পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

ডুব জলে

  • 01 January, 1970
  • 0 Comment(s)
  • 214 view(s)
  • লিখেছেন : কৌশিক চট্টোপাধ্যায়
গ্যাঁড়া ভালো সাঁতার কাটে। ভালো মানে খুবই ভালো। গঙ্গায় যে দীর্ঘ সাঁতার প্রতিযোগিতা হয় তাতে তার ফার্স্ট প্রাইজ বাঁধা। টাকা, মেডেল, মানপত্র! সেই গ্যাঁড়া গঙ্গাতে স্নান করতে গিয়ে ডুবে মরে গেল। যেমন রোজ সকালে চান করতে যেত, তেমনই গেছিল।

একা থাকে, সংসার নেই ,কেউ ততটা খেয়াল করেনি। ভবঘুরে টাইপের লোক। এখানে সেখানে ইচ্ছেমতো চলে যায়। কিন্তু তিনদিন পর ব্যারাকপুর ঘাটে তার দেহ পাওয়া গেল। মাছে চোখ আর গালের মাংস ঠুকরে খেয়েছে। পুলিশ প্রথমে বেওয়ারিশ লাশের দলে ফেলে রেখেছিল। কিন্তু পুলিশের ভাড়া করা যে ডুবুড়ী ও সাঁতারুরা থাকে, নদীতে ভেসে যাওয়া দেহ উদ্ধারের জন্য, তাদেরই একজন চিনতে পারল। সে গ্যাঁড়ার সঙ্গে অনেকবার নানান সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সেখানে গ্যাঁড়া ছিল একটা মিথ। সেই লোকটা জলে ডুবে মারা গেল! এটা তার সহ্য হলো না। সে তার এক স্কুলের বন্ধুকে কথাটা বলল। সেই লোকটা আবার ফরেনসিকের বড় কত্তা।


গ্যাঁড়া একদিন বাবলুকে বলেছিল, 'দেখিস জলে ডুবেই আমি মরবো'। বাবলু হেসেছিল। পাত্তা দেয়নি। ফুলিকেও বলেছিল- আমার জলে বড় ভয়। ফুলি চোখ বড় বড় করে শুনেছিল, তারপর গ্যাঁড়ার বুকে ঝাঁপিয়েছিল সাঁতার কাটতে। গ্যাঁড়া কতজনকে বলেছে যে জলে তার খুব ভয়, কিন্তু সব্বাই হেসেছে। সত্যি সত্যি সে সে জলে ডুবে যাওয়ার ভয়ে প্রাণপণ সাঁতার কাটে, সেটা কেউ বিশ্বাস করতে চাইতো না। তার বাবা যখন তাকে সাঁতার শেখানোর জন্য ডুব জলে হাত ধরে নিয়ে এসে চুপিচুপি হাত ছেড়ে দূরে সরে গেছিলেন, তখন থেকেই এই ভয় তার বুকে স্থায়ী বাসা বেঁধেছে। জল তার গলা চেপে ধরবে জেনেও তবু সে জলে লাফায় প্রতিবার। সে জানে যে মানুষের নিয়তি এটাই। অবশ্যম্ভাবী বিপদ জেনেও তাকে এড়িয়ে যাওয়া যায় না।

গ্যাঁড়ার মৃতদেহের ময়না তদন্তের সময় ফরেনসিক ডিপার্টমেন্টে সেই বড়কর্তা উপস্থিত ছিলেন। কোথাও তাঁর মনে একটা সন্দেহ ঢুকে গেছিল। যে মানুষ জলে ডুবে মারা যায় তার ফুসফুসে জল ঢুকে যায়। তার মনে হয়েছিল গ্যাঁড়া হয়তো জলে ডুবে মারা যায়নি। তাকে আগে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ময়না  তদন্তে দেখা গেল তেমনটা নয়। গ্যাঁড়া সত্যি সত্যি জলে ডুবে মরেছে এরপর পুলিশ কেস বন্ধ করে দিল। গ্যাঁড়ার মারা যাওয়াটা অপঘাত, খুন নয়!

সেদিন সকালে গ্যাঁড়া যখন স্নান করতে যাচ্ছে, তখন তার সামনে দিয়েই পরপর তিনটে মৃতদেহ যায়। গঙ্গার ধারেই শ্মশান। তাই এই রাস্তায় যেতে গিয়ে মৃতদেহ দেখা কিছু অস্বাভাবিক নয়। কিন্তু দশ মিনিটের মধ্যে পরপর তিনটি মৃতদেহ দেখাটা একটু বাড়াবাড়ি। গ্যাঁড়ার মন কু ডাকে। এরপর ঘাটে যখন পৌঁছেছে, তখন একজোড়া কুকুর, একটা একদম সাদা শুধু একটা কান কালো আর একটা একদম কালো শুধু একটা কান সাদা তার আগে আগে যায়। ঘাটের প্রত্যেকটা কুকুর কে সে চেনে ,কিন্তু এদুটো নতুন। এদের আগে কখনো দেখেনি। ঘাটের শেষ ধাপ অব্দি তার সঙ্গে গিয়ে, কুকুর দুটো কোথায় যেন চলে গেল। এদিক ওদিক তাকিয়েও তাদের দেখতে পেল না কোথাও। জলে পা ডুবিয়ে গায়ে সরষের তেল মাখতে হঠাৎ চোখে পড়লো একটা মেয়ে ঘাট থেকে বেশ অনেকটা দূরে চলে গেছে। সেখানে ডুবজল হওয়ারই কথা, কিন্তু মেয়েটা দাঁড়িয়েই আছে। এই নদীর, বিশেষ করে এই ঘাটের, আনাচ কানাচ গ্যাঁড়ার নখদর্পণে। যেখানে মেয়েটা দাঁড়িয়ে আছে, সেখানে তো জল অনেকটাই গভীর। ওখানে তো দাঁড়াতে পারার কথা নয়। কিন্তু মেয়েটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাসছে। গ্যাঁড়া চেঁচিয়ে তাকে ডাকতে যাবে, ঠিক তার আগেই সে মুখ ঘুরিয়ে গ্যাঁড়ার দিকে তাকালো। তার মাথার ঘোমটা পড়ে গেছে। এ মুখ তো তার চেনা, শুধু মাঝখানে অনেক অনেক বছর হল এ মুখ সে দেখেনি। মেয়েটার বিশাল দুই চোখে কৌতুক ঝলসাচ্ছে । গ্যাঁড়ার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থেমে গেল।

স্মৃতির সঙ্গে মানুষের একটা যুদ্ধ চলে। বেশিরভাগ মানুষই স্মৃতি আঁকড়ে বাঁচতে চায়। ভালো খারাপ সব রকম স্মৃতি। তবু হাতের মুঠো থেকে বালির মতোই আঙ্গুলের ফাঁকে গলে স্মৃতি ঝরে যায়। গ্রাস করতে থাকতে বিস্মৃতি। ফাঁক ফোকরে বাসা বাঁধতে থাকে নতুন নতুন অভিজ্ঞতার সাম্প্রতিক স্মৃতি। পুরনো বাড়ির ফাটলে যেমন বটচারা। ভেতরে ভেতরে শিকড় ছড়িয়ে বাড়ির বুনিয়াদ আলগা করে দেয়। ছোটবেলাতেই বাপ-মা হারানো, পরিবার বিচ্ছিন্ন গ্যাঁড়ার সুখ স্মৃতি বলতে আর কি! তবু সেটাকেই সে আঁকড়ে রাখে। সেটাই তার পরিচয়, ব্যক্তিস্বত্তা। সেটাও যখন আঙুল গলে ঝরে যায়, একটা বিপন্নতা তাকে গ্রাস করে। এই মেয়েটার মুখটা দেখে গ্যাঁড়ার সেটাই মনে হলো। কি করে যে এতদিন এই মুখটাকে ভুলে ছিল! এই প্রথম বিস্মৃতির মুখোমুখি যেন দাঁড়িয়ে আছে গ্যাঁড়া। মাঝখানে জল থৈথৈ করছে।

গ্যাঁড়া জানে নদীর বুকের ভেতরটা নীলচে সবুজ। আলো সেখানে তলিয়ে যেতে যেতে ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে অনেকটাই। সেখানে গায়ের পাশ দিয়ে মাছেরা কখনো কখনো অলস সাঁতার কেটে চলে যায়। নদীর বুকে নুড়ি পাথরে সবুজ শ্যাওলা স্তর। সেখানে কালো-ছায়ার সুতো আলোর জাজিমে নকশা বোনে। সেই দীঘল চোখের দিকে তাকিয়ে ন্যাড়া চোখের সামনে ভেসে উঠলো তার চিরচেনা নদীর অন্তঃস্থল। এতদিন ধরে সে কি মিথ্যেই জলকে ভয় পেয়েছে! সে আজ এতদিনের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেল।নরম হাওয়া বইছে। ভোরের শৈশব কাটছে। যে কোন মুহূর্তে সূর্য উঠবে!

0 Comments

Post Comment