গোটা পৃথিবীতে নতুন করে একনায়কতন্ত্র ফিরে আসছে। স্বৈরতন্ত্র ফিরে আসছে। রাষ্ট্রের দ্বারা নাগরিকদের উপর অত্যাচার বাড়ছে। ফ্যাসিবাদ সর্বত্র এসেছে — কখনো খোলাখুলি, কখনো ভদ্র মুখোশ পরে। আর ঠিক এই সময়েই, এর উল্টো দিকে, শুরু হয়ে গেছে মানবতার জন্য, গণতন্ত্রের জন্য, মৌলবাদ বিরোধী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক মানুষে মানুষে বন্ধন দিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ। একদিকে দমন, অন্যদিকে প্রতিরোধ। একদিকে ঘৃণা, অন্যদিকে বন্ধন। এই টানাপোড়েনের মধ্যেই আজ স্বাস্থ্যের প্রশ্নটা নতুন করে ভাবতে হচ্ছে। কারণ স্বাস্থ্য আর শুধু ডাক্তার-ওষুধের ব্যাপার নেই। স্বাস্থ্য এখন গণতন্ত্রের প্রশ্ন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রশ্ন।
এই কথাটা বুঝতে হলে একটি কাঠামো বুঝতে হবে। শ্রেষ্ঠীশ্রেণীর মদতেই রাষ্ট্র পরিচালনার ভার যদি কোনো শাসক হাতে নিয়ে চলে, তখন তাকে ফ্যাসিবাদের নানান মুখোশ নিয়ে চলতে হবে। তাকে ধর্মের মুখোশ পরতে হবে। জাতির মুখোশ পরতে হবে। উন্নয়নের মুখোশ পরতে হবে। নিরাপত্তার মুখোশ পরতে হবে। কারণ সরাসরি বলা যাবে না যে, রাষ্ট্রটা চালানো হচ্ছে বড় পুঁজির স্বার্থে। তাই মুখোশ দরকার হয়। আর এই মুখোশের আড়ালে সবচেয়ে বড় বাজারটা পড়ে আছে ভারতবর্ষে — মানব সম্পদের বাজার ও স্বাস্থ্যের বাজার।
১৪০ কোটির বেশি মানুষ। এত বড় বাজার পৃথিবীতে আর কোথায় আছে? এই মানুষের শরীর, এই মানুষের রোগ, এই মানুষের ভয়, এই মানুষের মৃত্যু — সবই বাজারে পরিণত করা যায়। মানুষ অসুস্থ হলে টাকা আসবে। মানুষ ভয় পেলে টাকা আসবে। মানুষ মরলে টাকা আসবে। এই বাজারটাকে ছেড়ে দেওয়া যায় না। তাই স্বাস্থ্যকে বাজারে পরিণত করাই এখন সবচেয়ে বড় রাজনীতি।
অথচ এই ভারতই একদিন সই করেছিল একটি ঘোষণায়। ১৯৭৮ সালে, তৎকালীন সোভিয়েত রাশিয়ার আলমা আটায় যে ঘোষণা হয়েছিল, সেখানে বলা হয়েছিল — সবার জন্য স্বাস্থ্য, ২০০০ সালের মধ্যে। হেলথ ফর অল বাই দ্য ইয়ার টু থাউজেন্ড। ভারত সেই ঘোষণায় সই করেছিল। কথা ছিল, ২০০০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য হবে। প্রাথমিক স্বাস্থ্য হবে সবার অধিকার। কিন্তু আজ কী হলো? ২০০০ সাল পেরিয়ে ২৬ বছর হয়ে গেল। আর স্বাস্থ্যের সিংহভাগই আজ বেসরকারি। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা ফুলে ফেঁপে উঠেছে। যে দেশ আলমা আটা ঘোষণায় সই করেছিল, সেই দেশেই আজ স্বাস্থ্য সবচেয়ে বড় বাজার। এই উল্টো যাত্রাটাই এই প্রবন্ধের কেন্দ্র।
এই উল্টো যাত্রাটা বুঝতে হলে দুটি ভাবনার পার্থক্য বুঝতে হবে। সরকারি স্বাস্থ্যব্যবস্থার মূল ঘরাণা হলো — আপনি অসুস্থ হবেন না। এটাই নীল নকশা। উত্তোরোত্তর মানুষের স্বাস্থ্য ও জীবনকে উন্নত করা, এটাই গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের কাজ হলো, আপনি যাতে অসুস্থ না হন, তার ব্যবস্থা করা। পরিষ্কার জল দেওয়া। পুষ্টি দেওয়া। টিকা দেওয়া। শিক্ষা দেওয়া। পরিবেশ ভালো রাখা। রোগ হওয়ার আগেই আটকানো। এটাই জনস্বাস্থ্য।
কিন্তু বেসরকারিদের সরাসরি যদি স্বাস্থ্যব্যবস্থায় উৎসাহ দেওয়া হয়, সেখানে মূল নীল নকশাটা বদলে যায়। ভাবটা বদলে যায়। সেখানে ভাবটা হয়ে যায় — দয়া করে অসুস্থ হোন। আসুন, এক ছাদের তলায় সবকিছু একসাথে পাবেন। এই দুটি বাক্যের মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি। একটায় বলা হচ্ছে, আপনি অসুস্থ হবেন না। আর একটায় বলা হচ্ছে, দয়া করে অসুস্থ হোন। একটায় রাষ্ট্রের লাভ হলো আপনি সুস্থ থাকলে। আর একটায় কোম্পানির লাভ হলো আপনি অসুস্থ হলে। সরকারি ব্যবস্থায় রোগ কমলে সাফল্য। বেসরকারি ব্যবস্থায় রোগ বাড়লে সাফল্য। সরকারি ব্যবস্থায় বেড খালি থাকলে ভালো। বেসরকারি ব্যবস্থায় বেড ভর্তি থাকলে ভালো। এই উল্টো যুক্তিটাই আজ স্বাস্থ্যকে চালাচ্ছে।
এই প্রেক্ষাপটেই রক্তদানের কথা ভাবা দরকার। রক্ত দেওয়া মানে শুধু এক বোতল রক্ত দেওয়া নয়। রক্ত দেওয়া মানে একটি দর্শন, সমাজের প্রতি দায়বদ্ধতা। এই দেশে এখনও রক্তের জন্য মানুষকে ছুটতে হয়। হাসপাতালের সামনে দালাল ঘোরে। রক্তের কার্ড নিয়ে, রক্তের বোতল নিয়ে ব্যবসা হয়। একজন গরিব মা যখন তাঁর সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন, তখন ডাক্তার বলেন, রক্ত লাগবে। তাঁর কাছে টাকা নেই। তাঁর চেনা লোক নেই। তখন তিনি কাঁদেন। আর ঠিক সেই সময়ে একজন স্বেচ্ছাসেবক এসে বলেন, ভয় পাবেন না, আমি রক্ত দিচ্ছি। এই একটি কথাই একটি পরিবারকে বাঁচিয়ে দেয়।
স্বেচ্ছায় রক্তদান মানে এই ব্যবসাটাকে ভেঙে দেওয়া। রক্ত কোনো পণ্য নয়। রক্ত কোনো বাজারের জিনিস নয়। রক্ত মানুষের শরীরের একটি অংশ, যা একজন মানুষ আর একজন মানুষকে বিনা শর্তে দিতে পারে। এই যে স্বেচ্ছা, এই যে বিনা স্বার্থে দেওয়া — এটাই এই আন্দোলনের প্রাণ। আগে স্কুলের ছেলেমেয়েরা রক্ত দিতে ভয় পেত। এখন তারা জিজ্ঞেস করে, কবে রক্ত দিতে পারবো? আগে মানুষ ভাবতো রক্ত দিলে শরীর খারাপ হয়ে যাবে। এখন মানুষ জানে, রক্ত দিলে শরীর খারাপ হয় না, বরং শরীর নতুন করে রক্ত তৈরি করে। রক্ত দিলে কোনো রোগ হয় না। রক্ত দিলে মানুষ বাঁচে। কিন্তু রক্ত দেওয়া তো একটি অংশ। রক্ত দেওয়ার পর সেই রোগীকে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পেতে হবে। তাঁর অধিকার পেতে হবে। তাঁকে যেন ঠকানো না হয়। আর এখানেই আসে রোগীর অধিকারের প্রশ্ন।
রোগীর অধিকার কাকে বলে? খুব সহজ কথা। একজন মানুষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে যান, তখন তিনি একজন ক্রেতা নন। তিনি একজন মানুষ। তাঁর একটি সম্মান আছে। তাঁর একটি মতামত আছে। তাঁর একটি সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তাঁর অধিকার আছে জানার — তাঁর কী রোগ হয়েছে? তাঁকে কী ওষুধ দেওয়া হচ্ছে? কেন এই টেস্টটা করাতে হবে? এই অপারেশনটা না করলে কী হবে? করলে কী ঝুঁকি আছে? কত টাকা খরচ হবে? তাঁর অধিকার আছে না বলার। তাঁর অধিকার আছে দ্বিতীয় মত নেওয়ার। তাঁর অধিকার আছে তাঁর সমস্ত কাগজপত্র, প্রেসক্রিপশন, রিপোর্ট, ডিসচার্জ সামারি হাতে পাওয়ার। তাঁর অধিকার আছে সম্মান নিয়ে চিকিৎসা পাওয়ার। তাঁর অধিকার আছে গোপনীয়তা রক্ষার। কিন্তু এই দেশে বাস্তবটা কী? চিকিৎসা কেনা হয়, টাকা দেওয়া হয়, অথচ রোগীর ইচ্ছার কোনো দাম থাকে না। ডাক্তার যা বলেন, তাই করতে হয়। হাসপাতাল যা বিল দেয়, তাই দিতে হয়। প্রশ্ন করলেই বলা হয়, আপনি ডাক্তারের চেয়ে বেশি জানেন? এই যে ভয়, এই যে চুপ করে থাকা — এটাই সবচেয়ে বড় রোগ। রোগী দুর্বল পক্ষ হতে পারে, কিন্তু রোগী অসহায় নয়। রোগীর অধিকার আছে। আর সেই অধিকার আইন দিয়ে স্বীকৃত।
রোগীর অধিকার হঠাৎ করে আসেনি। এটা এসেছে মানবাধিকারের লড়াই থেকে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধে মানুষকে কীভাবে পশুর মতো মারা হয়েছে, কনসেনট্রেশন ক্যাম্পে মানুষের ওপর কীভাবে পরীক্ষা চালানো হয়েছে — সারা পৃথিবী সেটা দেখেছে। তখন সারা পৃথিবী বুঝলো, মানুষের জীবনের একটি মর্যাদা আছে, সেটাকে আইন দিয়ে রক্ষা করতে হবে। তার তিন বছর পর, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গৃহীত হলো। সেটাই আন্তর্জাতিক মানবাধিকার সনদ। সেখানে ৩০টি ধারা ছিল। সেই সনদের ২৫ নম্বর ধারায় পরিষ্কার করে বলা হলো — প্রত্যেক মানুষের এমন জীবনযাত্রার মান পাওয়ার অধিকার আছে, যা তাঁর আর তাঁর পরিবারের স্বাস্থ্য আর কল্যাণের জন্য যথেষ্ট। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পরিষেবা, প্রয়োজনীয় সামাজিক পরিষেবা — এগুলো তাঁর প্রাপ্য। বেকারত্ব, অসুস্থতা, পঙ্গুত্ব, বৈধব্য, বার্ধক্য — এইসব ক্ষেত্রে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। মা আর শিশুর বিশেষ যত্ন আর সাহায্য পাওয়ার অধিকার আছে। ১৯৪৮ সালেই বলা হয়েছিল, স্বাস্থ্য মানবাধিকার। খাদ্য মানবাধিকার। চিকিৎসা মানবাধিকার। এটা কোনো দয়া নয়। এটা অধিকার।
তারপর ১৯৬৬ সালে এলো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি। তার ১২ নম্বর ধারায় বলা হলো, প্রত্যেকেরই সর্বোচ্চ অর্জনযোগ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য উপভোগ করার অধিকার আছে। রাষ্ট্রকে সেই অধিকার রক্ষা করতে হবে। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বললো, স্বাস্থ্য মানে শুধু রোগ না থাকা নয়। স্বাস্থ্য মানে শারীরিক, মানসিক, সামাজিকভাবে সম্পূর্ণ ভালো থাকা। তারপর বিভিন্ন দেশে রোগীর অধিকারের সনদ তৈরি হলো। আর এই দেশে? সংবিধানে ২১ নম্বর ধারায় বলা আছে, Right to Life — জীবনের অধিকার। জীবনের অধিকার মানে শুধু বেঁচে থাকা নয়। জীবনের অধিকার মানে মর্যাদা নিয়ে বেঁচে থাকা। মর্যাদা নিয়ে বেঁচে থাকতে গেলে স্বাস্থ্য লাগবে। সুপ্রিম কোর্ট বারবার বলেছে, জীবনের অধিকারের মধ্যেই স্বাস্থ্যের অধিকার আছে। কিন্তু তারপরেও, আজ পর্যন্ত এই দেশে স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হলো না। সংবিধানে শিক্ষা মৌলিক অধিকার হলো। কিন্তু স্বাস্থ্য হলো না। কেন হলো না? কারণ স্বাস্থ্যকে মৌলিক অধিকার করলে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয়। রাষ্ট্রকে বলতে হয়, আমি তোমাকে চিকিৎসা দেবো। রাষ্ট্রকে টাকা খরচ করতে হয়। আর রাষ্ট্র সেই দায়িত্ব নিতে চায় না।
এবার এই দেশের কমিটির ইতিহাসটা দেখা যাক। ভারতবর্ষে ভোর কমিটি থেকে শুরু করে আজ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে প্রায় ২৫টিরও বেশি প্রধান কমিটি ও কমিশন হয়েছে। তার মধ্যে ১২টি প্রধান কমিটির কথা জানতেই হবে। এক নম্বর, ভোর কমিটি। নিয়োগ ১৯৪৩, রিপোর্ট ১৯৪৬। বলেছিল, প্রতিরোধমূলক আর নিরাময়মূলক স্বাস্থ্যসেবাকে এক করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বানাতে হবে। সোশ্যাল ফিজিশিয়ান তৈরি করতে হবে। এই কমিটির সুপারিশেই দিল্লিতে AIIMS প্রতিষ্ঠিত হয়েছিল। দুই নম্বর, মুদালিয়ার কমিটি। রিপোর্ট ১৯৬২। বলেছিল, নতুন স্বাস্থ্যকেন্দ্র খোলার আগে পুরনো কেন্দ্রগুলোকে শক্ত করো। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সর্বোচ্চ ৪০ হাজার মানুষের জন্য হবে। জেলা হাসপাতালকে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে উন্নত করো। আর সর্বভারতীয় স্বাস্থ্য পরিষেবা চালু করো, যেমন আইএএস, আইপিএস আছে। তিন নম্বর, চাড্ডা কমিটি, ১৯৬৩। ম্যালেরিয়া নির্মূলের জন্য প্রতি ১০ হাজার মানুষে একজন বেসিক হেলথ ওয়ার্কার নিয়োগের কথা বলেছিল। চার নম্বর, মুখার্জি কমিটি, ১৯৬৫ ও ১৯৬৬। বলেছিল, পরিবার পরিকল্পনার জন্য আলাদা কর্মী লাগবে। পাঁচ নম্বর, জঙ্গলওয়ালা কমিটি, ১৯৬৭। বলেছিল, সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে এক অভিন্ন ক্যাডারের অধীনে আনো। সমান কাজে সমান বেতন দাও। আর সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ করো। ছয় নম্বর, কর্তার সিং কমিটি, ১৯৭৩। বলেছিল, আলাদা আলাদা কর্মসূচির কর্মীদের এক করে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার বানাও। প্রতি ৫০ হাজার মানুষে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আর প্রতি ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার মানুষে একটা সাব-সেন্টার বানাও। সাত নম্বর, শ্রীবাস্তব কমিটি, ১৯৭৫। বলেছিল, গ্রামের মানুষের মধ্য থেকেই কমিউনিটি হেলথ ওয়ার্কার তৈরি করো। গ্রাম স্বাস্থ্য রক্ষক বানাও। মেডিকেল কলেজকে জেলা আর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাথে যুক্ত করো। আট নম্বর, মেহতা কমিটি, ১৯৮৩। চিকিৎসা শিক্ষার মান বাড়াও, দেশের আসল স্বাস্থ্য চাহিদার সাথে মিলিয়ে স্বাস্থ্য জনশক্তি নীতি বানাও। নয় নম্বর, বাজাজ কমিটি, ১৯৮৬। জাতীয় স্বাস্থ্য জনশক্তি নীতি বানাও। গ্রামীণ চিকিৎসকদের জন্য আলাদা কোর্স, আর প্রতিটি রাজ্যে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাও। দশ নম্বর, কৃষ্ণন কমিটি, ১৯৯২। শহরের বস্তি আর গরিব এলাকার মানুষের জন্য আরবান হেলথ পোস্ট চালু করো। এগারো নম্বর, শ্রীনাথ রেড্ডি কমিটি, ২০১১। বলেছিল, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা চাই। জিডিপির অন্তত ২.৫% থেকে ৩% স্বাস্থ্য খাতে খরচ করো। বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দাও। বারো নম্বর, ন্যাশনাল মেডিকেল কমিশন, ২০১৯ থেকে আজ পর্যন্ত। পুরনো মেডিকেল কাউন্সিল বাতিল করে চিকিৎসা শিক্ষায় স্বচ্ছতা আনতে এনএমসি গঠন করা হলো। এছাড়াও শেঠি, উডুপা, জৈন, আইসিএমআর-আইসিএসএসআর কমিটির মতো আরও অনেক বিশেষায়িত কমিটি হয়েছে।
এত কমিটি হলো, এত সুপারিশ হলো, তাহলে কী কী হলো আর কী কী হলো না? কী হয়েছে, আগে সেটা বলা যাক। প্রথমত, ত্রিস্তরীয় স্বাস্থ্য কাঠামো হয়েছে। ভোর আর কর্তার সিং কমিটির সুপারিশে আজ সারা দেশে সাব-সেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টারের বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে। দ্বিতীয়ত, তৃণমূল স্তরের স্বাস্থ্যকর্মী তৈরি হয়েছে। শ্রীবাস্তব আর কর্তার সিং কমিটির ধারণার ওপর ভিত্তি করেই আজকের আশা কর্মী, এএনএম, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কাররা গ্রামে গ্রামে মা ও শিশু স্বাস্থ্যের কাজ করছেন। তৃতীয়ত, চিকিৎসা শিক্ষার প্রসার হয়েছে। ভোর কমিটির সুপারিশে AIIMS হয়েছে। বাজাজ কমিটির সুপারিশ মেনে পশ্চিমবঙ্গসহ প্রায় সব রাজ্যেই আলাদা স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় হয়েছে। চতুর্থত, মহামারি নিয়ন্ত্রণে সাফল্য এসেছে। চাড্ডা আর মুখার্জি কমিটির পরিকল্পনার ফলে ভারত গুটিবসন্ত আর পোলিও নির্মূল করতে পেরেছে। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বড় সাফল্য পেয়েছে।
কিন্তু কী কী হয়নি? এখানেই ব্যথা। প্রথমত, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট হয়নি। ভোর কমিটি থেকে শ্রীনাথ রেড্ডি কমিটি পর্যন্ত সবাই বললেন, জিডিপির অন্তত ২.৫% থেকে ৩% স্বাস্থ্য খাতে খরচ করো। বাস্তবে তা দীর্ঘকাল ১.২% থেকে ১.৮%-এর আশেপাশেই আটকে আছে। দ্বিতীয়ত, সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হয়নি। জঙ্গলওয়ালা কমিটি বলেছিল, পুরোপুরি বন্ধ করো। কিছু রাজ্যে নন-প্র্যাকটিসিং অ্যালাউন্স চালু হলেও, বাস্তবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা যায়নি। তৃতীয়ত, জনসংখ্যা আর স্বাস্থ্যকেন্দ্রের অনুপাত ঠিক হয়নি। মুদালিয়ার আর কর্তার সিং কমিটি প্রতি ৪০ থেকে ৫০ হাজার মানুষে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কথা বললেও, জনসংখ্যা বৃদ্ধির তুলনায় অনেক রাজ্যেই আজও পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্র আর চিকিৎসক নেই। চতুর্থত, সর্বভারতীয় স্বাস্থ্য পরিষেবা চালু হয়নি। মুদালিয়ার কমিটি আইএএস, আইপিএস-এর ধাঁচে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের কথা বলেছিল। আজও সেটা চালু করা যায়নি। কমিটি হয়েছে, রিপোর্ট হয়েছে, ফাইল হয়েছে, কিন্তু রাষ্ট্রের ইচ্ছা হয়নি।
আর তার ফল কী হয়? মানুষকে নিজের পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করাতে হয়। এই দেশে যারা আধুনিক চিকিৎসা নিতে যান, তাদের ৮৩ শতাংশ মানুষকে আউট অফ পকেট খরচ করতে হয়। মানে নিজের জমানো টাকা, গয়না বিক্রি করা টাকা, জমি বন্ধক রাখা টাকা, ধার করা টাকা দিয়ে চিকিৎসা করাতে হয়। একটি পরিবারের কথা ভাবা যাক। বাবা অসুস্থ হলো। হাসপাতালে ভর্তি করতে হলো। ২ লাখ টাকা খরচ হলো। সেই পরিবারের মাসে আয় ১৫ হাজার টাকা। সে কোথা থেকে দেবে? সে ধার করবে। সে সর্বস্বান্ত হবে। রোগী বাঁচলেও পরিবারটা মরে যাবে অর্থনৈতিকভাবে। প্রতিদিন হাজার হাজার পরিবার শুধু চিকিৎসার খরচের জন্য গরিব হয়ে যাচ্ছে। অথচ পৃথিবীর দিকে তাকালে দেখা যায়, ইংল্যান্ডে স্বাস্থ্য ফ্রি। কানাডায় স্বাস্থ্য ফ্রি। জার্মানিতে স্বাস্থ্য প্রায় ফ্রি। সৌদি আরবে স্বাস্থ্য ফ্রি। পাশের ছোট্ট দেশ ভুটানে স্বাস্থ্য ফ্রি। পৃথিবীর প্রায় ৭০টির বেশি দেশে কোনো না কোনোভাবে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা আছে। তারা পারলে এই দেশ পারবে না কেন? পারবে। অবশ্যই পারবে। শুধু ইচ্ছা লাগবে। রাজনৈতিক ইচ্ছা লাগবে। তাই বারবার সেই দাবি ওঠে — স্বাস্থ্যকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করতে হবে। স্বাস্থ্য কোনো দয়া নয়। স্বাস্থ্য কোনো অনুদান নয়। স্বাস্থ্য অধিকার।
এবার একটি খুব কঠিন, কিন্তু খুব জরুরি কথায় আসা যাক। কোভিডের কথা। প্যানডেমিকের কথা। কোভিডের সময়ে সবাই ভয় পেয়েছে। ঘরে বন্দি হয়েছে। প্রিয়জনকে হারিয়েছে। সেই কষ্টকে ছোট করা যায় না। কিন্তু আজ, কয়েক বছর পর, ঠান্ডা মাথায় একটি প্রশ্ন করা যায় — কোভিডের সময়ে আসলে কী হলো? স্বাস্থ্য কি মানুষের জন্য ছিল, নাকি স্বাস্থ্য হয়ে গেল বাজারের জন্য? রাতারাতি সব অনলাইন হয়ে গেল। স্কুল অনলাইন, অফিস অনলাইন, ডাক্তার অনলাইন, ওষুধ অনলাইন, বাজার অনলাইন। যাদের হাতে স্মার্টফোন ছিল না, যাদের হাতে ইন্টারনেট ছিল না, তারা কোথায় গেল? গরিব ছাত্রটা কোথায় গেল? গ্রামের মেয়েটা কোথায় গেল? তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেল। তাদের কাজ বন্ধ হয়ে গেল। আর অন্যদিকে, রাতারাতি কয়েকটি পরিবার মিলিওনিয়র থেকে বিলিওনিয়র হয়ে গেল। ভারতে বিলিওনিয়রের সংখ্যা তখন বেড়ে গেল। কীভাবে বাড়লো? মানুষ যখন মরছে, যখন অক্সিজেন পাচ্ছে না, যখন হাসপাতালে বেড পাচ্ছে না, তখন কারা লাভ করলো?
ভ্যাকসিনের রাজনীতিটাও ভাবার মতো। ভ্যাকসিন দরকার ছিল, এটা ঠিক। কিন্তু ভ্যাকসিন নিয়ে কী হলো? কে ভ্যাকসিন বানাবে, কে দাম ঠিক করবে, কে কত লাভ করবে — এই নিয়ে কী হলো? সরকারি টাকায় গবেষণা, সরকারি টাকায় কেনা, কিন্তু লাভটা গেল কার কাছে? সাধারণ মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পেল, এটা ভালো। কিন্তু তার পেছনে কত বড় বাজার তৈরি হলো, কত বড় চুক্তি হলো — সেটা কি সবাই জানে? আর প্যানডেমিকের চুক্তি — প্যানডেমিক ট্রিটি নিয়ে এখন সারা পৃথিবীতে আলোচনা চলছে। এই চুক্তি কি সত্যিই মানুষকে বাঁচাবে, নাকি ভবিষ্যতে আবার কোনো মহামারি এলে কারা ওষুধ বানাবে, কারা ভ্যাকসিন বেচবে, কারা তথ্য নিয়ন্ত্রণ করবে — সেটাই ঠিক করে দেবে? এই চুক্তিকে বিষাক্ত চুক্তি বলা যায় — কারণ এই চুক্তিতে জনগণের অধিকারের চেয়ে বড় কোম্পানির অধিকার বেশি সুরক্ষিত থাকে। গরিব দেশের তথ্য নিয়ে, গরিব দেশের রোগের নমুনা নিয়ে, ধনী দেশের কোম্পানি ওষুধ বানিয়ে আবার গরিব দেশের কাছেই চড়া দামে বেচবে — এটা কি স্বাস্থ্য, নাকি এটা ব্যবসা?
এখানেই আসে পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কথা। অনেকে জানেন না, পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া আসলে কী? এটা সরকারি সংস্থা নয়। এটা একটি এনজিও। এর যাত্রা শুরু ২০০৬ সাল থেকে। ২০০৬ সাল থেকে এই সংস্থা ভারতের স্বাস্থ্য নীতি তৈরিতে, স্বাস্থ্য শিক্ষায়, স্বাস্থ্য গবেষণায় বড় ভূমিকা নিতে শুরু করলো। প্রশ্ন হলো, একটি এনজিও কীভাবে একটি দেশের স্বাস্থ্য নীতি ঠিক করে দেয়? কার টাকায় চলে এই সংস্থা? এর পেছনে প্রধান ফান্ডিং এজেন্সি হলো বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এটা কারো বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ নয়। এটা একটি কাঠামোর কথা। যখন একটি বিদেশি ফাউন্ডেশনের টাকায় একটি দেশের স্বাস্থ্য নীতি তৈরি হয়, তখন সেই নীতি কার স্বার্থে তৈরি হয়? জনগণের স্বার্থে, নাকি ফান্ডিং এজেন্সির স্বার্থে? গেটস ফাউন্ডেশনের টাকা দিয়ে ভ্যাকসিন, ওষুধ, প্রযুক্তি — এগুলোর ওপর জোর দেওয়া হলো। কিন্তু পরিষ্কার জল, পুষ্টি, মেয়েদের শিক্ষা, গ্রামের স্বাস্থ্যকেন্দ্র — এগুলোর ওপর কি ততটা জোর দেওয়া হলো? না। কারণ ভ্যাকসিনে লাভ আছে। ওষুধে লাভ আছে। প্রযুক্তিতে লাভ আছে। পরিষ্কার জলে লাভ নেই। পুষ্টিতে লাভ নেই। এভাবেই স্বাস্থ্য ধীরে ধীরে শুধু ধনীদের মুনাফার দিকে চলে গেল। স্বাস্থ্য মানে হয়ে গেল হাসপাতাল, ভ্যাকসিন, ওষুধ, বীমা, অ্যাপ। স্বাস্থ্য মানে আর রইলো না — মানুষের ভালো থাকা।
এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা। স্বাস্থ্য কথাটাকে কীভাবে বাণিজ্য বানিয়ে ফেলা হলো। স্বাস্থ্য — এই শব্দটা সম্পূর্ণভাবে বাণিজ্য রহিত কথা। স্বাস্থ্য মানে ভালো থাকা। স্বাস্থ্য মানে সুস্থ থাকা। স্বাস্থ্য মানে মনের শান্তি, শরীরের শক্তি, সমাজের সাথে ভালো সম্পর্ক। এই কথাটার মধ্যে কোনো টাকা নেই। কোনো বিল নেই। কোনো প্যাকেজ নেই। কিন্তু আজ দেখা যায়, কারা স্বাস্থ্য শব্দটা ব্যবহার করছে? কর্পোরেট হাসপাতালগুলো নিজেদের নামের সাথে লিখছে — হেলথ কেয়ার, হেলথ সেন্টার, হেলথ সিটি, সুপার স্পেশালিটি হেলথ। চিকিৎসা কেন্দ্রগুলো আজ নিজেদের স্বাস্থ্যকেন্দ্র বলতে শুরু করলো। কেন বলছে? কারণ স্বাস্থ্য শব্দটার মধ্যে একটি বিশ্বাস আছে। একটি পবিত্রতা আছে। মানুষ স্বাস্থ্য শব্দটা শুনলে বিশ্বাস করে। আর সেই বিশ্বাসটাকেই তারা ব্যবহার করছে ব্যবসার জন্য। আগে হাসপাতাল ছিল হাসপাতাল। নার্সিং হোম ছিল নার্সিং হোম। ক্লিনিক ছিল ক্লিনিক। এখন সবাই হেলথ সেন্টার। সবাই হেলথ কেয়ার। কেন? কারণ হাসপাতাল বললে মানুষ ভাবে, এখানে রোগের চিকিৎসা হয়। আর স্বাস্থ্যকেন্দ্র বললে মানুষ ভাবে, এখানে আমার ভালো থাকার ব্যবস্থা হবে। এই ভাষার বদলটা এমনি এমনি হয়নি। এটা মার্কেটিং। এটা ব্র্যান্ডিং।
আর এইভাবেই জনস্বাস্থ্যকেও এরা বাণিজ্যিক আওতার ভেতরে নিয়ে আসছে। জনস্বাস্থ্য মানে ছিল সবার স্বাস্থ্য। সরকারের দায়িত্ব। বিনামূল্যে, সবার জন্য। এখন জনস্বাস্থ্য মানে হয়ে যাচ্ছে — পাবলিক হেলথ প্রোগ্রাম, পাবলিক হেলথ প্যাকেজ, পাবলিক হেলথ কনসালটেন্সি, পাবলিক হেলথ ইনস্যুরেন্স। জনস্বাস্থ্যের নামে এখন প্রজেক্ট হয়, ফান্ড আসে, কনসালটেন্সি হয়, রিপোর্ট হয়। কিন্তু গ্রামের মানুষের স্বাস্থ্য কি ভালো হয়? আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার — এইভাবেই অপ্রয়োজনীয় ভ্যাকসিনের বাজারও তৈরি করা যায়। অপ্রয়োজনীয় ক্ষেত্রে। ভ্যাকসিনের বিরুদ্ধে বলা হচ্ছে না। প্রয়োজনীয় ভ্যাকসিন জীবন বাঁচায়। পোলিও ভ্যাকসিন জীবন বাঁচিয়েছে। হামের ভ্যাকসিন জীবন বাঁচিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কোন ভ্যাকসিনটা সত্যিই সবার দরকার, আর কোন ভ্যাকসিনটা বাজারের জন্য তৈরি করা হচ্ছে? যখন স্বাস্থ্য বাণিজ্য হয়ে যায়, তখন ভয় বিক্রি করা হয়। ভয় দেখিয়ে ভ্যাকসিন বিক্রি করা হয়। ভয় দেখিয়ে টেস্ট বিক্রি করা হয়। ভয় দেখিয়ে প্যাকেজ বিক্রি করা হয়। শরীরে এই ভিটামিন কম আছে, ওই হরমোন কম আছে, এই রোগ হতে পারে, ওই রোগ হতে পারে — এই ভয় দেখিয়ে মানুষকে সারাজীবন ক্রেতা বানিয়ে রাখা হয়। একজন সুস্থ মানুষকেও অসুস্থ ভাবতে বাধ্য করা হয়।
এটাই হলো চিকিৎসায় বিজ্ঞান বনাম বাণিজ্যের যুদ্ধ। এই যুদ্ধ শুরু হয়ে গেছে। অথচ পুরোপুরি অস্ত্রশস্ত্র সব কর্পোরেটদের হাতেই চলে গেছে। আগে বিজ্ঞান চর্চা, গবেষণা — এটা সরকারের হাতে ছিল। বিশ্ববিদ্যালয়ে হতো। সরকারি ল্যাবে হতো। জনগণের টাকায় হতো। জনগণের জন্য হতো। আজ কী হয়েছে? বিজ্ঞান চর্চার গবেষণার দিকটিও আর সরকারের হাতে নেই। সব চাবিকাঠি এখন কর্পোরেটদের হাতে। কে গবেষণার টাকা দেবে? কর্পোরেট। কে গবেষণার বিষয় ঠিক করবে? কর্পোরেট। কে গবেষণার ফল প্রকাশ করবে? কর্পোরেট। যে ওষুধে লাভ বেশি, সেই ওষুধের গবেষণা হবে। যে রোগে বাজার বড়, সেই রোগের গবেষণা হবে। যে রোগ গরিবের হয়, যে রোগে লাভ নেই, সেই রোগের গবেষণা হবে না। আজকাল ডাক্তাররা গবেষণাপত্র পড়েন। সেই গবেষণাপত্র কে লিখেছে? অনেক সময় ওষুধ কোম্পানির টাকায় লেখা। কোন কনফারেন্সে যান ডাক্তাররা? ওষুধ কোম্পানির টাকায়। তাহলে বিজ্ঞান কোথায় গেল? বিজ্ঞান এখন বাণিজ্যের দাস হয়ে গেছে। বলা হচ্ছে না, সব গবেষণা খারাপ। অনেক ভালো গবেষণা হচ্ছে। অনেক ভালো ডাক্তার, ভালো বিজ্ঞানী আছেন। কিন্তু কাঠামোটা বদলে গেছে। কাঠামোটা এখন এমন, যে বিজ্ঞান যদি বাণিজ্যের কথা না শোনে, তাহলে বিজ্ঞান টাকা পাবে না।
এবার আসা যাক মেডিক্লেইমের চক্করে। মেডিক্লেইম — শুনতে ভালো লাগে। মনে হয়, আমি নিরাপদ। আমার চিকিৎসার টাকা বীমা কোম্পানি দেবে। আমি নিশ্চিন্ত। কিন্তু আসলে মেডিক্লেইমের চক্করটা কী? মেডিক্লেইম থাকলে চিকিৎসায় অতিচিকিৎসার কবলে পড়তে হয়। একজন সংকটাপন্ন রোগীকে নিয়ে কর্পোরেট হাসপাতালে যাওয়ার ছবিটা ভাবা যাক। সরকারি হাসপাতালে বেড পাওয়া প্রায় অসম্ভব। তাই দৌড়ে কর্পোরেট হাসপাতালে যাওয়া হয়। মা অজ্ঞান, বাবার বুকে ব্যথা, সন্তানের জ্বর ১০৪। পরিবারের মানুষ কাঁদছেন। আর সেখানে প্রথমেই কী জিজ্ঞেস করা হয়? জিজ্ঞেস করা হয় না, রোগীর কী হয়েছে? জিজ্ঞেস করা হয় না, কতক্ষণ ধরে কষ্ট হচ্ছে? প্রথমেই জিজ্ঞেস করা হয় — মেডিক্লেইম আছে? এই প্রশ্নটার সাথে চিকিৎসার সম্পর্ক কী? রোগীর প্রাণের সাথে বীমার অঙ্কের সম্পর্ক কী? কিন্তু এটাই বাস্তব। প্রথম প্রশ্ন — মেডিক্লেইম আছে? কত টাকার মেডিক্লেইম? কোন কোম্পানির? ক্যাশলেস হবে তো? আর তারপর শুরু হয় — যত টাকার মেডিক্লেইম, তত টাকার চিকিৎসা।
কারো যদি ২ লাখ টাকার মেডিক্লেইম থাকে, তাহলে তাঁর বিল হয় ১ লাখ ৯০ হাজার টাকা। কারো যদি ৫ লাখ টাকার মেডিক্লেইম থাকে, তাহলে একই রোগে, একই চিকিৎসায় তাঁর বিল হয় ৪ লাখ ৮০ হাজার টাকা। কারো যদি ১০ লাখ টাকার মেডিক্লেইম থাকে, তাহলে তাঁর বিল হয় ৯ লাখ ৫০ হাজার টাকা। অথচ একই চিকিৎসা, ছোট অঙ্কের মেডিক্লেইম থাকলেও হয়ে সুস্থ হওয়া যায়। একই ডাক্তার, একই ওষুধ, একই অপারেশন। তাহলে বিল আলাদা কেন? এই চরম ডিসক্রিমিনেশন কেন? কারণ চিকিৎসা এখন রোগ অনুযায়ী হচ্ছে না। চিকিৎসা হচ্ছে বীমার অঙ্ক অনুযায়ী। বড় অঙ্কের মেডিক্লেইম থাকলে বড় অঙ্কের বিল হবে। মানে বেশি টেস্ট হবে। বেশি স্ক্যান হবে। বেশি দিন আইসিইউতে রাখা হবে। বেশি দামি ওষুধ দেওয়া হবে। বেশি প্রসিডিওর করা হবে। যেগুলো না করলেও রোগী ভালো হতো, সেগুলোও করা হবে। কারণ বীমা কোম্পানি টাকা দেবে।
আর তার মানে কী? তার মানে, বিভিন্ন কোম্পানির কর্পোরেট বা রেফারেল পেশেন্ট এবং বেশি টাকার মেডিক্লেইম পেশেন্টদের অনেক বেশি অতিচিকিৎসার সুযোগ থাকছে। তাদেরকে বেশি কাটাছেঁড়া করা হচ্ছে। বেশি ওষুধ দেওয়া হচ্ছে। তাতে তো মুনাফার জন্য মানুষের প্রাণ সংশয়ও হতে পারে! হ্যাঁ, হতে পারে। অতিচিকিৎসা মানে শুধু টাকার ক্ষতি নয়। অতিচিকিৎসা মানে শরীরের ক্ষতি। অপ্রয়োজনীয় অপারেশন মানে সংক্রমণের ঝুঁকি। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক মানে শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট। অপ্রয়োজনীয় স্ক্যান মানে রেডিয়েশনের ক্ষতি। অপ্রয়োজনীয় আইসিইউ মানে মানসিক ট্রমা। ক্রস ইনফেকশনের সম্ভাবনা বাড়ায়। একজন মানুষ, যিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতেন, তিনি অতিচিকিৎসার জন্য আরও অসুস্থ হয়ে গেলেন। কখনো মারা গেলেন। এটা কি চিকিৎসা? আর গরিব মানুষ? যার মেডিক্লেইম নেই, যার টাকা নেই — তাঁর কী হবে? তাঁকে বলা হবে, টাকা জমা দিন, তবে চিকিৎসা হবে। টাকা না দিলে চিকিৎসা হবে না। তাঁকে ফেলে রাখা হবে। তাঁর চিকিৎসা দেরি হবে। একই হাসপাতাল, একই রোগ, একই ডাক্তার — কিন্তু একজনের জন্য ভিআইপি চিকিৎসা, আর একজনের জন্য অবহেলা। শুধু মেডিক্লেইমের অঙ্কের জন্য। এটা কি ন্যায়? এটা কি মানবতা?
এবার প্রশ্ন, কর্পোরেট চিকিৎসা কেন্দ্রে কেন মার্কেটিং ডিপার্টমেন্ট থাকছে এখন? হাসপাতালে মার্কেটিং ডিপার্টমেন্ট কেন থাকবে? হাসপাতাল কি সাবান বিক্রি করে? হাসপাতাল কি জামা বিক্রি করে? হাসপাতাল তো মানুষকে বাঁচায়। সেখানে মার্কেটিং কীসের? কিন্তু আজ প্রতিটি বড় কর্পোরেট হাসপাতালে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে। তাদের কাজ হলো রোগী আনা। পেশেন্ট আনা। কাস্টমার আনা। তারা ছোট ছোট ক্লিনিকে যান। গ্রামের ডাক্তারের কাছে যান। বলেন, রোগী পাঠান, কমিশন দেবো। তারা কর্পোরেট অফিসে যান। বলেন, আপনাদের কর্মীদের আমাদের হাসপাতালে পাঠান, প্যাকেজ দেবো। তারা হেলথ ক্যাম্প করেন। ফ্রি চেকআপ করেন। বলেন, ফ্রি। কিন্তু ফ্রি চেকআপের পর বলেন, আপনার তো এই রোগ আছে, ওই রোগ আছে, অপারেশন লাগবে। রোগকে কি তৈরি করা হয় বেশি বেশি করে? এই সংশয় থাকছেই। বলা হচ্ছে না, সব হেলথ ক্যাম্প খারাপ। অনেক ভালো ক্যাম্প হয়। কিন্তু যখন হাসপাতালের লক্ষ্য হয়ে যায় রোগী বাড়ানো, বেড ভরানো, টার্গেট পূরণ করা — তখন রোগ তৈরি করা হয়। সুস্থ মানুষকে অসুস্থ বানানো হয়। কারো কোলেস্টেরল একটু বেশি। তিনি সুস্থ আছেন। কিন্তু তাঁকে বলা হবে, তাঁর হার্ট অ্যাটাক হতে পারে, এখনই অ্যাঞ্জিওপ্লাস্টি করান। কারো থাইরয়েড একটু বেশি। তিনি ভালো আছেন। কিন্তু তাঁকে বলা হবে, সারাজীবন ওষুধ খেতে হবে। কারো হাঁটুতে একটু ব্যথা। বয়স হয়েছে। কিন্তু তাঁকে বলা হবে, এখনই হাঁটু বদলাতে হবে, নইলে হাঁটতে পারবেন না। এইভাবে ভয় তৈরি করা হয়। রোগ তৈরি করা হয়। বাজার তৈরি করা হয়। আর মার্কেটিং ডিপার্টমেন্টের কাজই হলো এই ভয়কে ছড়িয়ে দেওয়া। ফেসবুকে বিজ্ঞাপন, টিভিতে বিজ্ঞাপন, পেপারে বিজ্ঞাপন — স্বাস্থ্য পরীক্ষা করান, স্বাস্থ্য পরীক্ষা করান। সুস্থ মানুষকে বারবার কেন বলা হচ্ছে, তুমি অসুস্থ? কেন তাঁকে ভয় দেখানো হচ্ছে? কারণ ভয় বিক্রি হয়। ভয় দিয়ে বিল বাড়ানো যায়।
এবার আসা যাক চিকিৎসায় গাফিলতির কথায়। ডাক্তারদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে না। হাজার হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী দিনরাত পরিশ্রম করে মানুষকে বাঁচান। তাঁদের প্রতি শ্রদ্ধা আছে। কিন্তু তার পাশাপাশি একটি সত্যিও আছে, যেটা বলতে হবে। সব মৃত্যু গাফিলতি নয়। চিকিৎসা বিজ্ঞান কোনো জাদু নয়। সঠিক চিকিৎসার পরেও রোগী মারা যেতে পারেন। সেটা জটিলতা হতে পারে। সেটা গাফিলতি নয়। তাহলে গাফিলতি কাকে বলে? গাফিলতি প্রমাণ করতে তিনটে জিনিস লাগে। এক, দায়িত্বের কর্তব্য। ডাক্তার যখন রোগী দেখলেন, তখনই তাঁর আইনি দায়িত্ব শুরু হলো। দুই, কর্তব্যে ত্রুটি। একজন সাধারণ দক্ষ ডাক্তার যা করতেন, তার চেয়ে অনেক নিচু মানের সেবা দেওয়া হলো। তিন, পরিমাপযোগ্য ক্ষতি। মৃত্যু হলো, পঙ্গুত্ব হলো, আর্থিক ক্ষতি হলো, অপ্রয়োজনীয় যন্ত্রণা হলো। এই তিনটে একসাথে প্রমাণ হলে তবেই সেটা গাফিলতি।
কয়েকটি ঘটনার কথা বলা যাক, যেগুলো সবাইকে নাড়িয়ে দিয়েছে। প্রথম ঘটনা, কলকাতার অনুরাধা সাহা মামলা। ১৯৯৮ সালে একজন তরুণী, সামান্য ত্বকের অ্যালার্জি নিয়ে ভর্তি হলেন। তাঁকে মাত্রাতিরিক্ত স্টেরয়েড দেওয়া হলো। তাঁর শরীরের চামড়া খসে পড়লো। তিনি মারা গেলেন। তাঁর স্বামী ১৫ বছর লড়াই করলেন। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট ৫.৯৬ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিলেন। ভারতে চিকিৎসায় গাফিলতির মামলায় এটাই সর্বোচ্চ ক্ষতিপূরণ। এই মামলাটা শিখিয়েছে, লড়াই করলে বিচার পাওয়া যায়। দ্বিতীয় ঘটনা, দিল্লির আকাঙ্ক্ষা শর্মা মামলা। ১৭ বছরের মেয়ে, মস্তিষ্কের টিউমার অপারেশনের পর মারা গেল। বাবা অভিযোগ করলেন, আইসিইউতে নজরদারি ছিল না। ২০১৬ সালে জাতীয় কনজিউমার কমিশন বললো, গাফিলতি প্রমাণিত হয়নি। অভিযোগ খারিজ হয়ে গেল। এই মামলাটা শিখিয়েছে, সব অভিযোগই গাফিলতি নয়। প্রমাণ লাগে। আইন আবেগ দিয়ে চলে না, প্রমাণ দিয়ে চলে। তৃতীয় ঘটনা, গোরক্ষপুর ২০১৭। বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেনের অভাবে ৬০ জনের বেশি শিশু মারা গেল। হাসপাতাল বিল মেটায়নি বলে সরবরাহকারী অক্সিজেন বন্ধ করে দিল। এটা প্রশাসনিক গাফিলতি। এটা ব্যবস্থার গাফিলতি। এটা ফৌজদারি অপরাধের মতো। আজ পর্যন্ত এই ঘটনার চূড়ান্ত বিচার হয়নি। চতুর্থ ঘটনা, মুম্বাই ২০১৬। ডায়াবেটিক রোগী, ডান পায়ে চোট নিয়ে ভর্তি হলেন। কেটে ফেলা হলো বাম পা। রিপোর্ট না দেখেই অপারেশন। পরে রোগীর মৃত্যু হলো। ২০২৪ সালে জাতীয় কনজিউমার কমিশন ১.১ কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করলো। সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখলো। এটাকে বলা হলো গ্রস মেডিকেল নেগলিজেন্স — চরম গাফিলতি। আর একটি ঘটনার কথা না বলে পারা যায় না। একজন ২৪ বছরের পর্বতারোহী, জ্বর নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে এক মাসের মধ্যে মারা গেলেন। একজন তরতাজা ছেলে, পাহাড়ে চড়ে, সে জ্বরে মারা যাবে কেন? এই একটি ঘটনাই দেখিয়ে দেয়, এই স্বাস্থ্যব্যবস্থায় রোগীরা কতটা অসহায়। এই ঘটনাগুলো থেকে কী শেখা যায়? গাফিলতি হয়। কখনো ভুলে হয়। কখনো অবহেলায় হয়। কখনো ইচ্ছাকৃতভাবে, বেশি লাভের জন্য হয়।
এবার প্রশ্ন, ডাক্তারদের দায়িত্ব কী? আইন কী বলে? আইন পরিষ্কার। ২০২৩ সালে ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন নিয়ম এসেছে। সেখানে বলা আছে — এক, রোগীর সম্মতি নিতে হবে। কোনো পরীক্ষা বা অপারেশনের আগে রোগীকে ঝুঁকি বুঝিয়ে লিখিত সম্মতি নিতে হবে। জোর করা যাবে না। দুই, যুক্তিসঙ্গত যত্ন নিতে হবে। নিজের দক্ষতা অনুযায়ী সর্বোচ্চ যত্ন নিতে হবে। তিন, রেকর্ড রাখতে হবে। সব প্রেসক্রিপশন, কেস হিস্ট্রি, ইনডোর চার্ট ৩ বছর পর্যন্ত রাখতে হবে। রোগী বা তাঁর বাড়ির লোক চাইলে ৭২ ঘণ্টার মধ্যে বেড হেড টিকিট, ট্রিটমেন্ট অর্ডার, নার্সদের ওয়ার্ক শিট দিতে হবে। এটা রোগীর অধিকার। চার, কমিশন নেওয়া নিষিদ্ধ। ওষুধ কোম্পানি বা ল্যাব থেকে কাটমানি, উপহার নেওয়া পেশাগত অসদাচরণ। পাঁচ, সম্ভব হলে জেনেরিক নামে ওষুধ লিখতে হবে। এই নিয়ম ভাঙলেই সেটা পেশাগত অসদাচরণ। আর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯ অনুযায়ী চিকিৎসা একটি পরিষেবা। তাই অপ্রয়োজনীয় টেস্ট করানো, প্যাকেজের বাইরে বিল বাড়ানো, মৃতদেহ আটকে রাখা — এগুলো অন্যায্য বাণিজ্যিক কাজ বলে গণ্য হবে।
কর্পোরেট হাসপাতাল কীভাবে শোষণ করে? সব হাসপাতালের কথা বলা হচ্ছে না। অনেক ভালো হাসপাতাল আছে। কিন্তু একটি বড় অংশের চিত্রটা ভয়ংকর। প্রথম, টার্গেট সিস্টেম। অনেক কর্পোরেট হাসপাতালে ডাক্তারদের মাসে নির্দিষ্ট সংখ্যক সার্জারি বা অ্যাডমিশনের টার্গেট দেওয়া হয়। ফলে অপ্রয়োজনীয় অপারেশন বাড়ে। দ্বিতীয়, প্যাকেজের ফাঁদ। ২ লাখের প্যাকেজে ভর্তি করিয়ে শেষে ৫ লাখ বিল ধরানো হয়। বলা হয়, জটিলতা হয়েছে। টাকা না দিলে ছাড়বে না। তৃতীয়, কমিশন চক্র। নির্দিষ্ট ল্যাব বা ফার্মেসি থেকে টেস্ট করালে ডাক্তার ৩০ থেকে ৪০ শতাংশ কমিশন পান। টেস্টের টাকার প্রায় অর্ধেক চলে যাচ্ছে কমিশনে। চতুর্থ, আইসিইউ ব্যবসা। রোগী মারা গেলেও ভেন্টিলেটরে রেখে বিল বাড়ানো হয়। আত্মীয়দের মিথ্যা আশা দেওয়া হয়। পঞ্চম, ইনস্যুরেন্স হয়রানি। ক্যাশলেস রোগীকে দেরি করে ছাড়া হয়, যাতে বেড চার্জ বাড়ে। ষষ্ঠ, রেফারেল ব্যবসা। ছোট ডাক্তার, ছোট ক্লিনিক থেকে রোগী পাঠালে কমিশন দেওয়া হয়। রোগীকে পণ্য বানিয়ে দেওয়া হয়। ফলে অতিচিকিৎসা হয়। অপচিকিৎসা হয়। যাদের ইনস্যুরেন্স আছে, তারাও রেহাই পান না। বরং তাদের ক্ষেত্রে অতিচিকিৎসা বেশি হয়। আর গরিব মানুষ সবচেয়ে বেশি ভোগে। তাদের হাতে আইনি লড়াইয়ের টাকা নেই, সময় নেই, প্রভাব নেই। ভারতে স্বাস্থ্য আজ ৩০০ বিলিয়ন ডলারের বাজার। ২০৩০ সালে এটা ৭০০ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে বলা হচ্ছে। এই টাকা কোথা থেকে আসে? সাধারণ মানুষের পকেট থেকে আসে। রক্ত, ঘাম, জমানো টাকা থেকে আসে।
তাই যখন বলা হয়, স্বাস্থ্যকে মৌলিক অধিকার করো, তখন অনেকের গায়ে লাগে। কেন লাগে? কারণ এক, টাকার অঙ্ক। ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হলে ব্যবসার লাভ কমে যাবে। কারণ দুই, রাজনৈতিক যোগ। অনেক বড় হাসপাতালের মালিক সরাসরি রাজনৈতিক নেতা বা তাদের ঘনিষ্ঠ। আইন কড়া হলে তাদের স্বার্থে আঘাত লাগে। কারণ তিন, ডাক্তারদের একাংশের লবি। তাদের যুক্তি, মামলার ভয়ে ডাক্তাররা ঝুঁকি নেবেন না। এই যুক্তি মানা যায় না। আসল ভয় হলো জবাবদিহির ভয়। কারণ চার, প্রমাণের জটিলতা। চিকিৎসার ভাষা সাধারণ মানুষ বোঝে না। ডাক্তাররা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান না। এই ভয়কে ভাঙতে হবে। চুপ করে থাকলে চলবে না।
তাহলে গরিব মানুষ গাফিলতির শিকার হলে কী হতে পারে? আইনের ভেতরে চারটি পথের কথা আলোচনায় আসে। প্রথম পথ, সব নথি সংগ্রহ করা। ডিসচার্জ সামারি, প্রেসক্রিপশন, বিল, সিসিটিভি ফুটেজ, হোয়াটসঅ্যাপ চ্যাট — হাসপাতাল এগুলো দিতে বাধ্য। না দিলে লিখিতভাবে চাওয়া যায়। দ্বিতীয় পথ, স্টেট মেডিকেল কাউন্সিলে অভিযোগ করা। এখানে অভিযোগ করলে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। এই রিপোর্ট পরের মামলায় কাজে লাগে। তৃতীয় পথ, কনজিউমার কোর্ট। জেলা, রাজ্য, জাতীয় স্তরে মামলা করা যায়। খরচ কম, তুলনায় দ্রুত। চিকিৎসার খরচ, আয়ের ক্ষতি, মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চাওয়া যায়। চতুর্থ পথ, দেওয়ানি ও ফৌজদারি মামলা। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ ধারা অনুযায়ী গাফিলতিতে মৃত্যু হলে জেল হতে পারে। তবে প্রমাণ কঠিন। আর বিনামূল্যে আইনি সাহায্যের জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিতে যোগাযোগ করা যায়। টাকা নেই বলে বিচার পাওয়া যাবে না, এটা হতে পারে না। এই পথগুলো সহজ নয়। লড়াই কঠিন। সময় লাগে। টাকা লাগে। মানসিক শক্তি লাগে। কিন্তু অনুরাধা সাহা মামলা প্রমাণ করেছে, লড়াই করলে প্রায় ৬ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর এই জরিমানাই কর্পোরেট হাসপাতালকে সবচেয়ে বেশি ভয় পাওয়ায়। তাই রেকর্ড চাওয়া, প্রশ্ন করা, আইনের পথে হাঁটা — এগুলোই গাফিলতি বন্ধ করার উপায় হিসেবে উঠে আসে। কারণ চিকিৎসায় গাফিলতি বন্ধ করার একমাত্র উপায় হলো, তাকে আর্থিক ও সামাজিকভাবে ব্যয়বহুল করে তোলা। রোগীর জীবনের দাম আছে। সেটা হাসপাতালের বিল দিয়ে মাপা যায় না।
এবার একটু সমাজের কথা। স্বাস্থ্য মানে শুধু হাসপাতাল নয়। স্বাস্থ্য মানে শুধু ডাক্তার-ওষুধ নয়। আসল স্বাস্থ্য হাসপাতালের বাইরে। স্বাস্থ্য মানে পরিষ্কার জল। স্বাস্থ্য মানে পুষ্টিকর খাবার। স্বাস্থ্য মানে পরিষ্কার বাতাস। স্বাস্থ্য মানে ভালো বাড়ি। স্বাস্থ্য মানে শিক্ষা। স্বাস্থ্য মানে মেয়েদের নিরাপত্তা। স্বাস্থ্য মানে মানসিক শান্তি। আর সবচেয়ে বড় কথা, স্বাস্থ্য মানে মেয়েদের হাতে অর্থ। হ্যাঁ, মেয়েদের হাতে অর্থ থাকাটাই স্বাস্থ্য। একটি বাড়ির ছবি ভাবা যাক। মেয়ের হাতে টাকা নেই। সে বাজার করতে পারে না। সে ঠিক করতে পারে না, আজ কী রান্না হবে। সে নিজের জন্য একটি ডিম কিনতে পারে না। সে অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারে না, কারণ তাঁর হাতে টাকা নেই, তাঁকে স্বামীর কাছে, শ্বশুরের কাছে হাত পাততে হয়। এই মেয়েটা কি সুস্থ থাকবে? থাকবে না। আর একটি বাড়ির ছবি ভাবা যাক। মেয়ের হাতে কিছু টাকা আছে। সে কাজ করে। সে রোজগার করে। সে ঠিক করতে পারে, আজ ছেলেমেয়েকে ডাল, ভাত, সবজি, ডিম দেবে। সে নিজের জন্য ওষুধ কিনতে পারে। সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এই মেয়েটা সুস্থ থাকবে। তাঁর বাচ্চারা সুস্থ থাকবে। তাই মেয়েদের হাতে অর্থ দেওয়া মানে স্বাস্থ্য দেওয়া। মেয়েদের কাজ পাওয়ার অধিকার দেওয়া মানে স্বাস্থ্য দেওয়া।
আর তিনবেলা সুষম খাদ্য। এটা কি খুব বড় দাবি? তিনবেলা পেট ভরে, সুষম খাবার — ভাত, ডাল, সবজি, একটু প্রোটিন। এটা কি দেওয়া যায় না? একটি দেশ, যে দেশ চাঁদে যান পাঠায়, যে দেশে বিলিওনিয়র বাড়ছে, সেই দেশে একটি শিশু কেন রাতে খালি পেটে ঘুমোবে? একটি মা কেন অপুষ্টিতে ভুগবে? অপুষ্টি মানে শুধু খিদে নয়। অপুষ্টি মানে রক্তাল্পতা। অপুষ্টি মানে বাচ্চার বুদ্ধি কমে যাওয়া। অপুষ্টি মানে মায়ের মৃত্যু। অপুষ্টি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। তাই তিনবেলা সুষম খাদ্য পাওয়ার অধিকার মানেই স্বাস্থ্যের অধিকার। কাজ পাওয়ার অধিকার মানেই স্বাস্থ্যের অধিকার। মেয়েদের হাতে অর্থ থাকা মানেই স্বাস্থ্যের অধিকার। এগুলোকে যদি স্বাস্থ্য থেকে আলাদা করে দেখা হয়, তাহলে ভুল করা হবে।
জনস্বাস্থ্যের মূল নীতি এটাই। জনস্বাস্থ্য মানে সবার স্বাস্থ্য। শুধু বড়লোকের স্বাস্থ্য নয়। শুধু শহরের মানুষের স্বাস্থ্য নয়। গ্রামের মানুষের, বস্তির মানুষের, আদিবাসী মানুষের, শ্রমিকের, কৃষকের — সবার স্বাস্থ্য। যদি শুধু বড় বড় হাসপাতাল বানানো হয়, আর গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার না থাকে, ওষুধ না থাকে, তাহলে কী হবে? যদি শুধু শহরে এমআরআই মেশিন বসানো হয়, আর গ্রামে পরিষ্কার জল না থাকে, তাহলে কী হবে? জনস্বাস্থ্য মানে প্রতিরোধ। রোগ হওয়ার আগেই আটকানো। টিকা দেওয়া। পুষ্টি দেওয়া। মায়েদের যত্ন নেওয়া। শিশুদের যত্ন নেওয়া। থ্যালাসেমিয়া প্রতিরোধ। রক্তদান সম্পর্কে সচেতনতা। এই কাজগুলোই যারা রক্তদান আন্দোলন করেন, তাঁরা করছেন। তাঁরা স্কুলে যান, কলেজে যান, ক্লাবে যান, মানুষকে বোঝান। এটাই জনস্বাস্থ্যের আসল কাজ।
আর একটি জিনিস দরকার — যুক্তি দিয়ে ভাবা। অন্ধ বিশ্বাস দিয়ে স্বাস্থ্য হয় না। তাবিজ-কবচ দিয়ে রক্তের রোগ সারে না। ঝাড়ফুঁক দিয়ে ক্যান্সার সারে না। বিজ্ঞান লাগবে। যুক্তি লাগবে। প্রমাণ লাগবে। যখন বলা হয়, যুক্তি দিয়ে ভাবা, তখন বলা হয়, প্রশ্ন করা। কেন এই ওষুধ? কেন এই টেস্ট? কেন এই অপারেশন? কেন এত টাকা? কেন মেডিক্লেইমের অঙ্ক অনুযায়ী বিল? কেন মার্কেটিং ডিপার্টমেন্ট? প্রশ্ন করাটা অপরাধ নয়। প্রশ্ন করাটাই অধিকার। এই দেশে একটি সমস্যা আছে। ডাক্তারকে ভগবান ভাবা হয়। এটা ভালো, শ্রদ্ধা থাকা ভালো। কিন্তু ভগবান ভাবলে প্রশ্ন করা যায় না। আর প্রশ্ন না করলে ভুল ধরা যায় না। ডাক্তারও মানুষ। তাঁরও ভুল হতে পারে। তাই শ্রদ্ধা থাকবে, কিন্তু প্রশ্নও থাকবে। বিশ্বাস থাকবে, কিন্তু অন্ধ বিশ্বাস থাকবে না।
এই পুরো আলোচনার পর একটি ভাবনার ছবি আঁকা যায়। এমন একটি দেশের কথা ভাবা যায়, যেখানে কোনো মানুষকে রক্তের জন্য দালালের কাছে যেতে হবে না। এমন একটি দেশ, যেখানে কোনো মাকে সন্তানের চিকিৎসার জন্য গয়না বিক্রি করতে হবে না। এমন একটি দেশ, যেখানে কোনো মেয়েকে টাকার জন্য স্বামীর কাছে হাত পাততে হবে না। যেখানে প্রত্যেক মেয়ের হাতে অর্থ থাকবে, কাজ থাকবে, সম্মান থাকবে। এমন একটি দেশ, যেখানে প্রত্যেক শিশু তিনবেলা সুষম খাবার পাবে। এমন একটি দেশ, যেখানে সরকারি হাসপাতালে গেলে মানুষ সম্মান পাবে, পরিষ্কার বিছানা পাবে, ওষুধ পাবে, ডাক্তার পাবে। যেখানে সংকটাপন্ন রোগী এলে প্রথম প্রশ্ন হবে না — মেডিক্লেইম আছে? প্রথম প্রশ্ন হবে — রোগীর কী হয়েছে? কীভাবে বাঁচানো যায়? এমন একটি দেশ, যেখানে স্বাস্থ্য মৌলিক অধিকার হবে। সংবিধানে লেখা থাকবে, প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য পাওয়ার অধিকার আছে। যেখানে কোভিডের মতো মহামারি এলেও, স্বাস্থ্য বাজার হয়ে যাবে না, স্বাস্থ্য মানুষের অধিকার হয়ে থাকবে। যেখানে বিজ্ঞান বাণিজ্যের দাস হবে না, বিজ্ঞান মানুষের সেবা করবে।
এই ভাবনা কি অবাস্তব? মনে হয় না। কারণ যাঁরা রক্ত দেন, তাঁরা প্রমাণ করেছেন, মানুষ মানুষের জন্য দিতে পারে। বিনা স্বার্থে দিতে পারে। এই মানসিকতাই যদি স্বাস্থ্য ব্যবস্থায় আসে, তাহলে সব বদলে যাবে।
স্বাস্থ্য আন্দোলনের ভেতরে রক্তদানের জায়গাটা এখানেই নতুন করে বোঝা যায়। রক্তদান শুধু একটি চিকিৎসা সহায়তা নয়। বর্তমানের রাজনৈতিক অবস্থায়, যেখানে ফ্যাসিবাদ ঘৃণা দিয়ে মানুষকে ভাগ করতে চায়, যেখানে বাজার মানুষকে ক্রেতা বানিয়ে দিতে চায়, যেখানে রাষ্ট্র তার দায়িত্ব থেকে সরে গিয়ে স্বাস্থ্যকে প্যাকেজ বানিয়ে দিতে চায়, সেখানে বিনা শর্তে নিজের শরীরের রক্ত তুলে দেওয়া একটি রাজনৈতিক কাজ হয়ে ওঠে। কারণ এই কাজে কোনো দাম নেই, কোনো বিল নেই, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো প্যাকেজ নেই। যে রক্ত দেওয়া হচ্ছে, সেটা কার শরীরে যাবে, তা জানা থাকে না। হিন্দুর রক্ত মুসলমানের শরীরে যেতে পারে। মুসলমানের রক্ত হিন্দুর শরীরে যেতে পারে। দলিতের রক্ত ব্রাহ্মণের শরীরে যেতে পারে। ধনীর রক্ত গরিবের শরীরে যেতে পারে। এই না-জানা, এই পরিচয়হীন দেওয়াটাই অসাম্প্রদায়িকতা। এই না-জানাটাই গণতন্ত্র। ফ্যাসিবাদ যেখানে বলে, তুমি আলাদা, তুমি অন্য, রক্তদান সেখানে বলে, শরীরের ভেতরে আমরা এক। বাজার যেখানে বলে, সবকিছুর দাম আছে, রক্তদান সেখানে বলে, কিছু জিনিসের দাম হয় না।
আবার স্বাস্থ্য আন্দোলনের ভেতরে রক্তদান আর একটি কথা মনে করিয়ে দেয়। সরকারি স্বাস্থ্যের নীল নকশা ছিল, আপনি অসুস্থ হবেন না। বেসরকারি স্বাস্থ্যের নীল নকশা হয়ে গেছে, দয়া করে অসুস্থ হোন। রক্তদান এই দুই নীল নকশার বাইরে একটি তৃতীয় নীল নকশার কথা বলে — আপনি একা নন। একজন মানুষের বিপদে আর একজন মানুষ পাশে দাঁড়াবে। এই পাশে দাঁড়ানোটা কোনো বীমা কোম্পানি দেবে না। কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট দেবে না। কোনো প্যাকেজ দেবে না। এই পাশে দাঁড়ানোটা আসে মানুষে মানুষে বন্ধন থেকে। আর এই বন্ধনই আজকের প্রতিবাদের মূল শক্তি। মানবতার জন্য, গণতন্ত্রের জন্য, মৌলবাদ বিরোধী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ রাস্তায় নেমে প্রতিবাদ আর রক্তদান শিবিরে লাইনে দাঁড়িয়ে থাকা — এই দুটি কাজ আলাদা নয়। দুটোই একই কথা বলে। মানুষ মানুষের জন্য। শরীরের রক্তের মতোই, গণতন্ত্রও বাঁচে দেওয়ার মধ্য দিয়ে, ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে। বাজার যেখানে রোগীকে ক্রেতা বানায়, রক্তদান সেখানে রোগীকে আবার মানুষ বানায়। ফ্যাসিবাদ যেখানে ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে দেয়, রক্তদান সেখানে ভয়কে ভেঙে মানুষকে সাহস দেয়। তাই এই সময়ে রক্তদান শুধু একটি ভালো কাজ নয়। এটি স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে ফিরিয়ে আনার, স্বাস্থ্যকে বাজার থেকে ফিরিয়ে এনে মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার একটি নীরব, কিন্তু গভীর রাজনৈতিক ঘোষণা। রোগীর জীবনের দাম আছে। মানুষের জীবনের দাম আছে। সেটা কোনো বিল দিয়ে মাপা যায় না। সেটা কোনো মেডিক্লেইমের অঙ্ক দিয়ে মাপা যায় না।