“কীরে বাবাই, চললি কোথায় ?”
“তোমার কাছেই আসছিলাম কাকু। “
“আমার কাছে? বল কী দরকার?”
“কাকু, প্রফেসর অশোক সেন প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লাইন পুরস্কার পেয়েছেন। দারুন এক্সাইটিং খবর। তুমি ফিজিক্সের প্রফেসর। তাই সেই নিয়ে একটু কথা বলতে এলাম। ......... আচ্ছা কাকু, এই অস্কার ক্লাইন পুরস্কার কি নোবেলের সমান? “
“না রে"।
“কিন্ত, সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই মেডেল না কী নোবেল পুরস্কার পেলে যে মেডেল দেওয়া হয় তার সমান দামী। কেউ কেউ তো আবার বলেছেন অস্কার ক্লাইন পুরস্কার আসলে থিওরেটিকাল সায়েন্সে “অস্কার”। “
“দ্যাখ, আমাদের দেশে, বিশেষ করে বাংলায়, যেমন মিডিয়া তেমনি সোশ্যাল মিডিয়া। কেউ নূন্যতম পড়াশুনো করে না। সবার তাগিদ ভাইরাল হবার। আর এই নোবেল ফেটিশ আজকে নতুন নয়। প্রফেসর সেন ডিরাক মেডেল পাওয়ার পর, সম্ভবত, কিংবা ব্রেক থ্রু প্রাইজও হতে পারে – ওনাকে একটি মিডিয়া গোষ্ঠী “সেরা বাঙালি “ পুরস্কার দেয়। সেই পুরস্কার মঞ্চে ইলেকট্রনিক মিডিয়ার তথাকথিত সেরা অ্যাংকর বত্রিশ পাটি বের করে জিগালেন – এরপর কি নোবেল প্রাইজ ? ভেবে দ্যাখ – লেখাপড়ার জগত যে ওমন টার্গেট ড্রিভেন নয়, রিসার্চ যে কর্পোরেট মডেলে চলে না, সেই সামান্য জ্ঞানটুকু নেই! তার উপর প্রফেসর সেন কাজ করেন খানিক অ্যাবস্ট্রাক্ট ফিল্ডে – তার এক্সপেরিমেন্টাল এভিডেন্স পেতে এখনও বেশ দেরি। আর থিয়োরির এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন না হলে নোবেল পাওয়া যায় না। আজকের দিনে এই ইনফর্মেশন সহজেই পাওয়া যায়।অথচ প্রাইম স্লটে প্রোগ্রাম চালানো অ্যাংকরের কাছে সেই খবর থাকে না, না কি থাকলেও একজন শিক্ষক – গবেষক কে কী প্রশ্ন করাটা যথাযথ সেই জ্ঞান নেই, কে জানে? আর সোশ্যাল মিডিয়ার কথা যত কম বলা যায় ততই ভাল। পিটার হিগস “হিগস বোসন” এর জন্য নোবেল পাওয়া না কী সত্যেন বোসের প্রতি অবিচার!রজার পেনরোজের নোবেল অমল রায়চৌধুরীর প্রতি বঞ্চনা আর দুয়ে মিলে সায়েবরা বাঙালি কে বঞ্চিত করেছে এই হল ষড়যন্ত্র তত্ব! “
“বল কী কাকু! আমি ত ক্লাস ১১ এ পড়ি। তাও জানি যে বোসন হল এক ধরণের কণার সাধারণ নাম। এই প্রজাতির কণা দল বেঁধে যে নিয়ম কানুন মেনে চলে তার তাত্বিক রূপরেখা দিয়েছিলেন আইনস্টাইন আর সত্যেন বোস। তার মানে কি যত নতুন বোসন আবিষ্কার হবে তার কৃতিত্ব সত্যেন বোসকে দিতে হবে?”
“একদম ঠিক বলেছিস। দ্যাখ, তুই সবে ফিজিক্স পড়া শুরু করেছিস কিন্ত একদম সঠিক জায়গাটা ধরেছিস। আর এই সবজান্তা ইনফ্লুয়েন্সাররা কেবল রিচ বাড়ানোর জন্য এইসব আজগুবি কথাবার্তা ছড়ায়, এদের গদগদ অনুগামীরা সেগুলো গোগ্রাসে গেলে আর বিশ্বাস করে। এদিকে তুই তথ্য দিয়ে দেখাতে যা যে স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় সরকার কীভাবে বাংলাকে বঞ্চনা করে আসছে, সমর্থন ত দূরের কথা, উলটে তোকে উপহাস করবে, বলবে বাঙালি নিজে অকর্মণ্য বলে এইসব অজুহাত দেয়"।
“কাকু, তোমার সঙ্গে প্রফেসর সেনের আলাপ আছে?”
“ না রে, সেই সৌভাগ্য হয় নি। তবে ওনার সঙ্গে একই চিঠিতে সই করেছি।“
“ওমা, তাই ? কীরকম?”
“এতদিনে ত সর্বভারতীয় কয়েকটা মিডিয়া থেকে জেনে গেছিস যে প্রফেসর সেন নিছক বিজ্ঞান সাধনাই করেন না, সামাজিক বিষয় নিয়েও উনি যথেষ্ট ওয়াকিবহাল এবং সীমিত সামর্থ্যে বিজ্ঞানীর সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করেন। ভারতে সামাজিক অসহনশীলতা, প্যালেস্টাইনে মানবাধিকার লঙ্ঘন বা ইরান এবং প্যালেস্টাইনের বিজ্ঞানীদের উপর আক্রমণের তুমুল প্রতিবাদে উনি গলা মিলিয়েছেন এ খবর তো নিশ্চয় জানিস। তবে এটা বোধহয় জানিস না যে ১৯৯৮ সালে পোখরাণে পরমাণু বোমা পরীক্ষার বিরুদ্ধেও উনি আওয়াজ তুলেছিলেন। পোখরাণ-২ এর পর তীব্র জাতীয়তাবাদী আবহাওয়ায় সে বড় সাহসের কাজ ছিল"।
“কী ছিল সেই চিঠিতে ? আর তুমি পেলে কীভাবে?”
“সেই চিঠির বক্তব্য ছিল যে যখন সময়ের দাবি পারমাণবিক নিরস্ত্রীকরণ তখন এই পদক্ষেপ অস্থির দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলবে। চিঠিতে জানতে চাওয়া হয়েছিল যখন জমিনি বাস্তবতা হল আমাদের দেশে বিজ্ঞান ও প্রযুক্তিকে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নে প্রাধান্য দেওয়া তখন জাতীয় নিরাপত্তার ধুয়ো তুলে পরমানু বোমার পরীক্ষা কেন? চিঠিটা ই-মেলে দেশ বিদেশের নানা ইন্সটিটিউটে পাঠান হয়েছিল সই সংগ্রহের জন্য। এইভাবেই আমি পেয়েছিলাম।স্বাক্ষরকারীদের মধ্যে প্রথমদিকেই ছিল অশোক সেনের নাম। গবেষক হিসেবে শ্রদ্ধা ত ছিলই, মানুষ হিসেবেও ওনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল এই ঘটনার পর। “
“ওনার লেকচার শুনেছ নিশ্চয়।“
“ অবশ্যই। সে বেশ মনে রাখার মত ঘটনা। অশোক সেনের নাম প্রথম শুনেছিলাম যখন আমার বয়স তোর চেয়ে এই দু তিন বছর বেশি, বি এস সি পড়ি। যে মানুষটির অনুপ্রেরণায় ততদিনে ঠিক করে ফেলেছি ফিজিক্স নিয়েই যতদূর যাওয়া যায় যাব, তিনিই ওনার গল্প শুনিয়েছিলেন। যা ইম্প্রেশন পেয়েছিলাম তা হল মানুষটি ঋষিতুল্য, গবেষণা ওনার কাছে দুর্গম গুহায় একাকী তপস্যার মত। এতটাই নিবেদিতপ্রাণ যে কাজ করতে করতে নাওয়া খাওয়া ভুলে যান। শুনে খুব কৌতূহল হয়েছিল তাঁকে দেখার। সে সুযোগ পেলাম ৯৭ সালে আই আই টি কানপুরে। উনি তখন বেশ পরিচিত এবং সাড়া জাগানো নাম। কানপুরে পাবলিক লেকচার দিতে এলেন। হলে সেদিন বসার জায়গা দূর, দাঁড়ানোর জায়গাও অকুলান হয়েছিল। ১ ঘন্টার লেকচারে নূন্যতম ম্যাথামেটিকাল ইকুয়েশন ব্যবহার করে স্ট্রিং থিয়োরির মত বিমূর্ত জিনিসকে উনি যেভাবে জীবন্ত করলেন ...... ভাবা যায় না। জটিল, গাণিতিক বিষয়কে উনি ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য এমন সহজ বোধ্য করলেন যে আমার পি এইচ ডি গাইড হল থেকে বেরিয়ে মন্তব্য করেছিলেন – “এই এতদিনে বুঝতে পারলাম এরা কী বলতে চায়।“ উনি কিন্ত তুখোড় ফিজিসিস্ট এবং ততোধিক ভাল ম্যাথামেটিশিয়ান ছিলেন। তাও স্ট্রিং থিয়োরি এবং পার্টিকল ফিজিক্সের পরিভাষা ওনার কাছে খটোমটো লাগত। সুতরাং বুঝতে পারছিস তো অশোক সেন সেদিন কী অসাধারণ কাজটি করেছিলেন। আর এই কাজটি উনি নিয়মিত অনায়াসে করে থাকেন। অসাধারণ প্রতিভা না থাকলে কারও পক্ষে এ জিনিস সম্ভব নয়"।
“কী দারুণ ব্যাপার ! আচ্ছা কাকু, একটা জিনিস না কিছুতেই বুঝতে পারছি না। অশোক স্যার এত বড় স্বীকৃতি পেলেন, কিন্ত সরকারের তরফে কোনরকম প্রচার, সম্মানপ্রদান ...... কোন কিছুই নেই কেন? উনি ত দেশের গর্ব, তাই না ?”
“ভাল প্রশ্ন তুলেছিস। আসলে ওনাকে প্রচারের আলোয় নিয়ে আসলে বোধহয় সরকারের অসুবিধা"।
“কেন? কিসের অসুবিধা?”
“অসুবিধা নয়? যে লোকটা যুক্তি দিয়ে বলে কেন সে নাস্তিক, সরকারের প্রচ্ছন্ন মদতে ঘটে চলা সামাজিক ভেদাভেদের বিষয়ে স্পষ্ট মতামত দেয়, বিদেশের “বন্ধু” সরকারগুলির নরসংহারের প্রতিবাদ করে, উপরন্ত সরকারী অনুগ্রহ লাভের জন্য এ কমিটি সে কমিটির মাথায় বসার জন্য লবিবাজী করে না, সে ত সরকারের কাছে চরম অস্বস্তিদায়ক এক ব্যক্তিত্ব। তাকে পোস্টার বয় করতে গেলে সরকারের দ্বিচারিতা উন্মুক্ত হয়ে যাবে যে! ওনাকে যে সরকারের আশীর্বাদধন্য অনলাইন বাহিনী এখনও দেশবিরোধী, ধর্ম বিরোধী দাগিয়ে দেয়নি এই অনেক"।
“আচ্ছা, সে না হয় রাজনীতির কথা হল। কিন্ত, তোমার কী মনে হয় না এই পুরষ্কারের পর দেশজুড়ে থিওরেটিকাল ফিজিক্স, বিশেষত মহাবিশ্বের রহস্য সংক্রান্ত গবেষণায় উৎসাহ বাড়বে? আর সরকারের ত তাতে অসুবিধা হবার কিছু নেই। অশোক স্যার নিজেই ত ইন্টারভিউতে বললেন এই ধরণের রিসার্চে পয়সা লাগে না। তাই আমাদের দেশে বসেও প্রথম সারির রিসার্চ সম্ভব"।
“ দ্যাখ, তোকে নিরুৎসাহিত করতে চাই না। তবে কয়েকটা জিনিস স্পষ্ট হওয়া দরকার। আমাদের দেশে বিজ্ঞান চর্চায়, গবেষণায় কোনকালেই ফান্ডিং এবং অন্যান্য সুযোগ সুবিধা বিশেষ ছিল না। তা সত্ত্বেও একজন প্রফেসর সেন তৈরি হবার পিছনে কয়েকটা কারণ ছিল।তুই নিশ্চয় জানিস প্রফেসর সেনের স্কুল শৈলেন্দ্র মেমোরিয়াল বাংলার কুলীন স্কুলগুলির মধ্যে পড়ত না। তা সত্বেও উনি যে সময়ে স্কুলে পড়েছেন, এমনকি আমার সময়েও, অর্থাৎ ওনার চেয়ে বছর পনের পরে, সরকারী স্কুল শিক্ষায় একটা ব্যাপার ছিল। সেটা হল যে পড়াশুনো করার উদ্দেশ্য নিছক উপার্জনের রাস্তা তৈরি নয়, তার উদ্দেশ্য নানা বিষয়ে জ্ঞান আহরণ, এবং তাকে কীভাবে জগত বুঝতে কাজে লাগানো যায় সেই দিকটি সম্বন্ধে ধারণা তৈরি করা।সাধারণ সরকারী স্কুলেও তখন একাংশ ছিলেন যারা এই দিকটি সম্পর্কে বিশেষ যত্নশীল ছিলেন। প্রযুক্তি ভালভাবে বুঝতে গেলে যে মৌলিক বিজ্ঞানের শিক্ষা ভাল হওয়া দরকার, বিজ্ঞানীর কাজ যে সমাজ সচেতন হওয়াও এবং তার জন্য সমাজ সম্বন্ধে ধারণার প্রয়োজন, ইতিহাস, ভূগোল জানাটাও সমান জরুরী – এই ধারণাগুলি সেই সময়ে তলে তলে বহমান ছিল।আজকের প্রফেসর সেন কিন্ত সেই সমস্ত কিছুর প্রোডাক্ট।
আর এখন দ্যাখ। সরকারী স্কুলে শিক্ষকদের পড়ানোর চেয়ে বেশি সরকারের অন্যান্য স্কিমের কাজ বেশি করতে হয়, সরকারী স্কুলগুলি এক এক করে বন্ধ করে দেওয়া হচ্ছে। যুক্তি হল যথেষ্ট ছাত্র হচ্ছে না। কেউ কি প্রশ্ন করেছে যে কেন হচ্ছে না? স্কুলের মত অবস্থা কলেজেও। কলকাতার প্রথম সারির কলেজে বিজ্ঞান পড়ার জন্য সিট ফাঁকা এ কেবল প্রফেসর সেন কেন, আমাদের সময়, এমনকি তার পরেও কল্পনার অতীত ছিল।অথচ এখন ত তাই হচ্ছে।
এবার আসি আর একটু উপরের দিকে। প্রফেসর সেন যেখান থেকে মাস্টার্স করেছেন সেই কানপুর আই আই টি’তে ১২ ক্লাসের পরেই ফিজিক্সে ৫ বছরের ইন্টিগ্রেটেড এম এস সি প্রোগ্রাম ছিল। তাতে যেত আই আই টি’র পরীক্ষায় মেরিট লিস্টের উপরদিকে নাম থাকা ছাত্র ছাত্রীরা। তারাই পরে মৌলিক বিজ্ঞানের গবেষণায় বিখ্যাত হয়েছে। এখন একটু খবর নিয়ে দেখিস ত পরিস্থিতি এক আছে কীনা।“
“তাহলে, তুমি বলতে চাইছ ......”
“আমি বলতে চাইছি যে পশ্চিমের তুলনায় আমাদের দুর্বল ফাউন্ডেশন হলেও যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্ত সেই ফাউন্ডেশন কে মজবুত করার পরিবর্তে আমরা তাকে আরো নড়বড়ে করে দিচ্ছি। আয়রনি কী জানিস? আমাদের শিক্ষাবিদদের প্রায় ১০০ শতাংশ এ দেশের সরকারী শিক্ষাব্যবস্থার প্রোডাক্ট। অথচ তাঁদের সরব এবং নীরব মদতে আমরা সেই ব্যবস্থাকে ধ্বংস করছি। যেখানে আরো অনেক প্রফেসর সেন তৈরি হবার কথা ছিল, সেখানে আজ সিকিভাগ প্রফেসর সেন তৈরি হলেও সেটা বিস্ময়কর হবে"।
“ এটা বড্ড একপেশে বলছ। ধ্বংসের কী আছে? ফান্ডামেন্টাল সায়েন্সে রিসার্চ করতে ত কেউ বারণ করছে না ! ওখানে ত পয়সা লাগে না। বরং সরকার উদ্যোগ নিচ্ছে যাতে ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করা যায় । কোয়ান্টাম কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসবে বিনিয়োগ না হলে আমরা বিদেশের সঙ্গে প্রতিযোগিতায় নামব কীভাবে?”
“না, বারণ কেউ করছে না কিন্ত এমন আবহাওয়া তৈরি করা হচ্ছে যাতে নতুনদের উৎসাহিত হওয়া মুশকিল। এই যে দ্যাখ, ফিজিক্স পড়াতেই একটা অনীহা তৈরি হয়েছে। তার কারণ হল ফান্ডামেন্টাল ফিজিক্স পড়ে কর্মসংস্থান হবে না। শিক্ষাবিদ থেকে ছাত্র ছাত্রীর দাবি হল কলেজের সিলেবাসে কর্মমুখী বিষয় পড়াতে হবে। দাবীটা শুনতে খুবই ভাল। কিন্তু, প্রশ্ন হল দুটি ঃ এক, কর্মমুখী বলতে কোন কর্ম? ঝাঁকে ঝাঁকে দক্ষ শ্রমজীবী যারা কর্পোরেট মইয়ে নিচের দিকে থাকবে? সবই একটু একটু জানবে কিন্ত কোনটাই গভীরে জানার পরিসর থাকবে না, এমন কর্ম? সেই কর্মই বা কী পরিমাণে তৈরি হচ্ছে বা হবে তার কোন বিজ্ঞানভিত্তিক সমীক্ষা আছে? দুই, ফান্ডামেন্টাল মজবুত না করে গাদা গাদা ভারী নামের অ্যাপ্লায়েড বিষয়ে জানলেই কি শ্রমের বাজারে ভাল দাম উঠবে? তাছাড়া সেই অ্যাপ্লায়েড বিষয় পড়াবে কারা? ঘন্টায় ৫০০ টাকার অতিথি শিক্ষকেরা? এই ভয়াবহ অনিশ্চয়তার আবহে ফান্ডামেন্টাল ফিজিক্সে রিসার্চ করার বুকের পাটা কজনের থাকবে বল ত?”
“দ্যাখ কাকু, তুমিই ত একবার বলেছিলে রিসার্চ করা যার তার কর্ম নয়, সবরকম কঠিন পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি থাকলে তবেই রিসার্চ করার কথা ভাবা উচিত। তাহলে এখনও সেইরকম লোকই চ্যালেঞ্জ নিয়ে রিসার্চে আসবে।একবার এসে গেলে ত তারপর তোমাদের সময় থেকে এখনকার পরিস্থিতি ত আলাদা কিছু নয়। সে লড়ে নেবে।”
“না রে। পরিস্থিতি বেশ আলাদা।কীরকম, সেটা বোঝাতে একটা ধারণার কথা বলি। শুনতে অদ্ভুত লাগবে। হেসে উড়িয়েও দিতে পারিস।“
“বল বল"।
“আজকের দিন হলে প্রফেসর সেন চাকরি পেতেন কীনা সন্দেহ। পেলেও ওনার পদোন্নতি হত কীনা সে নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে।“
“মানে?”
“মানে যা বললাম তাই। এখন ইন্সটিটিউটগুলিতে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপ করে টাকা আনতে পারাটাই আসল রিসার্চ। তোমার রিসার্চ পেটেন্ট করতে পারলে তবেই তা দর পাবে। রিসার্চ ফান্ডিং এর আইডিওলজি সেইভাবেই পরিবর্তন করা হচ্ছে। আমার ফান্ডিং এর দরকার নেই বললেও প্রশ্ন উঠছে তুমি ইন্সটিটিউটের জন্য কত টাকা আনতে পারছ। তুই নিশ্চয় শুনেছিস দেশের একটি বিখ্যাত ইন্সটিটিউটের ডিরেক্টর বলেছেন প্রোডাক্ট তৈরি করে ১০ লাখ টাকা ওঠাতে পারলে তাকেও পি এইচ ডি ডিগ্রি দেওয়ার ব্যবস্থা রাখা উচিত। তাহলেই ভেবে দ্যাখ, এই আবহে বিমূর্ত বিষয়ে যিনি গবেষণা করেন, যার গবেষণার পরীক্ষামূলক প্রমাণ পেতে হয়ত আধা কী পুরো শতাব্দী লেগে যেতে পারে তিনি চাকরিপ্রার্থী হলে তাঁকে সমাদর করা হত কী না"।
“কিন্ত কাকু, এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন ছাড়া কেবল থিয়োরি করে রিসোর্স ব্যয় করাটা কি আমাদের পোষায়? ইন্ডাস্ট্রি তাতে পয়সা দেবেই বা কেন? তাছাড়া প্রোডাক্ট তৈরি করতে পারলে পি এইচ ডি দেবার মডেল ত চীনের। ওরা করতে পারলে আমরা কেন করব না?”
“ভাল প্রশ্ন করলি। একে একে বলি। এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন ছাড়া থিয়োরি না ফিজিক্সের ইতিহাসে দিব্য হয়েছে। কটা উদাহরণ দিই। এই যে তোরা কোয়ান্টাম কম্পিউটেশন নিয়ে মাতামাতি করিস, তার ভিত্তি হল কোয়ান্টাম মেকানিক্স।তার অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব হল ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ যে কোন বস্তুর মধ্যে কণা এবং তরঙ্গ দুইয়েরই ধর্ম থাকে। ১০০ বছর আগে লুই দ্য ব্রগলি তাঁর পিএইচ ডি থিসিসে এই থিয়োরি প্রস্তাব করেন। ওনার পি এইচ ডি পরীক্ষকেরা প্রায় এই থিসিস বাতিল করে দিয়েছিলেন। শেষে আইনস্টাইনের হস্তক্ষেপে এই থিসিস পাশ হয়। বাকিটা ইতিহাস। এবার ভাব যদি দ্য ব্রগলি’কে সেদিন নাকচ করে দেওয়া হত! তারপর ভাব হালের মহাকর্ষ তরঙ্গের কথা। আইনস্টাইন এর থিয়োরি দেবার পর প্রায় ১০০ বছর লাগল পরীক্ষায় প্রমাণ পাবার। প্রফেসর সেনের স্ট্রিং থিয়োরিও প্রকৃতিকে বোঝায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই মূহূর্তে এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন না থাকুক, এই থিয়োরির ভিত্তিতে অনেক অজানা জিনিসকে ব্যাখ্যা করা যাচ্ছে,তাই না?সেটাই কি এই রিসার্চের ভ্যালিডেশন নয়?
ইন্ডাস্ট্রির কথা বললি। আমাদের দেশের ইন্ডাস্ট্রি কি আদৌ নতুন কিছু পাবার জন্য গবেষণায় বিনিয়োগে আগ্রহী? তারা চায় বিদেশ থেকে পুরনো প্রযুক্তি কিনে তাই দিয়ে চটজলদি কিছু প্রোডাক্ট তৈরি করতে। নতুন কিছু উদ্ভাবন করতে গেলে সময় লাগে, ঝুঁকি নিতে হয়। একটা উদাহরণ দেখা ত যেখানে আমাদের ইন্ডাস্ট্রি সেই চেষ্টা করেছে।
চীনের কথা যখন বললি তখন বলি চীন এই মডেল নিয়ে ভাবনাচিন্তা করতে পারছে কারণ ওরা ওদের ফান্ডামেন্টাল সায়েন্স এবং টেকনোলজি দুই রিসার্চেই জমি শক্ত করে ফেলেছে। তার জন্য ওরা পরিকল্পনা করেছে বহু দশক ধরে। সেই পরিকল্পনা ধরে ধরে এগিয়েছে। আমাদের মত পশ্চিমের অনুকরণে আজ এটা, কাল সেটা নিয়ে হৈ হৈ করে বারবার ফোকাস পরিবর্তন করেনি। “
“ হুম, তোমার কথাগুলো ভাবিয়ে তুলল। তাহলে কাকু, তোমার মতে আমাদের কীভাবে এগনো উচিত?”
“আমার মতে আমাদের উচিৎ ছিল যে যে জায়গায় আমাদের শক্তি, যেমন ধর থিয়োরেটিকাল ফিজিক্স যেখানে আমাদের একটা ট্র্যাডিশন ছিল, সেইসব জায়গাকে জোরদার করা।আমাদের উচিত ছিল সরকারী শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা। আমাদের উচিত ছিল বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা। এর কোনোটাই আমরা করিনি বা নিকট ভবিষ্যতে করব এমন ইঙ্গিত পাইনি। অতএব প্রজন্মের পর প্রজন্মকে কর্পোরেট ইন্টারেস্টের দাস বানানো আর কখনও একজন প্রফেসর সেনের আবির্ভাব হলে সেই গৌরবের আলোয় গৌরবান্বিত বোধ করাই বুঝি আমাদের ভবিতব্য।“
“কাকু, তাহলে কি ফান্ডামেন্টাল রিসার্চে যাওয়া মানে শুধুই হতাশা? আমার কি তবে এ নিয়ে ভাবাই উচিৎ না।“
“না রে, তা কী করে বলি? যদি তোর মোটিভেশন থাকে তবে অবশ্যই যাবি। তবে সংশ্লিষ্ট প্রতিবন্ধকতাগুলোও মাথায় রাখবি। তোদের প্রজন্মের সামনে বাধার পাহাড় আমাদের প্রজন্মের চেয়ে অনেক উঁচু, আর এর দায় আমাদের প্রজন্মের। আমাদের কাজ ছিল পাহাড়কে টিলা বানানো। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। কিন্ত আমি তোদের প্রজন্মের উপর ভরসা রাখি। একদিন তোরা নিশ্চয় সুড়ঙ্গ বানিয়ে পাহাড় জয় করবি। আমার পূর্ণ সমর্থন আর শুভেচ্ছা তোদের জন্য"।