিকর বিবৃতি এবং হলফনামা দিয়ে এবার আর নির্বাচন কমিশন পার পাচ্ছে না। বাদ যাওয়া ভোটারদের দিয়ে আবার ফর্ম ৬ ভরানো বা ফর্মে নতুন শর্ত যোগের প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশনকে পিছু হটতে হয়েছে। লজিক্যাল অসঙ্গতির নাম করে সাতাশ লক্ষ ভোটারের ভোট কাটার পর সুপ্রিম কোর্ট এখন জানিয়েছে লজিক্যাল অসঙ্গতি বিষয়টি এখনও কোর্টের বিচারাধীন। তবে বাদ যাওয়া পুরনো ভোটারদের দিয়ে আবার ফর্ম ৬ পূরণ করানোটা নিয়ে এবার সুপ্রিম কোর্ট আপত্তি করেছে। আর তার ফলে নির্বাচন কমিশন আর ফর্ম ৬ পূরণ না করিয়ে পুরনো নাম্বার বহাল রেখেই ভোট ফেরানোর কথা বলছে। এক কথায় পুরো এসআইআর ব্যাপারটাই যে ভুলে ভরা এবং বিজেপির ক্ষমতা দখল ও ক্ষমতা ধরে রাখার একটা অত্যন্ত অস্বচ্ছ, অন্যায় এবং ষড়যন্ত্রমূলক প্রণালী এটা এখন প্রায় দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে উঠছে।
মাত্রা এবং জটিলতার দিক থেকে এখনও পর্যন্ত এই এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে মারাত্মক উদাহরণ হল পশ্চিমবঙ্গ। এখানেই প্রথম লজিক্যাল অসঙ্গতির নাম করে ভোট কাটা শুরু। ভিন রাজ্য থেকে মাইক্রো অবসার্ভার এবং জুডিশিয়াল অফিসার মোতায়েন করে ভোট কাটার ছক এখানেই প্রথম। আর সর্বোপরি এনআরসির কায়দায় ট্রাইবুনাল গঠন করে লক্ষ লক্ষ আবেদন দিয়ে ভোটারদের ভবিষ্যৎকে অনির্দিষ্ট কালের জন্য ঝুলিয়ে রাখার কৌশলের প্রথম প্রয়োগও এ রাজ্যেই। আর বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রী ললন সিংয়ের ঘোষণা অনুযায়ী আগামী দিনে আর আধার কার্ড নয়, ভোটার কার্ডের ভিত্তিতেই বিভিন্ন সরকারী অনুদান বিতরিত হবে। অর্থাৎ ভোট হারানো মানে সাথে সাথে আরও অনেক অধিকার হারানো। আর পশ্চিমবঙ্গে যেখানে কথায় কথায় বাংলাদেশী অনুপ্রবেশের জুজু দেখানো হয় সেখানে ভোট হারানো মানে নাগরিকত্ব নিয়েও টানাটানি।
তাই ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনকে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি জোরের সঙ্গে লড়তে হবে। ভোট চুরির রাজনৈতিক ফলাফলটাও পশ্চিমবঙ্গেই সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেছে। পনেরো বছরের তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে তীব্র পুঞ্জীভূত ক্ষোভ এবং রাজ্যে সরকার পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষাকে স্বীকার করেও এটা স্পষ্ট এসআইআর না হলে এবং ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যায়ে যে ব্যাপক কারচুপি এবং তান্ডব দেখা গেছে তা বাদ দিয়ে পশ্চিমবঙ্গে এমন নির্বাচনী ফলাফল আমরা অবশ্যই দেখতে পেতাম না। এত কিছুর পরেও প্রাপ্ত ভোটের অঙ্কে বিজেপি পেয়েছে ছেচল্লিশ শতাংশ আর চুয়ান্ন শতাংশ ভোট রয়েছে বিজেপি বিরোধী বা অবিজেপি শিবিরে। নির্বাচনের পরেই তাই সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বা বলা যায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে পুলিশ এবং শাসক দলের গুন্ডা বাহিনীর যৌথ আক্রমণ নেমে এসেছে বিরোধী শিবির, বিশেষ করে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের উপর।
ক্ষমতা হারিয়ে এই বিরাট আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেস আজ বহুধা বিভক্ত। সাংসদদের একটি বড় গোষ্ঠী আগে থেকে তৈরি করে রাখা এক অখ্যাত দলে আশ্রয় নিয়েছে। দলবদল নিরোধক আইন ঠিকমতো অনুসরণ করা হলে এই দলবদল সম্পূর্ণ অবৈধ। কিন্তু ভোটচুরি এবং দলচুরিই যেখানে ক্ষমতার 'স্বাভাবিক' ছক সেখানে দলবদল নিরোধক আইন যে একটি প্রহসনে পরিণত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্য বিধানসভাতেও নির্বাচিত বিরোধী শিবিরকে ভেঙ্গে দিয়ে সরকার সমর্থক বিরোধী পক্ষ গড়ে নেওয়া হয়েছে। এই ভাঙন এবং দলবদলকে আদর্শহীন ক্ষমতার রাজনীতির অনিবার্য স্বাভাবিক পরিণতি বলে রাজনৈতিক ভাষ্যকাররা চিহ্নিত করতেই পারেন। কিন্তু এই ভাঙনটা মোদী-শাহ জমানার যে ফ্যাসিবাদী ছক অনুযায়ী ঘটানো হয়েছে সেই ছকটাকে না চিনতে পারা বা দেখেও না দেখে থাকাটা হবে ক্ষমার অযোগ্য এক বিরাট বড় ভুল।
মূল প্রশ্নটা হল যে একচল্লিশ শতাংশ বিজেপি-বিরোধী ভোট নিয়ে এই বিধায়ক বা সাংসদরা নির্বাচিত হয়েছিলেন সেই ভোটারের প্রতি বিশ্বাসঘাতকতা। বিরোধী শিবিরের চুয়ান্ন শতাংশ ভোটকে ছত্রভঙ্গ করে দিয়ে রাজ্যে বিজেপি শাসনকে দীর্ঘস্থায়ী করে তোলার গভীর ষড়যন্ত্র। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গে আগামীদিনের নির্বাচনী দৃশ্যপট কেমন হতে পারে তার একটা স্পষ্ট আভাস আমরা নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে পেলাম। পশ্চিমবঙ্গের দলীয় রাজনৈতিক বিন্যাস ঐতিহাসিক কারণে এবং সমকালীন রাজনীতির টানাপোড়েনে যথেষ্ট জটিল। এই জটিলতা অবশ্যই বিজেপির পক্ষে সবচেয়ে অনুকূল। কিন্তু আজ যদি আমরা বাংলার ভোটারদের দিকে এবং পরিস্থিতির দিকে তাকাই তাহলে ছবিটা বেশ স্পষ্ট।
ভোটারদের এক অংশ নাগরিকত্ব এবং অস্তিত্বের সংকটে আটকে পড়া ভোট হারানো বিপন্ন জনগণ। একচল্লিশ শতাংশ তৃণমূল সমর্থক ভোটারদের বড় অংশ বিশ্বাসঘাতকতা এবং বিভ্রান্তির শিকার। বামপন্থীদের বৃহত্তর ঐক্যের ইতিবাচক প্রচেষ্টা সত্ত্বেও সব মিলিয়ে চুয়ান্ন শতাংশ ভোটের বিরোধী শিবির বিভক্ত এবং অনেকাংশে নিষ্ক্রিয়। অন্যদিকে যে ছেচল্লিশ শতাংশের ভোট নিয়ে বিজেপি সরকার রাজ্যের ক্ষমতা কুক্ষিগত করেছে তার কান্ড-কারখানা ইতোমধ্যেই সেই ভোটারদের এক উল্লেখযোগ্য অংশকে নিরাশ এমনকি বিক্ষুব্ধ করে তুলেছে। মানুষের দৈনন্দিন রুজি-রুটি থেকে শুরু করে শিক্ষা-সংস্কৃতি এবং বাঙালি মনন ও ঐতিহ্যের বিরুদ্ধে মনে হচ্ছে নতুন সরকার এবং সংঘ বাহিনী রীতিমতো আগ্রাসী যুদ্ধে নেমে পড়েছে।
বিপর্যয় ও বিধ্বংসের এই অভিযানের হাত থেকে রাজ্যের জনগণ এবং সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক পরিবেশকে রক্ষা করাটাই এখন যে কোন সচেতন প্রগতিশীল ব্যক্তি এবং সংগঠনের কাছে প্রধান চ্যালেঞ্জ।