জ্যৈষ্ঠ মাস যত শেষের দিকে যায়, আকাশের আগুন গরম যত বাড়ে, তত বিজবিজে অস্বস্তিকর ঘামের জন্ম হয়। নিত্য প্রাতঃভ্রমণকারীরা হাঁটা শেষে পার্ক থেকে বের হয়েই সব বাজারের পথ ধরেন। যত আগে পৌঁছবেন তত ফ্রেশ শাক-সবজি মাছ কিনতে পারবেন। সেখানে বেশ ঠেলাঠেলি করতে হয়। প্রতিযোগিতায় পড়তে হয় না কেবল পাকা আম কেনার সময়। এ সময় অঢেল আম। বাজার ছাড়িয়েও রাস্তার ফুটপাতের ধারে ট্রলিভ্যানের উপর আম সাজিয়ে তারা প্রত্যাশা করে খরিদ্দারের। ডাকাডাকি করে, সে ডাকে অনেকে সাড়া না দিলেও আমি দিই। আমার চোখে ফলের রাজা আমের তুলনা পাওয়া ভার। জন্ম ডায়াবেটিক রোগী তবুও আম খেতে যেমন তেমনই খাওয়াতে ভালোবাসি। কিন্তু এ কেমন কথা হকারদের মধ্যে ডাকে তো অনেকেই কিন্তু প্রতিদিনই একটি জায়গায় এসে একটি ট্রলিভ্যানের সামনে আমি যেন আটকে যাই। পা নয়, আটকে যায় আমার চোখ। বিক্রেতার চেহারা, বয়স এবং মুখের সারল্য আমাকে প্রথম দিনেই টেনেছিল। তারপর থেকে জানি না কী কারনে সে আজ আমার বড় আপনজন। সেও আমাকে বড় ভালবেসে ফেলেছে, আমাকে ভরসা করে। আসাবুল ওরফে মিঠুন। ওর টাইটেল মন্ডল।
দিন দুয়েক ধরে রাস্তার ধারে ওকে আর দেখছি না কেন? কোনও অসুখ-বিসুখ হয়নি তো! এই গরমেও চারিদিকে জ্বরজারি, ইনফ্লুয়েঞ্জা, সর্দি-কাশির বাড়বাড়ন্ত হয়েছে। মনকে প্রবোধ দিই হয়তো শরীর খারাপ করেছে। যাইহোক পরের দিনেই ওকে আবার দেখতে পাই। শরীরটি আরও শীর্ণ হয়েছে, মলিন মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। জিজ্ঞেস করি কী হল ভাই? কদিন ধরে দেখতে পাইনি কেন? কোথাও গিয়েছিলি? নাকি অসুখে পড়েছিলি?
–না কাকু, উকিলের বাড়ি গিয়েছিলাম।
–উকিলের বাড়ি…? কেন?
মুখ নিচু করে থাকে সে বেশ কিছু সময়। বুঝতে পারি ওর বলতে অস্বস্তি, চোখ দুটি ছল ছল করছে। ওকে স্বাভাবিক করতে বলি, তোর বলতে ইচ্ছা না করলে বলতে হবে না। তবে কখনও কখনও বড়দেরকে বলতে হয়, এতে হালকা হওয়া যায়। তুই তো আমাকে কাকু বলিস, আপত্তি না থাকলে, আমাকে বলতে পারিস।
একটি দীর্ঘশ্বাস ফেলে এবার সে বলতে শুরু করে তার কষ্টের কথা।
–বাপ মরে গিয়েছিল আমি যখন মায়ের পেটে। আমার বড় আরও দুজন দিদি আছে। মা আমার, লোকের বাড়ি বাড়ি কাজ করে আমাদের বাঁচিয়ে রেখেছিল, কাকু। আমরা খুব গরীব। আমার দিদিরা মহাজনের কাছ থেকে কাটা কাপড় নিয়ে এসে ব্লাউজ সেলাই করে আর মা তাদের বোতাম টেঁকে। আমি টুকটাক যখন যেমন তেমন কিছু কাজ করি। এই যেমন আমের সিজনে আম বেচি। কাকু যেটুকু পয়সা জমেছিল সব শেষ হয়ে গেছে। এখন কী যে হবে!
আমি কোনও উত্তর দিতে পারি না। বরং প্রশ্ন করি, কী করে শেষ হল?
বড়দিদিকে বিয়ে দেওয়া হয়েছিল, তখন বেশ কিছু দেনা হয়ে গিয়েছিল। সেই দিদিকে ওরা তাড়িয়ে দিল, ওদের দাবি মত গয়না ও টাকা দিতে পারেনি মা, তাই। এখন দিদিরাও কাজ করে, আমিও করি আর সেই দেনা শোধ দিই।
–তাহলে তোর বড় দিদির জন্য উকিলের কাছে গিয়েছিলি?
–না কাকু, সে খোরপোষের কেস চলছে, তার জন্য যাইনি। এবার গিয়েছিলাম আমার নিজের জন্য।
আমি অবাক হয়ে যাই। বিস্ময়াবিষ্ট হয়ে প্রশ্ন ছুড়ি, আমার জন্য মানে? তোর আবার কী হল? কোনও মারপিটে জড়িয়ে পড়েছিলি কি?
–না, মারপিট টারপিট নয়। আমার নাম ভোটার লিস্ট থেকে কেটে দিয়েছে তো, তাই উকিলবাবু ডেকেছিলেন। টাকাও নিল, এদিকে আমার দু দিনের আয়ও গেল। এমন করলে, কি আমাদের চলে কাকু?
–ভোটার লিস্ট থেকে নাম কেটে গেলে আলাদা করে দরখাস্ত করলেই হয়। তার জন্য আবার উকিলবাবু ডাকবে কেন?
–আমার নাম একবার তো কাটেনি, পরপর দুবার কেটে দিয়েছে। অথচ কাকু অন্যায় ভাবে কেটেছে। উকিল বাবুও বললেন এ একেবারে অন্যায় কাজ চলছে। কাকু আমার না খুব ভয় করে, যদি আমাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়!
বুঝতে পারি, কেসটি বেশ জটিল। একবারই নাম কাটা যায়, সেখানে দু দুবার? নিজে থেকে বোঝার চেষ্টা চালাই। আন্দাজ মতো জিজ্ঞাসা করি, তুই তাহলে ট্রাইব্যুনালে আবেদন করেছিলি? সেখান থেকে কেটে দিয়েছে?
–হ্যাঁ, কাকু।
–এর আগে আন্ডার অ্যাডজুডিকেশনের সময়ও কেটে দিয়েছিল?
–হ্যাঁ।
– হিয়ারিং হয়নি?
–হয়েছিল, সে তো ব্লক অফিসে। সেই হিয়ারিং এ আমি ও আমাদের বি এল ও স্যার ছিলেন। উনিও বলেছিলেন কিন্তু কী যে হল কাকু, বি এল ও স্যারও বলতে পারেননি। আমরা তো ছয় জন নই।
–ছয় জন মানে?
–ছয় ভাই বোন।
–তোরা তো তিন ভাই বোন। তুই ও তোর দুই দিদি। ছয় জন পেল কোথায়? জানতে চেয়েছিলি বাকিরা কারা?
–কম লড়াই করিনি কাকু। ওই জন্যই কিনা জানি না শেষ অবধি ট্রাইব্যুনাল থেকেও আমার নাম কেটে দিল। অথচ আমার দুই দিদি ও মায়ের নাম টিঁকে গেল।
আমি খুবই কষ্ট পেলাম কিন্তু বিস্ময়াবিষ্ট হলাম না। কারণ এমন ঘটনার কথা প্রায়শই শুনছি। ও আবার বলতে শুরু করল।
–আমার নামে কোনও ভুল নেই, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবেতেই একই নাম তবুও…! আমার মনে হয় উকিলবাবু ওই যে আমাকে দিয়ে একটি কি বলে যেন, আরটিআই করে দিয়েছিল ওই জন্যই কিনা কে জানে! ওদের হয়তো আমার উপর খুব রাগ হয়েছিল, তাইই!
এসব কথা ও গড়গড় করে বলে যায়, আমিও চুপচাপ শুনি। বুঝতে পারি, ওর যেটুকু বোধ আছে, তাতেই ও অন্যায়ের বিরুদ্ধে যেটুকু লড়াই করেছে এবং বর্তমানে লড়াই করছে, আমরা কজন এটা করে উঠতে পারতাম!
–কাকু আমাদের একমাত্র দোষ, আমরা গরীব। আমি মাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি। সেই সময় আমার মা অসুস্থ ছিল, কাজে যেতে পারত না। আমিই তখন মাঠে রোজের কাজ করে সংসার চালিয়েছি। আমার নেই জন্ম সার্টিফিকেট, নেই পাশ সার্টিফিকেট,প্র তাই বলে কাকু আমরা বাংলাদেশী?
কী উত্তর দেব এ প্রশ্নের? মনের মধ্যে অনেক ভাবের উদয় হয় কিন্তু সর্বত্রই তা প্রকাশ করতে পারি কই! আমার নিজস্ব ক্ষমতাই বা কতটুকু! অবশেষে বলি, তা তোর উকিলবাবু কী বললেন? কী করতে হবে?
–উনি বললেন, হাইকোর্টে আপিল করতে হবে। অনেক টাকার ব্যাপার। এখন টাকা জোগাড় করি আগে।
আমার মধ্যবিত্ত মানসিকতা বলে আর এগোনো উচিত নয়। এখনই হয়তো টাকা চেয়ে বসবে। কিন্তু ভিতরের আমিত্ব বেঁকে বসে। জগতের অনেক তো দেখা হল, এও তো এক প্রকার জগতদর্শন! দেখা যাক না। তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই নিজের পার্স খুলে ওকে কিছু টাকা দিতে চাই। বিষন্ন দুখীমুখ আরো থমথমে হয়ে উঠল।
–না কাকু, ও টাকা আমি নিতে পারব না। আসলে আপনি খুব ভালো মানুষ। কেউ তো কিছু শুনতে চায় না, বুঝতে চায় না, সেখানে আপনি অতগুলো টাকা দিতে চাইছেন!
আসাবুলের অবনত দৃষ্টি আরও অবনত হয়ে লুটিয়ে পড়তে চায়। আমি বুঝি গরীবের এই আত্মনির্ভরতা, আত্মসম্মান যেমন গুণের তেমন দোষেরও। দোষ অবশ্য ওদের নয়, দোষ আমাদের মতো মানুষের যারা নিতান্তই স্বার্থপরের মতো সর্বদাই ওদেরকে ব্যবহার করেছে। করুণার চোখে দেখেছে কিন্তু কোনোদিনই সহমর্মী হয়ে পাশে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে বলেনি তুমি তোমার লড়াই চালিয়ে যাও, জিততে তোমায় হবেই, আমরা তোমার পাশে আছি। সর্বদাই আমরা ওদের অবজ্ঞা করেছি। প্ল্যাটফর্মগুলি থেকে ওদের উচ্ছেদ হলে আমরা আনন্দিত হয়েছি, বস্তি উচ্ছেদ হলে উৎসব করেছি, শাসনযন্ত্রের সমর্থনে বড় বড় ডায়লগবাজি করেছি, কখনও ওদের প্রকৃত আত্মীয় হতে পারিনি। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে বলি, তুই কী করে তোর লড়াই জিতবি?
–জিততে আমাকে হবেই কাকু! আমি জিতবই।
প্রবল পরাক্রান্ত শাসনযন্ত্রের সাথে এ শিশু লড়াই করে জিততে চায়। যেখানে তাবড় তাবড় বুদ্ধিজীবী তাদের কলমের কালি ফেলে দিয়েছে, মেরুদন্ড বিক্রি করে দিয়েছে, অবনত মস্তকে সব অন্যায়কে মেনে নেওয়ার মানসিকতায় নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছে, শক্তিশালী ক্ষমতার চাটুকারিতায় নিজেদেরকে লিপ্ত করে রেখেছে, সেখানে এ শিশু প্রতিজ্ঞাবদ্ধ অসীম শক্তিধর। একে আমাদের সর্বতো সহযোগিতা করা উচিত।
–কাকু, আমি না ড্রাইভিং জানি। এ কাজও করব। আর তুমি যদি তোমার গাড়ির ড্রাইভার হিসাবে আমাকে মাস গেলে কিছু টাকা দাও, তাহলেই হবে। তবেই তোমার টাকা নিতে পারব। আমার খুব উপকার হবে এতে।
কী করে বোঝাই, এই অবোধ অথচ অদম্য সাহসী বালককে, আমি যে নিতান্তই একজন লেখক। মানুষের কথা লেখা আমার পেশা। আমার একটা ঘর আছে কিন্তু বড় বাড়ি গাড়ি কিছু নেই যে, ছেলে। ঘর থাকলেও সম্পদ বলতে আছে কেবল বই আর বই। সঞ্চয়ও নেই যে তা দিয়ে গাড়ি কিনে তোকে ড্রাইভার বানিয়ে মাস গেলে কিছু টাকা দেব। তোর তো ধনুক ভাঙা পণ, কাজ না করে কিছুই নিবি না। তোর জন্য বড় কষ্ট হয় রে ছেলে কিন্তু মুখ ফুটেও তোকে তা বলতে পারি না। মাথা নিচু করেই ওকে বলি, ঠিক আছে রে, আমি দেখছি, কী করতে পারি তোর জন্য।
ও এক দৃষ্টিতে আমার চলার পথটিকে দেখতে থাকে।
পিছন থেকে চিৎকার করে বলে ওঠে, কাকু তুমি চিন্তা কোরো না, তুমি না পারলেও ক্ষতি নেই। আমি ঠিক টাকা জোগাড় করতে পারবই।
একজন হেরে যাওয়া মানুষ হিসাবে ঘর্মাক্ত কলেবরে ঘরে ঢুকি। অভ্যাসবশত হাত মুখ ধুয়ে চা মুড়ি ও খবরের কাগজটি নিয়ে বসি। প্রথম পাতা জুড়ে খবরের শিরোনাম ডিটেক্ট ডিলিট ডিপোর্ট অর্থাৎ থ্রিডি। সরকারি নীতি যখন তখন বিরোধিতা করি না। শুধু মনে সংশয় রাষ্ট্রীয় নিরাপত্তার দোহাই দিয়ে, সাধারণ ভারতীয় নাগরিকের উপর অত্যাচার নেমে আসবে না তো! যা কিছু চলছে তা নিয়ে এক পক্ষ বলছে ঠিকই চলছে। ওরা তো অনুপ্রবেশকারী, বাংলাদেশী, রোহিঙ্গা, ওরা আমাদের খাবারে, জীবিকায় ভাগ বসাচ্ছে, বেআইনিভাবে এসেছে, ওদের এদেশে থাকার অধিকার নেই। একথায় আপত্তির কিছু দেখি না। কিন্তু এত তাড়াহুড়ো কেন? রোহিঙ্গা তো একটাও দেখতে পাই না। বুঝি, ও কেবল হাওয়ায় ভেসে বেড়ানো কথা। আবার এটাও অস্বীকার করি না, উন্নত জীবনের আশায়, জীবনধারণের প্রয়োজনে, এক ধরনের ধর্ম নির্বিশেষে বাংলা ভাষাভাষী, বাংলাদেশী মানুষ পশ্চিমবঙ্গ কেন, সারা ভারত জুড়ে ছড়িয়ে আছে। তাদের বিতাড়ণের উদ্দেশ্য দেখিয়ে গরীব, অন্তজ, সংখ্যালঘু মানুষকে দেশান্তরী করার এই চেষ্টা কবে শেষ হবে? ওদের মধ্যে কোনও ভারতীয় থাকবে না তো? ভয় হয়, কারণ আটক হওয়া মানুষদের কথা কেউ শোনে না। কবে সবাইকে ভয় মুক্ত করা হবে? জবাব পাই না। খবরের কাগজের পাতা উল্টে চলি, কোনও উন্নয়নের খবর পাই না, পাই না মানুষের ভালো করার জন্য তেমন কোনও উদ্যোগ। এদিকে পৃথিবীব্যাপী কোথাও না কোথাও যুদ্ধ চলছে, বেকারত্ব, ক্ষুধার জ্বালায় গৃহহীন মানুষ যেন কালের গর্ভে তলিয়ে যাওয়ার জন্য অতলান্ত গভীর অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। প্রতিকী ছবি হিসেবে পঞ্চম পাতায় ভেসে ওঠে পোটলা পুটলি নিয়ে সীমান্ত এলাকায় প্রতীক্ষারত একদল মানুষ। ওরা ঠিক… মানুষ নয়, অনুপ্রবেশকারী। ওসব ভেবে আমার লাভ কী! যা হওয়ার তা হোক কিন্তু হোল্ডিং সেন্টার নামক অতি উচ্চকিত অপেক্ষালয়ে মানুষের সংখ্যা যে উত্তরোত্তর বেড়েই চলেছে। ওদের মধ্যে নেই তো কোনও ভারতীয়? কে দেবে এর উত্তর? কেউ না। কারোর দায় নেই, উত্তর দেওয়ার। আমি উত্তর খুঁজি, আসাবুল ওরফে মিঠুন মন্ডলকে কীভাবে এই আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করব।
আমার পুলিশ বন্ধু ওসি প্রশান্ত বিশ্বাসের অতি নির্ভরযোগ্য ড্রাইভার এখন মিঠুন মন্ডল। মিঠুনকে অনেক কিছু শেখাতে পড়াতে হয়েছে। ও চৌখস ছেলে, সবকিছু বুঝে নিয়ে বিশ্বাসযোগ্যতার সাথে সে তার কর্তব্যকর্ম করে। প্রায় প্রায়ই নতুন নতুন লিস্ট আসে ওসি সাহেবের কাছে। রোঁদে বের হন ওসি সাহেব। ওই সাহেবের থেকে বড় বা তারও বড় বা একেবারে সর্বোচ্চ ক্ষমতাধর কারও আদেশ মতো নতুন নতুন মানুষে হোল্ডিং সেন্টারের ক্ষুধা মেটে। মিঠুন মন্ডল লক্ষ্য রাখে কবে লিস্টে আসাবুল মন্ডলের নাম আসবে। ততদিনে কি হাইকোর্টের জাজ সাহেব ওর কথা শুনে ফেলবেন?